০৪:৩৯ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলী নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে হৃদয়কে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হৃদয় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে অবস্থিত। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হৃদয় একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ হৃদয়ের মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় তার সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে হৃদয়ের মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ইবনে সিনায় গাজীপুরে এক্সিকিউটিভ পদের চাকরির সুযোগ
শনিবার সকাল পৌনে ১২টার দিকে বড়াইগ্রামের ময়না গ্রামের ধানক্ষেতে স্থানীয় বাসিন্দারা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিং পাওয়া যায়। পরে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জানান। সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতে পরিচয়পত্রসহ তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, ‘হৃদয় বর্তমানে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। তাকে ফিরিয়ে আনতে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি কিভাবে ঘটল, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন: ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন