০৮:১৪ পি.এম
আইপিএলের নতুন আসরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন জয় মেহতা, যিনি অন্যতম মালিক। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে এই শেয়ার বিক্রি হচ্ছে, এবং এ জন্য ৪০ কোটি ডলারের চুক্তি হবে বলে জানাচ্ছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদন অনুযায়ী, এই লেনদেনটি সম্পূর্ণ নগদ অর্থে হবে এবং এটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। চুক্তি সম্পন্ন হলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
বর্তমানে জয় মেহতার হাতে কলকাতা নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে। তিনি অ্যারেস ম্যানেজমেন্টের কাছে নিজের মালিকানার অর্ধেক, অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছেন। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার থাকবে বলিউড তারকা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকবেন জুহি চাওলাও।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে ক্যারিংটনে পৌঁছেছেন পোচেত্তিনো
চুক্তির নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাবে। সে হিসাবে বোর্ডের প্রাপ্তির পরিমাণ প্রায় ২ কোটি ডলার হতে পারে।
২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের আগে আটটি ফ্র্যাঞ্চাইজির নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা একত্র হয়ে গঠন করেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’। এরপর থেকেই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
অ্যারেস ম্যানেজমেন্ট একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং এনএফএলের দল মায়ামি ডলফিনসের সঙ্গেও তাদের অংশীদারত্ব রয়েছে। এছাড়া, কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকানায় তারা রয়েছে। কেকেআরে বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে, সাম্প্রতিক সময়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের মূল্য নির্ধারিত হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটিতে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারসের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।
আরও পড়ুন: আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ
এছাড়া, ২০২২ সালে গুজরাট টাইটান্স অধিগ্রহণ করেছিল সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে হস্তান্তর করে তারা।
জয় মেহতার শেয়ার বিক্রির এই চুক্তি সম্পন্ন হলে আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হবে নতুন আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন