ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিলিস্তিন ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতের


ফিলিস্তিন ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতের

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ফিলিস্তিনের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।

ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ২০২৭ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে ভারত ৪-১ গোলে ফিলিস্তিনকে পরাজিত করে। ম্যাচ চলাকালে ফিলিস্তিনের এক খেলোয়াড় ভারত অধিনায়ক দাল্লামলাউন গ্যাংতের দিকে একটি অঙ্গভঙ্গি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী অনেকেই অপমানজনক ও বর্ণবাদী হিসেবে ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে ক্যারিংটনে পৌঁছেছেন পোচেত্তিনো

এআইএফএফ এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের অভিযোগে এএফসিকে ঘটনাটি পর্যালোচনা, ম্যাচের ভিডিও ফুটেজ পরীক্ষা এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

সংস্থাটি আরও উল্লেখ করেছে, “এআইএফএফ যেকোনো ধরনের বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণকে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখে। এ ধরনের আচরণ ফুটবলের মৌলিক মূল্যবোধ, যেমন সম্মান, সমতা, ফেয়ার প্লে ও ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী।”

অন্যদিকে, ফিলিস্তিন অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার তাহা সুইদান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার অঙ্গভঙ্গির পেছনে কোনো বর্ণবাদী উদ্দেশ্য ছিল না এবং ম্যাচ শেষে তিনি গ্যাংতের কাছে বিষয়টি ব্যাখ্যা করেছেন।

ইনস্টাগ্রামে সুইদান একটি পোস্টে উল্লেখ করেন, “মালয়েশিয়ার উচ্চ আর্দ্রতার কারণে আমি অস্বস্তি অনুভব করছিলাম। যে আবহাওয়ার সঙ্গে আমি অভ্যস্ত নই, সেটির প্রতিক্রিয়াতেই ওই অঙ্গভঙ্গি করেছিলাম।”

আরও পড়ুন: আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

তিনি আরও বলেন, “আমি সব ধরনের বর্ণবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। একটি স্বতঃস্ফূর্ত ও নির্দোষ অঙ্গভঙ্গিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে দেখে আমি দুঃখিত।”

ভারত টানা তৃতীয় জয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। ফলে ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা তাদের জন্য আরও উজ্জ্বল হয়েছে।

আগামী শুক্রবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করবে ভারত।

আরও পড়ুন: বাংলাদেশ সফররত দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের সংবর্ধনা দিল পাকিস্তান হাইকমিশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ফরিদপুর, ১৮ নভেম্বর, ২০২৫ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, যারা রাতের অন্ধকারে হামলা চালাতে আসবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সন্ত্রাসীদের হাত গুঁড়িয়ে দিতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা থাকবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।

আজ বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘রাজুর কী অপরাধ ছিল, যে তাকে আজ দুনিয়া থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না। এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো এ দেশের জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষ নয়, তারা শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ওপর হামলা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বাসস্থান নির্মাণের পাশাপাশি আর্থিক সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সাততলা বস্তির একটি অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনসিসি প্রশাসক জানান, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনার পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানিও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়।

ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা সম্পর্কে প্রশাসক জানান, আজ দুপুর ও রাত এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হচ্ছে। ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

এ সময় ভূমির মালিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে। তাই আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশ দেওয়া যাবে না।

পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে অনিয়ম ঠেকাতে বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও তিনি জানান। শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজের নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন। সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে গান পাউডারসহ আওয়ামী লীগের ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


রাজধানীতে গান পাউডারসহ আওয়ামী লীগের ৩ জন গ্রেফতার

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং মেঘলা মিলি (৪১)।

আজ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এই তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়।

গতকাল রাতে, গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন। পরবর্তীতে, মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে গান পাউডার হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে শতাধিক দখলদারের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে শতাধিক দখলদারের হামলা

পূর্ব জেরুজালেমের অধিকারিত অঞ্চলে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। বুধবার (১৮ নভেম্বর) ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শতাধিক বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে প্রবেশ করে এবং সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওইদিন ১১৫ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। তারা চত্বরটি পরিদর্শন করার পাশাপাশি সেখানে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী ‘তালমুদিক’ প্রার্থনা ও আচার পালন করে।

এটি উল্লেখযোগ্য যে, ১৯৬৭ সালের ঐতিহাসিক স্থিতাবস্থা বা ‘স্ট্যাটাস কো’ চুক্তি অনুসারে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের পরিদর্শনের অনুমতি থাকলেও সেখানে ধর্মীয় প্রার্থনা বা আচার পালন সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা সুরক্ষায় বসতি স্থাপনকারীরা এই চুক্তির লঙ্ঘন করে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ ও প্রার্থনা চালিয়ে যাচ্ছে, যা অঞ্চলটিতে প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে। সূত্র: ওয়াফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%