০৯:৫৯ পি.এম
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে বিনা ট্রান্সফার ফিতে কাতারের ক্লাব শামালে যোগ দিয়েছেন। বুধবার কাতার স্টার্স লিগের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
৩৫ বছর বয়সী মাহরেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এ বছরের বিশ্বকাপের পর। জেদ্দাভিত্তিক ক্লাব আল আহলিতে তিন বছরের একটি বর্ণাঢ্য অধ্যায় শেষ করে তিনি এখন নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন।
কাতারের ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, “তার বাম পা ইতিহাস গড়েছে, আর আমাদের উচ্চাকাঙ্খা লিখছে পরবর্তী অধ্যায়। শামালের জার্সিতে রিয়াদ মাহরেজ।”
আরও পড়ুন: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল
ফরাসি পেশাদার ক্লাব লে আভ্রেতে মাহরেজ তার প্রতিভার পরিচয় দেন। এরপর ২০১৪ সালে তিনি লেস্টার সিটিতে যোগ দেন। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ইংলিশ ক্লাবটির রূপকথার গল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০১৬ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার মাহরেজ পরবর্তীতে ম্যানচেস্টার সিটিতে খেলেন। সেখানে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর তিনি আল আহলিতে যোগদান করেন।
আল আহলির হয়ে ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা জয়ে মাহরেজের অবদান ছিল উল্লেখযোগ্য।
ফ্রান্সে জন্ম নেওয়া মাহরেজ আলজেরিয়ার ২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ বছরের বিশ্বকাপেও তিনি দলের জন্য সহায়তা করেন, যা তাদের শেষ ৩২-এ পৌঁছাতে সাহায্য করে।
আরও পড়ুন: বাংলাদেশের সামনে জটিল সমীকরণ, আমিরাতের বিপক্ষে জয় জরুরি
মাহরেজ আলজেরিয়ার হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচে ৪০ গোল করেছেন।
বর্তমানে কাতার স্টার্স লিগে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে শামাল পঞ্চম স্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন