ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র আলোচনা


ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র আলোচনা

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের প্রেক্ষাপটে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, তিন নেতা শেনজেনে পৌঁছেছেন এবং বহুল প্রতীক্ষিত বৈঠকের প্রস্তুতি চলছে। এটি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সম্মেলন।

ত্রিপক্ষীয় আলোচনার পূর্বে, পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে পুতিনের মেজাজ সম্পর্কে তার পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, "দুই নেতার আলোচনা ভালো হয়েছে।" ইউক্রেন যুদ্ধ ছিল তাদের আলোচনার মূল বিষয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ইরান কেন নির্মাণ করছে শত শত বাঁধ?

বৈঠকের সময় ট্রাম্পকে পুতিনের প্রতি উষ্ণ আচরণ করতে দেখা যায়। কক্ষে প্রবেশের সময় তিনি পুতিনকে "নিজের বন্ধু" বলে সম্বোধন করেন। তবে বৈঠক শেষে দুই নেতা কোনো বড় ঘোষণা দেননি।

শির সঙ্গে প্রায় এক ঘণ্টার আলোচনা

পুতিনের সঙ্গে বৈঠকের আগে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। তাদের আলোচনা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং দুই নেতা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, বাণিজ্য এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে শি নিজে উপস্থিত ছিলেন। চীনের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে বিমানবন্দরে স্বাগত জানানোর ঘটনা কয়েক দশকের মধ্যে বিরল।

আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়

কার কী লক্ষ্য?

তিন নেতার বৈঠক নিয়ে প্রত্যাশা থাকলেও বিশ্লেষকদের মতে, তাদের অগ্রাধিকারে বড় ধরনের পার্থক্য রয়েছে। ট্রাম্পের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি চীনকেও ভবিষ্যতের কোনো পারমাণবিক চুক্তির আওতায় আনতে চান। এছাড়া, ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের শর্ত এবং রাশিয়ার নিরাপত্তা-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরতে চাইবেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাও এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে।

শি জিনপিংয়ের অগ্রাধিকার কিছুটা ভিন্ন। তিনি চীনকে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হওয়ার বিষয়ে বেইজিংয়ের অনাগ্রহ রয়েছে। একইভাবে, ইউক্রেন যুদ্ধের আলোচনায় সরাসরি জড়িয়ে পড়তেও চীন আগ্রহী নয় বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

নতুন ‘ইয়াল্টা সম্মেলন’ হওয়ার সম্ভাবনা কতটা?

তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।

তবে এবারের বৈঠককে নতুন ইয়াল্টা হিসেবে দেখার বিষয়ে বিশ্লেষকদের মধ্যে সতর্কতা রয়েছে। তাদের মতে, তিন দেশের মধ্যে স্বার্থের পার্থক্য অনেক বেশি। ফলে এক বৈঠকেই বড় কোনো আন্তর্জাতিক সমঝোতায় পৌঁছানো কঠিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আশঙ্কা প্রকাশ করেছেন যে, বড় শক্তিগুলো যেন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে দেশটির অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত না নেয়। তিনি মনে করেন, সংশ্লিষ্ট দেশকে বাদ দিয়ে তার ভাগ্য নির্ধারণ করা একটি বড় ভুল হবে।

আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে পাঁচটি তেল ট্যাংকারে আগুন

বৈঠক থেকে বড় ঘোষণা আসবে?

বিশ্লেষকদের মতে, তিন নেতার একসঙ্গে বসাটাই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক বড় কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা সীমিত। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইস্যুতে তিন দেশের অবস্থান ভিন্ন।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক বিরোধ, উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিয়েও টানাপোড়েন রয়েছে। এসব বিরোধের মধ্যেই তিন নেতার বৈঠক হচ্ছে।

সুতরাং, বৈঠকে কোনো যৌথ ঘোষণা আসে কি না, কিংবা তিন দেশ আলাদাভাবে আলোচনার ফলাফল জানায় কি না, তা এখন গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ চীনের শেনজেনে এই সম্মেলনের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন: আইসিজের রায়ের পর ব্রিটিশ রাজনীতিকেরা মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন

সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, ইয়োনহাপ ও ওয়াশিংটন পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা আলাদা বৈঠক করেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে সুসম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে।

তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তিনি আর কিছু জানাননি।

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান।

এছাড়া, একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, পুলিশ ঘিরে রেখেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


পঞ্চগড়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, পুলিশ ঘিরে রেখেছে

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে বস্তুটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম কালের কণ্ঠকে জানান, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্স এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু ঝুলতে থাকে। বক্সটি টেপ দিয়ে মোড়ানো দেখে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছেন পুলিশ সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মিটছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


রিজভী: ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মিটছে না

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন।

রিজভী আরও উল্লেখ করেন, পঞ্চম বাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রকামী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, "পঞ্চম বাহিনীকে সবাই চিনে। তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে।"

তিনি বলেন, তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো ভেঙে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। সামনের দিনে আর ছাড় নয়। পঞ্চম বাহিনীকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না মন্তব্য করে রিজভী বলেন, "বাংলাদেশের টোকাইদের দিয়ে তারা জ্বালাও পোড়াও করছে। রক্তপিপাসু নেকড়ে প্রতিহত করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%