০৪:৩২ পি.এম
যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল মন্তব্য করেছেন যে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, "কোনোভাবেই যেন দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে যুব জমিয়তের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।"
শনিবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মসূচি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ
মাওলানা ইসহাক কামাল বৈঠকে বলেন, "পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশের মাটিতে ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, দেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুব জমিয়তের প্রতিটি কর্মীকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।
দেশব্যাপী নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, "আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনের কোনো বিকল্প নেই।" এজন্য তৃণমূলের প্রতিটি স্তরে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে হবে। আদর্শিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ করতে হবে।
বৈঠকে যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলাইমান মাদানী, মাওলানা সালমান জামী ও মাওলানা মুহাম্মদ আলী; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা আব্দুল মুকতাদির, মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা হাবিবুল্লাহ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ; সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এনামুল হক উসমানী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মতিউর রহমান ও জুবায়ের মাহমুদ এবং অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১৬৭৪
এ ছাড়া সহ-অর্থ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী, পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ ও মাওলানা সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন