ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জের সহিংসতার কারণে খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল


গোপালগঞ্জের সহিংসতার কারণে খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা বন্ধ রয়েছে।

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া এবং হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার সকালে খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের বড়াইগ্রামে

বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের অনলাইনে লগইন করে এবং অফলাইনে টিকিট কেনা যাত্রীদের কাউন্টারে টিকিট জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে বলা হয়েছে।

এ বিষয়ে রেল কর্তৃপক্ষ যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে বার্তা পাঠিয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে কানাডার গাড়ি কারখানায় সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে কানাডার গাড়ি কারখানায় সংকট

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : কানাডার বাণিজ্যযুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক প্রায় দুই বছর অতিক্রম করেছে। এই সংঘাতের প্রভাব বিভিন্ন শিল্পকারখানায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি উদাহরণ হলো টরন্টোর উত্তর-পশ্চিমে অবস্থিত একটি বন্ধ গাড়ি কারখানা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২৩ সাল পর্যন্ত ব্র্যাম্পটন অ্যাসেম্বলি প্ল্যান্টে ডজ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি উৎপাদিত হতো। ওই বছর স্টেলান্টিস, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, জানায় যে, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য কারখানাটিকে আধুনিকায়ন করা প্রয়োজন।

এই কারণে প্রায় তিন হাজার কর্মীর কাজ বন্ধ হয়ে যায়। তবে ২০২৫ সালে জিপ কম্পাস মডেলের গাড়ি উৎপাদনের মাধ্যমে কারখানাটি পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু পরবর্তীতে ট্রাম্প এমন শুল্ক আরোপ করেন, যার উদ্দেশ্য ছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের ভেতরেই গাড়ি উৎপাদনে বাধ্য করা। এরপর স্টেলান্টিস জানায়, জিপ কম্পাস আর কানাডায় নয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে তৈরি করা হবে।

গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা ব্র্যাম্পটনের কারখানাটি কানাডার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রোশেলের কাছে বিক্রি করছে।

চলতি সপ্তাহে শীতল ও ঝোড়ো বিকেলে প্রায় জনশূন্য কারখানাটির সামনে ক্ষুব্ধ কানাডীয় গাড়িশ্রমিকেরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে এ সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দক্ষ শ্রমিক ও ইউনিয়ন নেতা জেসন ওয়াটসন বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি। এমন কিছু নেই, যা আমরা করিনি।’

তিনি আরও বলেন, ‘এই বিক্রি ঠেকাতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।’

এ সময় তার পাশে কয়েক ডজন শ্রমিক উপস্থিত ছিলেন। ওয়াটসন জানান, কারখানাটি আবার চালু হবে—এই বিশ্বাসে তাঁদের অনেকে অন্য চাকরির সুযোগও ছেড়ে দিয়েছিলেন।

স্টেলান্টিসের কারখানা নিয়ে এই বিরোধ যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যযুদ্ধের জটিল বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

ট্রাম্পের চাপের মুখেও দৃঢ় অবস্থান নেওয়ায় কার্নি প্রশংসা পেয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, কানাডার গাড়িশিল্প রক্ষায় তার হাতে বিকল্প খুব বেশি নেই। কারণ, যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় অন্টারিওর দক্ষিণাঞ্চলে এই শিল্পের বিকাশ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে কানাডার গাড়ি প্রবেশে শুল্কের বাধা অব্যাহত থাকলে দেশটিতে আরও কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

‘তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কানাডা ঝুঁকির মুখে পড়েছে। তাই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে আরও বেশি বৈচিত্র্য আনতে হবে।

অন্টারিওর হ্যামিল্টনে একটি ইস্পাত কারখানা নিয়েও একই ধরনের সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড-ক্লিফস শুল্কের কারণে সেখানে শত শত কর্মীর চাকরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছে। এ ঘটনাও কানাডার অর্থনৈতিক দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার বিষয়টি সামনে এনেছে।

কার্নি বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদনশিল্পকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় আগামী এক দশকে ৫০০ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি (প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ের লক্ষ্য রয়েছে।

রোশেল সাঁজোয়া যান তৈরি করে। সরকারি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি পেলে প্রতিষ্ঠানটি লাভবান হতে পারে।

তবে কারখানাটির শ্রমিক ইউনিয়ন ইউনিফরের সভাপতি আরডিস স্নো বলেন, রোশেল কোনোভাবেই স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া কর্মসংস্থান ও বেতনের বিকল্প হতে পারবে না। তার ধারণা, রোশেলে শ্রমিকদের ঘণ্টাপ্রতি মজুরি স্টেলান্টিসের ৪৫ কানাডীয় ডলারের প্রায় অর্ধেক হতে পারে।

স্নো এএফপিকে বলেন, ‘বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তো আর বলবে না, আপনার বেতন অর্ধেক কমে গেছে, তাই আপনার বাড়ির ঋণের কিস্তিও অর্ধেক কমিয়ে দিচ্ছি।’

প্রায় ৪০ বছর আগে এই কারখানায় কাজ শুরু করেছিলেন স্নো। তিনি জানান, কারখানার আধুনিকায়নের জন্য উৎপাদন বন্ধ থাকাকালে তার অনেক সহকর্মী কানাডার অপেক্ষাকৃত কম ব্যয়বহুল এলাকায় চলে গিয়েছিলেন।

কারখানাটি আবার চালু হলে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই স্টেলান্টিস ঘোষণা দেয়, জিপ কম্পাসের উৎপাদন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সরিয়ে নেওয়া হবে।

স্নো বলেন, ‘খবরটি আমাদের কাছে যেন পেটে ঘুষি মারার মতো ছিল।’

তবে এরপরও স্টেলান্টিস শ্রমিক ইউনিয়নকে আশ্বস্ত করেছিল, ব্র্যাম্পটন কারখানায় নতুন একটি গাড়ির মডেল উৎপাদনের দায়িত্ব দেওয়া হবে।

গত আগস্টে প্রতিষ্ঠানটি রোশেলের সঙ্গে কারখানা বিক্রির আলোচনা চলছে বলে নিশ্চিত করে।

স্নো বলেন, ‘কোনো কোম্পানি যা বলে, তার সবকিছুই যে বিশ্বাস করতে হবে, তা নয়। তবে তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো কারণও আমাদের ছিল না। তারা আমাদের সঙ্গে সততা দেখায়নি।’

এই লড়াইয়ের সম্মুখসারি

স্টেলান্টিসের বিরুদ্ধে কানাডা সরকারের বক্তব্য বেশ কঠোর। প্রধানমন্ত্রী কার্নি কারখানাটি বিক্রির সিদ্ধান্তকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।

স্টেলান্টিসের বৈশ্বিক প্রধান নির্বাহী আন্তোনিও ফিলোসা শুক্রবার কানাডায় এসে সরকার ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তবে কারখানা বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে—এমন কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। বরং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ন্যায্য সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণ প্যাকেজ তৈরির দিকে তারা মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছে। এতে কর্মীদের দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা ও অবদানের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

চলতি সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এক সমাবেশে কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা আভি লুইস বলেন, ব্র্যাম্পটনে গাড়ি উৎপাদন অব্যাহত রাখতে স্টেলান্টিসকে বাধ্য করা উচিত প্রধানমন্ত্রী কার্নির।

তিনি বলেন, ‘একবার আমাদের এই শিল্প উৎপাদন সক্ষমতা হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না।’

লুইস আরও বলেন, ‘ট্রাম্পের শুল্কযুদ্ধ কানাডার ওপর একটি আক্রমণ। এই লড়াইয়ের সম্মুখসারিতে রয়েছে ব্র্যাম্পটনের এই কারখানা।’

তবে টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিল্প ও শ্রমনীতি বিশেষজ্ঞ রাফায়েল গোমেজ মনে করেন, এ ক্ষেত্রে কানাডা সরকারের করণীয় খুবই সীমিত।

তার মতে, বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার কারণে স্টেলান্টিস আগে থেকেই সংকটে ছিল। ব্র্যাম্পটনের কারখানাকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাটিও ছিল ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ট্রাম্পের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার গাড়িশিল্পের উৎপাদন ব্যয়ের পুরো হিসাবই পাল্টে দিয়েছে।

গোমেজ এএফপিকে বলেন, ‘বিভিন্ন দিক থেকেই এই পরিস্থিতি আর টেকসই অবস্থায় নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


মেক্সিকোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : মেক্সিকোর ৬৫ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকের জন্য চালু করা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় লেটিসিয়া জুয়ারেজের মা-বাবা প্রতি দুই মাসে প্রায় ৩৫০ ডলার করে পেয়ে থাকেন।

বয়স্ক মানুষ, শিক্ষার্থী, নারী, গ্রামীণ শ্রমিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এই কর্মসূচির সুবিধা গ্রহণ করছেন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের জনপ্রিয়তা বজায় রাখার জন্য এই সামাজিক সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৪৭ বছর বয়সী দোকানমালিক জুয়ারেজ মন্তব্য করেন, ‘এই টাকা দিয়ে আমার মা দাঁতের চিকিৎসা করাচ্ছেন।’

তবে কিছু বিশেষজ্ঞের উদ্বেগ, আয় বা সম্পদের পরিমাণ বিবেচনা না করেই এই কর্মসূচির সুবিধা প্রদান করা হচ্ছে, যা লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ২০২৭ সালে প্রায় ৪ কোটি ৩০ লাখ উপকারভোগীর জন্য ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে। দেশের জাতীয় বাজেটের প্রায় ৬ শতাংশই এই খাতে ব্যয় হবে।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম তার পূর্বসূরি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছ থেকে এই কর্মসূচি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের স্থায়ী দায়িত্বে পরিণত করেছেন।

আইনসভা নির্বাচনের জন্য সাত মাস বাকি রয়েছে। বাজেট পাস হয়েছে এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তার হার ৭০ শতাংশ। এই পরিস্থিতিতে শেইনবাউমের সামাজিক কর্মসূচির ব্যয় কমানোর জন্য রাজনৈতিক প্রণোদনা নেই।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এসব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারের আয় বাড়াতে নতুন কোনো কর সংস্কারের পরিকল্পনা নেই।

২০২৪ সালে মেক্সিকোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশের সমান বাজেট ঘাটতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেন শেইনবাউম। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল দেশটির সর্বোচ্চ বাজেট ঘাটতি।

প্রেসিডেন্ট ২০২৭ সালের মধ্যে বাজেট ঘাটতি কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনার আশা করছেন। তবে চলতি শতাব্দীতে তার প্রশাসনের আমলেই দেশটির ঋণের বোঝা সবচেয়ে বেশি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে মেক্সিকোর মোট ঋণের পরিমাণ জিডিপির ৫৪ শতাংশ। ২০৩০ সালে শেইনবাউমের মেয়াদ শেষ হওয়ার সময় তা বেড়ে ৫৬ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এই ঋণের পরিমাণ ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে

আলিসিয়া ওসোরিও তার মেয়ের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পান। পাশাপাশি খাদ্য কেনার ভাউচারও পান, যা তার আর্থিক সংকটের সময় কাজে আসে।

তিনি বলেন, ‘আমাদের যদি একটু পোজোলে (মেক্সিকান মাংসের এক ধরনের ঝোল) খেতে ইচ্ছা করে, এখন অন্তত মাংস কেনার মতো টাকা হাতে থাকে।’

এএফপির হিসাব অনুযায়ী, ২০২০ সালের পর থেকে এই সামাজিক কর্মসূচির বাজেট ২৩০ শতাংশ বেড়েছে। বর্তমানে মেক্সিকোর প্রতি তিনজন মানুষের একজন কোনো না কোনো ধরনের সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন।

এসব সহায়তা মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করছে। তবে এর বিপরীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যাপ্ত বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে।

২০২৭ সালে শিক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ২ দশমিক ৯ শতাংশ অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, এই দুই খাতে যথাক্রমে জিডিপির অন্তত ৫ শতাংশ ও ৬ শতাংশ ব্যয় করা উচিত।

সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বাজেটারি ইনভেস্টিগেশনের (সিআইইপি) পরিচালক জুডিথ মেন্দেজ বলেন, ‘সরকারের আয় একই জায়গায় রেখে এসব কর্মসূচির পরিধি বাড়াতে চাইলে অন্যান্য খাতের ব্যয় কমাতে হবে।’

তার মতে, এসব আর্থিক সহায়তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৮ সালের পর থেকে মেক্সিকোর গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১ শতাংশেরও নিচে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি আর্থিক সহায়তা কর্মসূচি জনপ্রিয় হলেও শুধুমাত্র এসব সুবিধা দিয়ে মানুষের সার্বিক জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়।

অর্থনীতিবিদ ও গবেষক হুয়ান কার্লোস মোরেনো-ব্রিড বলেন, ‘বর্তমান পরিস্থিতি আপনারা কোনো রকমে সামাল দিচ্ছেন, তাও অপর্যাপ্ত ও দায়সারা উপায়ে। এর ফলে ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’

সিআইইপির এক গবেষণায় দেখা গেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাজেটের ৯৫ শতাংশই আর্থিক সহায়তা কর্মসূচিতে ব্যয় হয়। অথচ মেক্সিকোর প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ এই সুবিধা পান।

ঋণমান নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা মুডিস ও ফিচ মেক্সিকোকে সর্বনিম্ন বিনিয়োগযোগ্য ঋণমানের পর্যায়ে রেখেছে। অন্যদিকে, এসঅ্যান্ডপি দেশটিকে এর চেয়ে দুই ধাপ ওপরে মূল্যায়ন করলেও ঋণমান কমিয়ে দেওয়ার ঝুঁকির কথা জানিয়েছে।

দারিদ্র্য কমাতে কতটা কার্যকর এ কর্মসূচি?

সরকারি তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের শাসনামলে ১ কোটি ৩৪ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালের পর থেকে দেশটির ন্যূনতম মজুরি ১৫৪ শতাংশ বেড়ে যাওয়া এই অর্জনের অন্যতম প্রধান কারণ। এর ফলে অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের আয়ও বেড়েছে।

সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষের হাতে অর্থ পৌঁছালেও অর্থনীতিবিদ মোরেনো-ব্রিড মনে করেন, এই কর্মসূচি আয় পুনর্বণ্টন কিংবা দারিদ্র্য কমানোর প্রধান ভিত্তি নয়।

সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ রাখার নীতিও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। তার মতে, আগের সরকারগুলো মূলত সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দিত। কিন্তু শেইনবাউমের সরকার সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে প্রায় সমানভাবে অর্থ বিতরণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়েমুচড়ে গেছে, কনস্টেবল আহত

আন্তর্জাতিক ডেস্ক

​প্রতিবেদক সাকিব চৌধুরী

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়েমুচড়ে গেছে, কনস্টেবল আহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিনকীআস্তানা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পুলিশ কনস্টেবল রানা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিল জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল। এ সময় মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পুলিশের টহল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা কনস্টেবল রানা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা আহত কনস্টেবল রানাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত টহল গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদে চার সমর্থককে নিষিদ্ধ করল ম্যানচেস্টার ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদে চার সমর্থককে নিষিদ্ধ করল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের চার সমর্থক গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শাস্তির সম্মুখীন হয়েছেন। এএস রোমার বিপক্ষে ম্যাচে মাঠে একাধিক টেনিস বল ছুড়ে খেলা বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ তাঁদের ওল্ড ট্রাফোর্ডে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাঁদের মধ্যে অন্তত একজনকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের তথ্য অনুযায়ী, ইউরোপীয় প্রতিযোগিতার ওই ম্যাচের ২০তম মিনিটে ঘটনাটি ঘটে। তখন রোমা ২-০ গোলে এগিয়ে ছিল। গ্যালারি থেকে গ্লেজার পরিবারের মালিকানার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল সমর্থক মাঠে একের পর এক টেনিস বল ছুড়ে মারেন।

এই ঘটনার ফলে রেফারি ম্যাচ পরিচালনা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন। পরে দুই দলের খেলোয়াড়রা মাঠ থেকে টেনিস বলগুলো সরিয়ে নেন। ঘটনার পরপরই ক্লাবের নিরাপত্তাকর্মীরা নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করেন।

ইউনাইটেড অভিযুক্ত চার সমর্থকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। অন্তত একজনকে তিন বছরের জন্য ওল্ড ট্রাফোর্ডে নিষিদ্ধ করা হয়েছে। ম্যাচের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর বিষয়ে ক্লাবের অবস্থান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোনো ছাড় দেওয়া হবে না।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিয়ে গ্লেজার পরিবারের বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভ নতুন নয়। বহু বছর ধরে ক্লাবটির মালিকানার প্রতিবাদে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দলের অনিয়মিত পারফরম্যান্স ও দীর্ঘদিনের মাঠের সংকটের সময় এসব প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে।

তবে ক্লাব কর্তৃপক্ষ মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার এবং ম্যাচ চলাকালে মাঠে বস্তু ছুড়ে খেলা বন্ধ করে দেওয়ার ঘটনাকে আলাদাভাবে দেখছে। এবারের ঘটনায় চার সমর্থকের নিষেধাজ্ঞা সেই অবস্থানেরই প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%