ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই: স্বরাষ্ট্রমন্ত্রী


আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় তথাকথিত কোনো কর্মকাণ্ড যদি থাকে।’

আরও পড়ুন: তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ

তিনি আরও বলেন, ‘সরকার সবসময় সতর্ক আছে। আসিব আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।’

এছাড়া, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আইনানুগ বিষয়।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারায় সংশোধনের মাধ্যমে ইন্টেরিম গভর্নমেন্টের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম হাতে নেওয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, তদন্ত সম্ভবত শেষ পর্যায়ে।’

বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিষয়টি নির্ধারিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: আখতার হোসেনের দাবি, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হোক

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু, সংবিধানের আর্টিকেল ৪৭ অনুসারে বিধান আছে যে, ব্যক্তি, গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটি অপরাধ তিনটা অপরাধের বিষয়ে যদি জড়িত থাকে তাহলে ব্যক্তির সাথে দলকে সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে। সেটা বিচারিক কার্যক্রম শেষ হলে শাস্তির বিষয়টা উল্লেখ আছে, দল নিষিদ্ধ করা পারমানেন্টলি অথবা কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা অথবা সংগঠনের সম্পত্তি জব্দ করা এ সমস্ত বিধান ওখানে আছে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল হলে সেই ট্রায়ালের পরে আদালত যেটা বিবেচনা করবেন সেই হিসেবে সেটা হবে।’

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘এখন বাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড করেছে সেটা এখনো বহাল আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: প্রকৃত কারণ অজ্ঞাত, তদন্তের সুপারিশ কমিটির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: প্রকৃত কারণ অজ্ঞাত, তদন্তের সুপারিশ কমিটির

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি অধিকতর তদন্তের সুপারিশ করেছে। আগুনের সঠিক উৎস বা সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হওয়ায়, কমিটি সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ পর্যালোচনা করে এবং সেগুলোর বিষয়ে আরও গভীর তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

আজ বুধবার ভোরের দিকে, নির্ধারিত সময়ের পর এক দফা মেয়াদ বৃদ্ধি শেষে, তদন্ত প্রতিবেদনটি সিলগালা অবস্থায় একজন প্রতিনিধির মাধ্যমে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। আজ দুপুরের মধ্যে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক এবং কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকল অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করার পর কমিটির সদস্যরা নিজেদের মধ্যে সভা করে প্রতিবেদনটি প্রস্তুত করেছেন। প্রতিবেদনটি সিলগালা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এর অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানাতে পারেননি।

তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক সদস্যের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সম্ভাব্য উৎস হিসেবে ঘরের ভেতরে ব্যবহৃত সিগারেটের আগুন অথবা মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া, বাসার পুরোনো ও জরাজীর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকেও আগুন লাগার ঝুঁকি ছিল বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, পেট্রলবোমা নিক্ষেপের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য জানিয়েছেন এবং বিষয়টি প্রতিবেদনেও লিপিবদ্ধ করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই বাড়ির সদস্য ও প্রতিবেশীসহ স্থানীয় বেশ কয়েকজন মানুষের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তাঁদের দেওয়া তথ্য বিশ্লেষণ করেই এই সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পূর্ববর্তী কয়েক দিন ধরেই তিনি বিভিন্নভাবে হুমকি পাচ্ছিলেন এবং ঘটনার দিন মঙ্গলবারই নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছিলেন। বাড়িতে আগুন লাগার পর তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের অভিযুক্ত করে দৌলতপুর থানায় একটি মামলা করেন, যেখানে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

অগ্নিকাণ্ডের পরদিন অর্থাৎ ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে ১৬ নভেম্বর থেকে তাদের জন্য আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়, যা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ ডিসেম্বর দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


১৩ ডিসেম্বর দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মন্তব্য করেছেন যে, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দৈনিক সমকাল সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেরী স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। আমরা দায়িত্ব নেয়ার পরই জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছি এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।”

স্বাস্থ্যখাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে ড. এম এ মুহিত বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করতে তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেয়া হবে, যাতে তারা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারেন।”

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, “হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।”

আধুনিক যুগে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগ ইনস্টিটিউট থাকলেও ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি একটি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচক হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাস-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, ইউএনএফপিএ-এর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে বর্তমানে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তাণ্ডবের কারণে ওই এলাকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

রাশেদ খান বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের কারণে এক ভয়াবহ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও জানান, গোপালগঞ্জে পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

পোস্টে রাশেদ খান উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদেরকে গোপালগঞ্জে নিরাপদ মনে করছেন না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করতে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে।

সবশেষে তিনি বলেন, এই অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে শফিকুল আলমের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে শফিকুল আলমের মন্তব্য

নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তটি শ্রমিক ও ট্রেড ইউনিয়নের একটি বিজয় হিসেবেই দেখা উচিত, কিন্তু এটি পুরো শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং নতুন আশার যুগের সূচনা করবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন মজুরিকাঠামোর বহুমুখী প্রভাব তুলে ধরেন তিনি। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, নতুন ন্যূনতম মজুরি পোশাকশিল্পের মালিকদের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। যদি সব কারখানায় এই মজুরি সমানভাবে কার্যকর হয়, তবে পুরো শিল্প খাতে বড় পরিবর্তন আসবে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদনশীলতা বাড়ানো। যেসব কারখানা ব্যাপকভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি চালু করেছে, তারা টিকে থাকবে এবং এগিয়ে যাবে; এমনকি কিছু কারখানায় এক লাখেরও বেশি শ্রমিক কাজ করতে পারেন। অন্যদিকে, কম উৎপাদনশীল কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে অথবা বড় শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যাবে।

মজুরি বৃদ্ধির অর্থনৈতিক ও আন্তর্জাতিক দিক তুলে ধরে তিনি লেখেন, ১৭ হাজার টাকা প্রায় ১৪০ মার্কিন ডলারের সমান। অভিজ্ঞ শ্রমিকদের বেতন ১৭০ ডলারের কাছাকাছি হবে এবং ওভারটাইমসহ অনেকের মাসিক আয় দাঁড়াবে ২০০ থেকে ২৫০ ডলারে। এই মজুরি বৃদ্ধির ফলে বাংলাদেশ পোশাকশিল্পের প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিসরের তুলনায় এগিয়ে যাবে। এর ফলে প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান বদলাবে এবং স্বামী-স্ত্রী উভয়ের আয় থাকলে তাঁদের পক্ষে দুই কক্ষের বাসা ভাড়া নেওয়া সহজ হবে।

দেশের ভাবমূর্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি কাটতে শুরু করবে। পশ্চিমা ভোক্তা অধিকার সংগঠনগুলোর জন্য বাংলাদেশে ‘সোয়েটশপ’ বা শ্রমিক শোষণের কারখানা রয়েছে—এমন প্রচার চালানো কঠিন হয়ে পড়বে। যেসব শ্রম অধিকার সংগঠন বছরের পর বছর মালিকদের ওপর চাপ সৃষ্টি করেছে, তারাও ঢাকায় এসে এই অর্জন উদ্‌যাপন করবে।

পশ্চিমা ক্রেতাদের ভূমিকা ও রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা পোশাকের ক্রয়মূল্য কিছুটা বাড়ালেও তা মালিকদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। বরং ক্রেতারা উৎপাদনশীলতা বাড়াতে সরবরাহকারীদের আরও বেশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে ঠেলে দেবে। রপ্তানির ক্ষেত্রে শুরুতে কিছুটা ধাক্কা এলেও আগামী বছর থেকে তা ঘুরে দাঁড়াবে এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে। পাশাপাশি কারখানায় স্থিতিশীলতা ফেরায় আরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে আকৃষ্ট হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে শফিকুল আলম লেখেন, শ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে। প্রয়োজনে সরকার সংকটে থাকা কারখানাগুলোকে এক-দুই বছর ভর্তুকি দিতে পারে। এতে কারখানা টিকে থাকবে, স্থিতিশীলতা ফিরবে এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য শ্রমিক অসন্তোষকে কাজে লাগানো কঠিন হবে। এর মাধ্যমে তারেক রহমান ও তার সরকার নিজেদের শ্রমিকবান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।

তবে বেশি মজুরির একটি সম্ভাব্য নেতিবাচক দিকের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। তার মতে, বেতন বাড়লে পোশাকশিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ আরও বেশি পুরুষ কাজ করতে আগ্রহী হবেন। এতে উৎপাদনশীলতা বাড়লেও নারী শ্রমিকদের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে (যা নব্বইয়ের দশকে ৮০ শতাংশ এবং বর্তমানে প্রায় ৫৩ শতাংশ)। সে ক্ষেত্রে নারীরা জুতা ও ওষুধশিল্পের মতো নতুন খাতে কাজের সুযোগ খুঁজবেন।

সবশেষে শফিকুল আলম বলেন, সামগ্রিকভাবে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ট্রেড ইউনিয়ন, শ্রমিক এবং বিএনপি সরকার—বিশেষ করে তারেক রহমানের জন্য একটি বড় বিজয়। যারা দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি গ্রহণ থেকে বিরত থেকেছে, সেই কারখানাগুলোর জন্য এটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। সবকিছুর ঊর্ধ্বে, এই মজুরি বৃদ্ধি বাংলাদেশে এক নতুন আশার যুগের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%