ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসপি জাহাঙ্গীর আলমকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত


এসপি জাহাঙ্গীর আলমকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের কারণে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়। তবে রবিবার (১৫ নভেম্বর) এই আদেশটি দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত অবস্থায় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্র্যামিতে বিয়ন্সের সেঞ্চুরি, মনোনয়ন সংখ্যা ১০০ ছুঁল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গ্র্যামিতে বিয়ন্সের সেঞ্চুরি, মনোনয়ন সংখ্যা ১০০ ছুঁল

সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের নতুন আসর ঘনিয়ে আসছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ৬৯তম আয়োজন। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে এবারের মনোনয়ন তালিকা। এই তালিকায় নতুন ইতিহাস গড়েছেন পপসম্রাজ্ঞী বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে তার মনোনয়নসংখ্যা ১০০-তে পৌঁছেছে।

৪৫ বছর বয়সী এই গায়িকা ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর ফলে গ্র্যামিতে তার মোট মনোনয়ন সংখ্যা দাঁড়িয়েছে ১০০টি, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ। শুধু মনোনয়ন নয়, গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ডও বিয়ন্সের দখলে রয়েছে। তিনি এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি জিতেছেন।

নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন বিয়ন্সে। এক মাস পর তিনি স্বামী জে-জেডকে যুক্ত করে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন।

এদিকে এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। তার মোট মনোনয়ন সংখ্যা এখন ৬৩, আর পুরস্কার জয়ের সংখ্যা ১৪। নিজের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন এই গায়িকা। এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় শিল্পী হয়েছেন তিনি। প্রথম নারী হিসেবে গড়েছেন এই রেকর্ড। তার আগে এই কীর্তি গড়েছিলেন কেনড্রিক লামার। তবে বর্ষসেরা অ্যালবাম বিভাগে পুরস্কার জিততে পারেননি কেনড্রিক।

সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মনোনয়নের তালিকায় এগিয়ে রয়েছেন নারী শিল্পীরা। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। এরপর ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন রোজালিয়া। ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন ৭টি করে মনোনয়ন। অন্যদিকে অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাসের ঝুলিতে রয়েছে ৬টি করে মনোনয়ন।

সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ভালো অবস্থানে রয়েছেন সুইফট। তার ৫টি মনোনয়নের মধ্যে ৩টিই পেয়েছেন গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘বিগ ফোর’ বিভাগে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল আয়োজন। এবারের অনুষ্ঠান দেখা যাবে এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানা গেল

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য (এমপি) ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এদিকে, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। স্পিকার মন্তব্য করেন, ‘পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

যে কারণে পদত্যাগ

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেছেন যে, তিনি শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং সেখানেই অবস্থান করছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর পর পুরোনো রসায়নে ফিরছেন হৃতিক ও কারিনা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


২৫ বছর পর পুরোনো রসায়নে ফিরছেন হৃতিক ও কারিনা!

বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন ও কারিনা কাপুর খানকে একসঙ্গে ফের দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই দুই তারকা নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি নির্মাতা করণ জোহরের প্রকাশিত একটি বিজ্ঞাপনের ঝলক থেকে তাদের পুনর্মিলনের ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে কারিনাকে লিপস্টিক লাগাতে দেখা যায়। দৃশ্যটি দর্শকদের মনে করিয়ে দেয় ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় তাঁর অভিনীত ‘পু’ চরিত্রের কথা। অন্যদিকে, হৃতিককে দেখা যায় চামড়ার জ্যাকেট ও জুতা পরে প্রস্তুতি নিতে। তাঁর এই সাজেও ফিরে এসেছে সিনেমাটির ‘রোহন রাইচাঁদ’ ওরফে ‘লাড্ডু’ চরিত্রের স্মৃতি।

ভিডিওতে কারিনা কিংবা হৃতিকের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। ফলে নতুন বিজ্ঞাপনটি নিয়ে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। জানা গেছে, এটি এয়ারবিএনবির একটি বিজ্ঞাপন। ভিডিওটি প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না।’ তাঁর এই বার্তা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপনটির ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বিজ্ঞাপনের পরিবর্তে বড় পর্দায় আবারও হৃতিক-কারিনাকে একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন। নির্মাতা তাহিরা কাশ্যপও মন্তব্য করেছেন, এই জুটিকে নিয়ে একটি সিনেমা দেখতে চান তিনি। একই দাবি করেছেন অসংখ্য ভক্ত।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা অভিনয় করেছিলেন পূজা ওরফে ‘পু’ চরিত্রে। আর হৃতিক ছিলেন রোহন রাইচাঁদ ওরফে ‘লাড্ডু’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় হৃতিক ও কারিনার রসায়ন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।

কাজের ক্ষেত্রে কারিনাকে সর্বশেষ দেখা গেছে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। অন্যদিকে, হৃতিককে আবারও সুপারহিরো চরিত্রে দেখা যাবে ‘কৃষ ৪’ সিনেমায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের জন্য সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের জন্য সহায়তা প্রদান

প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির নির্দেশে ২২টি পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ এবং চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।

গত রবিবার রাতে বটতলা-রুদ্রপুর বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এর ফলে ব্যবসায়ী এবং বসবাসকারী পরিবারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

সরকারি সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের জন্য মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান টিন, ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও, ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্যও দুই বান টিন ও ৬ হাজার টাকা শীত বস্ত্রসহায়তা দেওয়া হয়েছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এই সরকারি সহায়তা কিছুটা হলেও তাদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%