ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উখিয়ায় ইউএনওর নেতৃত্বে টয়লেট দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা র‍্যালি


উখিয়ায় ইউএনওর নেতৃত্বে টয়লেট দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা র‍্যালি

কক্সবাজারের উখিয়ায় টয়লেট দিবস-২০২৬ উপলক্ষে একটি র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি এ সময় বলেন, "দূষণমুক্ত পরিবেশ রক্ষা, সুস্থ মানবদেহ গঠন এবং নিরাপদ ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।" তিনি আরও উল্লেখ করেন, আগামীর প্রজন্মকে পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানান নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে।

আরও পড়ুন: শেরপুর গারো পাহাড়ে শীতের তীব্রতা, লেপ-তোষকের দোকানে ভিড়

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিএম মোক্তাদির, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ওয়াশ সেক্টরের কো-অর্ডিনেটর ও ডিএসকের তফাজ্জল হোসাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীলিপ বাবু, এফএইচ অ্যাসোসিয়েশনের মোজাম্মেল হোসেন এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ সবার প্রত্যাশা। তবে মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। তারা বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হলেও তা স্থায়ী সমাধান নয়। এজন্য মানুষের দৃষ্টিভঙ্গি ও অভ্যাসের পরিবর্তনের পাশাপাশি পরিকল্পিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তারা আরও উল্লেখ করেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনেস্কো: বাংলাদেশে শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ইউনেস্কো: বাংলাদেশে শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ইউনেস্কো উল্লেখ করেছে যে, গত তিন দশকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-র ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঝরে পড়ার হার হ্রাস, জেন্ডার সমতা অর্জন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

যদিও প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি এবং সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

‘অ্যাকসেস অ্যান্ড ইক্যুইটি : কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরকে একটি বিশেষ ‘কান্ট্রি কেস স্টাডি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও মৌলিক শিক্ষার প্রসার ঘটাতে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে।

ইউনেস্কোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল ৩৪ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে। এই হার বৈশ্বিক গড় হারের (৮৮ শতাংশ) তুলনায় বেশি। একই সময়ে, নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও জানানো হয় যে, প্রাথমিক শিক্ষা সমাপ্তির বার্ষিক প্রবৃদ্ধির গতি সময়ের সঙ্গে কিছুটা কমেছে। ১৯৯০-এর দশকে বার্ষিক ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হারে বেড়েছে। অন্যদিকে, নিম্নমাধ্যমিক পর্যায়ে সমাপ্তির গতি ক্রমান্বয়ে বেড়েছে; যা ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০-২০১৫ সময়ে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট হারে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উচ্চমাধ্যমিক স্তরে বাংলাদেশের অগ্রগতি মূলত সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান হয়েছে। ১৯৯০-এর দশকে উচ্চমাধ্যমিক সমাপ্তির গতি দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ এবং ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ৬০ শতাংশ ছিল। কিন্তু ২০১৫ সালের পর থেকে এই প্রবৃদ্ধির গতি দক্ষিণ এশিয়ার গড় হারকে ছাড়িয়ে গেছে। তবুও, ২০২৪ সালে দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার প্রায় ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় হারের (৫৭ শতাংশ) তুলনায় এখনো পিছিয়ে রয়েছে।

অন্যদিকে, বিদ্যালয়বহির্ভূত তরুণের সংখ্যা কমাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০০৫ সালে দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের উপযুক্ত বয়সী তরুণ-তরুণীদের ৭২ শতাংশ বিদ্যালয়ের বাইরে ছিল, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ছিল ৫৩ শতাংশ। ২০২৩ সালে এই হার দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৪২ শতাংশ ছিল, যা ২০২৩ সালে অর্ধেকে নেমে ২১ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যানবেইস-এর তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে বড় উল্লম্ফন ঘটেছে। ২০০৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ শতাংশ ছিল, যা বেড়ে ৯৩ শতাংশে এবং ২০২১ সালে এইচএসসিতে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। তবে, পরীক্ষা পদ্ধতি সহজীকরণের ফলে পাসের হার বাড়লেও শিক্ষার প্রকৃত গুণগত মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে প্রতিবেদনে পর্যবেক্ষণ করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে ইউনেস্কো জানিয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে ছেলেদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ১৫ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে। একইভাবে, উচ্চমাধ্যমিক স্তরেও ছেলেদের তুলনায় মেয়েদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ৮ থেকে ১০ শতাংশীয় পয়েন্ট কম।

এই রূপান্তরের পেছনে ১৯৯৪ সালে চালু হওয়া মেয়েদের মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচি (এফএসএসএপি), উপবৃত্তি প্রদান এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণের মতো সরকারি উদ্যোগকে কৃতিত্ব দিয়েছে ইউনেস্কো। এ ছাড়া, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০৫ ও ২০১৩ সালে চালু হওয়া ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (আরওএসসি)’ প্রকল্পের মাধ্যমে কমিউনিটিভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোর সহায়তায় প্রায় ৫ লাখ বিদ্যালয়বহির্ভূত শিশুকে আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা ও বেসরকারি সংস্থা (বিশেষ করে ব্র্যাক) পরিচালিত বিদ্যালয়ের তুলনায় দেশের অতিদরিদ্র উপজেলাগুলোতে আরওএসসি কেন্দ্রগুলোর উপস্থিতি বেশি ছিল।

দেশে কর্মমুখী ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে বলে জিইএম রিপোর্ট ২০২৬-এ উঠে এসেছে। ২০০২ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০টি থাকলেও ২০২২ সাল নাগাদ তা প্রায় পাঁচগুণ বেড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

শিক্ষার এই প্রসার দেশের আর্থ-সামাজিক সূচকেও গভীর ইতিবাচক পরিবর্তন এনেছে বলে ইউনেস্কো উল্লেখ করেছে। প্রতিবেদনের তথ্যমতে, শিক্ষার হার বাড়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর বয়সের আগে বিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমে এসেছে এবং প্রজনন হার ১৯৭৫ সালের নারীপ্রতি ৬ দশমিক ৭ জন সন্তান থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ দাঁড়িয়েছে।

এছাড়া, ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বছরে ০ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট হারে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারতের (প্রায় ৩০ শতাংশ) ও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং চাকরির লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। তবে, কারখানায় কর্মসংস্থানের সহজলভ্যতা ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাবও ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজরাটে সংঘর্ষের পর ৯ মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


গুজরাটে সংঘর্ষের পর ৯ মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ

ভারতের গুজরাটের বানাসকাঁথা জেলার ভাগল গ্রামের নিকটবর্তী একটি স্থানীয় বিরোধের কারণে ৯ মুসলিম যুবকের উপর পুলিশ কর্তৃক অত্যন্ত নির্মমভাবে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ৯ যুবক হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন এবং একজন ব্যক্তি তাদের প্রত্যেককে বেল্ট দিয়ে দুবার করে আঘাত করছেন। এ সময় ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দিওয়ালির আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে ভাগল গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

গত ২৫ ও ২৬ নভেম্বর গ্রামে দুই পক্ষের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এই বেত্রাঘাতের ঘটনা ঘটে। একটি গোয়ালঘরের পাশে তরুণদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে এই সহিংসতার সূত্রপাত হয়, যা পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়। এই সংঘর্ষে প্রায় ছয়জন আহত হন।

এ ঘটনার পর একটি হিন্দু পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করা হয়। এরপর পালানপুর গ্রামীণ পুলিশ হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে এবং তাদের বিচারিক রিমান্ডে পাঠানো হয়।

বেত্রাঘাতের এই ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসার পর গুজরাট পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সংবাদমাধ্যম সিয়াসাত ডট কমের পক্ষ থেকে বানাসকাঁথার পুলিশ সুপার (এসপি) প্রশান্ত সুম্বের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তির কারণ জানালেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তির কারণ জানালেন শিক্ষক

তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য বিদ্যমান এবং এই সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ জড়িত নেই।

সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেছেন বলে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মাওলানা সালমান বিজনুরি মন্তব্য করেছেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং দ্বীনের ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।

মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে এই মুহাদ্দিস বলেন, এ সমালোচনার পেছনে তার প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই। অর্থনৈতিক সম্পদ কিংবা তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। বরং মাওলানা সাদ একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তার পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়; কোনো ব্যক্তি ঘনিষ্ঠজন হওয়ায় তার ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।

তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ছিল, যার জবাবে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছিলেন। অতীতে মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো মনীষীরাও তাবলিগি কাজের সংশোধনের চেষ্টা করেছেন, যার বিস্তারিত তথ্য ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকায় পাওয়া যায়।

তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে মন্তব্য করে মাওলানা সালমান বিজনুরি বলেন, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন।

দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তার দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান এবং প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব তারই।

মাওলানা সাদের উদ্দেশে তিনি বলেন, কেবল ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। কারণ, তার কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।

বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বদলে ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানিয়ে মাওলানা সালমান বিজনুরি বলেন, তাদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। দারুল উলুম দেওবন্দের মূল দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালে সুইডেন আসলাম অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পুলিশ একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় গত রোববার (২২ নভেম্বর) রাতের দিকে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (২৩ নভেম্বর) তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তরা টিটনকে গুলিতে হত্যা করে। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%