ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান


কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ নামক দল ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘শামীম ওসমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার জন্য না ফেরার জট খুলে দিয়েছেন, দাবি করেছেন যে, তিনি ক্যান্সারে আক্রান্ত। এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। অতীতে শোনা গিয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। তাহলে কি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে!'

তিনি আরও বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। কিন্তু যদি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

আরও পড়ুন: হেফাজতে ইসলাম: গণহত্যাকারী আ.লীগের বিষয়ে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


কক্সবাজারের রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন

কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাব কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেকসহ সেনাবাহিনী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের সূচনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় যাত্রা শুরু হয়। ৪ এপ্রিল তেলিয়াপাড়া বৈঠকে মুক্তিযুদ্ধের সামরিক কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। ১১ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের সম্মেলনে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো সুসংহত করা হয় এবং ১১টি সেক্টরে যুদ্ধ পরিচালনার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত সামরিক অভিযানের ঐতিহাসিক দিন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি পায়। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস তুলে ধরে জানানো হয়, মুক্তিযুদ্ধের সময় 'জেড', 'কে' ও 'এস' ফোর্স গঠনের মাধ্যমে সেনাবাহিনীর সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এ বাহিনী দায়িত্ব পালন করে আসছে।

বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে কয়েকটি ছোট টহলযান নিয়ে প্রাথমিক নৌবহর গঠনের মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ ডিসেম্বর নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে, ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর 'কিলো ফ্লাইট' গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়। দেশের আকাশসীমা সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে রামু সেনানিবাসে অবস্থিত ১০ পদাতিক ডিভিশনের ইতিহাসও তুলে ধরা হয়। ২০১৪ সালের ২৮ অক্টোবর রামুতে এ ডিভিশন প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রথম জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের ১ মার্চ পতাকা উত্তোলনের মাধ্যমে ডিভিশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন। 'সাউদার্ন শিল্ড' বা দক্ষিণের সুরক্ষাবলয় হিসেবে পরিচিত এ ডিভিশনের সদস্যরা দেশমাতৃকার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটি সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার উদ্দেশ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে। এই সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি বৈঠকখানায়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আগামী দিনের সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরো বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি তাপস দেবনাথ উল্লেখ করেন, ‘বসুন্ধরা শুভসংঘ মানুষের জন্য কাজ করার একটি মানবিক প্ল্যাটফর্ম। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানবিক ও ইতিবাচক উদ্যোগে শুভসংঘের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

জেলা কমিটির সাধারণ সম্পাদক রাতুল হাসান শাফি বলেন, ‘একটি সংগঠনের সফলতা নির্ভর করে সদস্যদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর। তরুণদের সৃজনশীলতা ও স্বেচ্ছাসেবী মনোভাব কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরো বিস্তৃত ও গতিশীল হবে।’

সভায় সাংগঠনিক কার্যক্রম সুসংহত করার পাশাপাশি সদস্যদের দায়িত্বশীল অংশগ্রহণ বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম রকিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সভায় উপস্থিত সকলেই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার এবং আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবি সংলাপে প্রধান বাধা ন্যাটোর সম্প্রসারণ: জেফরি স্যাক্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আবুধাবি সংলাপে প্রধান বাধা ন্যাটোর সম্প্রসারণ: জেফরি স্যাক্স

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শান্তি সংলাপের প্রধান বাধা হিসেবে উঠে এসেছে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি। কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক এবং বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাক্স রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

অ্যাপেক সম্মেলনের ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে স্যাক্স জানান, দীর্ঘ ৯ মাস বিরতির পর ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপ পুনরায় শুরু হয়েছে। এর আগে, গত অক্টোবরে ফিনল্যান্ড ও নরওয়ের নেতারা মস্কোর সঙ্গে ইউরোপের সরাসরি যোগাযোগের পথ আবার খুলে দেন। এছাড়া, সম্প্রতি শেনজেনে তিন পরাশক্তির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব উদ্যোগ সংকট সমাধানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করছে।

তিনি আরও বলেন, "হ্যাঁ, আমি মনে করি, কয়েক মাস আগে তুলনায় আমরা এখন সমাধানের কাছাকাছি পৌঁছেছি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ও নির্ণায়ক পদক্ষেপ নেওয়া বাকি। আর এই পুরো প্রক্রিয়ায় মূল বাধা হিসেবে রয়ে গেছে ন্যাটোর সম্প্রসারণ।"

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে মার্কিন বিশ্লেষক স্যাক্স জানান, জেলেনস্কির মতে, আবুধাবি বৈঠকে মার্কিন আলোচকেরা দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুলেছিলেন। স্যাক্সের মতে, এই ঘটনা প্রমাণ করে যে নব্বইয়ের দশকে মার্কিন নব্য-রক্ষণশীলদের পরিকল্পিত ন্যাটো সম্প্রসারণের প্রকল্পটি এখনো পরিত্যক্ত হয়নি।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে জেফরি স্যাক্স বলেন, রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইউক্রেনে ন্যাটো সম্প্রসারণের পথ খোলা রেখে তারা কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। তাই অবিভাজ্য নিরাপত্তার নীতি লঙ্ঘন করে এমন ন্যাটো সম্প্রসারণ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এমন একটি স্পষ্ট ও প্রকাশ্য বিবৃতি এখন অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, জেফরি স্যাক্সের এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি আগামী ২২ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অফিস: লঘুচাপের কারণে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


আবহাওয়া অফিস: লঘুচাপের কারণে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শেষ হলেও সাগরের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। সুতরাং, জেলেদের উপকূলের নিকটবর্তী এলাকায় সাবধানতার সাথে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই তথ্য শনিবার (২১ নভেম্বর) প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থা থেকে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল (২০ নভেম্বর) সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ সকাল ০৬টায় (২১ নভেম্বর) নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ০৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে লঘুচাপের প্রভাবে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

পূর্বাভাস-

প্রথম দিন (২১ নভেম্বর) সকাল ০৯টা থেকে-

বৃষ্টিপাত: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%