০৮:০৭ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার গাজাজুড়ে এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী এসব হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।
চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গাজা সিটির পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হন।
এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দক্ষিণ-পশ্চিমে নাহর আল-বারেদ শিবির এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এই ঘটনায় আরও একজন ফিলিস্তিনি মাঝারি মাত্রায় আহত হন।
আরও পড়ুন: মার্কিন সিনেট ইরান যুদ্ধ বন্ধের বিপক্ষে সমর্থন দিল
স্থানীয় সূত্র জানায়, খান ইউনিসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। এসব এলাকায় প্রায় প্রতিদিনই গুলি ও কামানের গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে হতাহতের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা।
এদিকে, গাজা সিটি ও খান ইউনিসের উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকা লক্ষ্য করেও গুলি ও গোলাবর্ষণ করেছে ইসরাইলি নৌবাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৪২১ জন।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া, উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে যুদ্ধ চালাবে সৌদি আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন