ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিউইয়র্কে নতুন রেস্তোরাঁর ধারা, জাদুঘরেও জমছে আয়োজন


নিউইয়র্কে নতুন রেস্তোরাঁর ধারা, জাদুঘরেও জমছে আয়োজন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নিউইয়র্কের একটি নতুন জনপ্রিয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের জন্য ভিড় জমিয়েছিলেন অনেক মানুষ। তাদের পাতে ছিল রঙিন সালাদ, গ্রিল করা চিংড়ি এবং বিভিন্ন পাস্তা। তবে রেস্তোরাঁটির বিশেষত্ব খাবারে নয়, বরং এর অবস্থানে। এটি একটি শিল্প জাদুঘরের ভেতরে অবস্থিত।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রচলিত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এসে নিউইয়র্কে বেশ কিছু আধুনিক ও উচ্চাভিলাষী রেস্তোরাঁ জাদুঘরগুলোকে খাবারের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে

এ ধরনের নতুন উদ্যোগের মধ্যে নিউ মিউজিয়াম অব কনটেম্পরারি আর্টে চালু হওয়া ‘ওবেরন’ উল্লেখযোগ্য। ম্যানহাটনের এই ভবনটি সালভাদর দালি ও মার্সেল দুশাঁর মতো শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর জন্য পরিচিত। এবার সেখানে যুক্ত হয়েছে মানসম্মত খাবারের আয়োজন।

জাদুঘরের পরিচালক ম্যাসিমিলিয়ানো জিওনি স্বীকার করেন, এই শহরে নামকরা রেস্তোরাঁর মধ্যে প্রতিযোগিতা বেশ তীব্র।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সাফল্য নির্ভর করবে বৃহত্তর বাজারে আমরা কতটা জায়গা করে নিতে পারি, তার ওপর। এ থেকেই আমাদের উচ্চাকাঙ্ক্ষার ধারণা পাওয়া যায়। যদিও তা পুরোপুরি অবাস্তবও হতে পারে।’

৯০ আসনবিশিষ্ট ডিম্বাকৃতির খাবারকক্ষের পাশে একটি আসনে বসে কথা বলেন জিওনি। তার মতে, কক্ষটি দেখতে অনেকটা মহাকাশযানের মতো। শৈল্পিক নকশায় অত্যন্ত যত্ন নিয়ে সাজানো হয়েছে এটি। এর জানালাগুলোও বিশেষভাবে তৈরি, যাতে জাদুঘরের ভেতর থেকে রেস্তোরাঁটি দেখা না যায়।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আঞ্চলিক শত্রুর নাম নেই

এ রেস্তোরাঁয় খেতে জাদুঘরের প্রবেশ টিকিট কেনার প্রয়োজন নেই। রাতের খাবারের জন্য রেস্তোরাঁয় প্রবেশের আলাদা পথও রয়েছে। গ্রাফিতিতে ঢাকা একটি সরু গলি দিয়ে স্পিকইজির আদলে তৈরি প্রবেশপথটি ব্যবহার করতে হয়।

জিওনি আশা করেন, ‘একসময় মানুষ জাদুঘরটির কথা না জেনেই শুধু রেস্তোরাঁয় খেতে আসবে।’

বিলাসবহুল সাময়িকী ‘কনডে নাস্ট ট্রাভেলার’ ওবেরনকে ‘ম্যানহাটনে সবচেয়ে আকর্ষণীয় নতুন রেস্তোরাঁ’ হিসেবে উল্লেখ করেছে। নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে উচ্চমানের রেস্তোরাঁ চালুর যে প্রবণতা দেখা যাচ্ছে, ওবেরন তারই অংশ।

গত বছর ফ্রিক কালেকশন তাদের ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে চালু করেছে। নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স গত এপ্রিলে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’ চালু করেছে। এছাড়া কুইন্সে মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) পিএস১ শাখায় ২০২৭ সালের শুরুর দিকে ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’ চালুর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২, আহত ২৮

আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিট বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এমন খ্যাতিমান শেফদের ওপর নির্ভর করছে, যারা দর্শনার্থীদের আকর্ষণ করতে সক্ষম। তাদের মাধ্যমে জাদুঘরে নতুন দর্শকও আসতে পারেন।

‘স্রেফ কল্পনাপ্রসূত আশা’-

জাদুঘরে খাবারের আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে সফল উদাহরণ হলো ম্যানহাটনের মোমায় অবস্থিত ‘দ্য মডার্ন’। ২০০৫ সালে চালুর পর থেকে রেস্তোরাঁটি দুটি মিশেলিন তারকা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরের রেস্তোরাঁর খাবার মানসম্মত নয়—এমন নেতিবাচক ধারণা বদলে দিয়েছে দ্য মডার্ন।

আরও পড়ুন: পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

তিনি বলেন, ‘অনেকের ধারণা, জাদুঘর বা হোটেলের রেস্তোরাঁয় খাবারের মান ও পরিবেশ অন্য অভিজাত রেস্তোরাঁর মতো হয় না।’

টেইলর আরও বলেন, ‘শুধু একটি স্যান্ডউইচ আর সান পেলেগ্রিনোর পানির বোতলের জন্য মানুষ সেখানে বেশিক্ষণ থাকবে না। জাদুঘরের যে ভাবমূর্তি, খাবারের আয়োজনও তার সঙ্গে মানানসই হওয়া উচিত।’

কোভিড মহামারির পর দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কেন্দ্রীয় তহবিলে কাটছাঁটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনো আর্থিক চাপের মধ্যে রয়েছে।

তবে টেইলরের মতে, জাদুঘরে রেস্তোরাঁ চালু করা বরং শক্তিশালী আর্থিক অবস্থারই ইঙ্গিত দেয়। কারণ, এসব প্রতিষ্ঠানের খাবার ব্যবসা অনেক সময় লোকসানে পরিচালিত হয়। এর উদ্দেশ্য প্রতিষ্ঠানের সুনাম বাড়ানো এবং দাতাদের আকৃষ্ট করা।

আরও পড়ুন: মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল, প্রত্যাবাসনের আশ্বাস দিল

তিনি বলেন, ‘বেশিরভাগ উন্নতমানের ও অভিজাত রেস্তোরাঁ এমন জাদুঘরগুলোতে চালু হচ্ছে, যেগুলো সম্প্রতি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং বিপুল পরিমাণ তহবিল ও অনুদান পেয়েছে। এসব অর্থ তাদের রেস্তোরাঁ পরিচালনায় সহায়তা করছে।’

নিউ মিউজিয়ামের ৪৯ বছরের ইতিহাসে প্রথম রেস্তোরাঁ ওবেরন। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটি চালু হয়েছে। তবে রেস্তোরাঁটি কতটা লাভজনক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

জিওনি বলেন, ‘আমরা এমন একটি ধারণার ওপর বাজি ধরেছি, যা নিশ্চিত নয়। সেটি হলো, রেস্তোরাঁটি আমাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে। এটি হয়তো স্রেফ কল্পনাপ্রসূত আশা। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে।’

রেস্তোরাঁটির বার নিয়েও তার প্রত্যাশা রয়েছে। এ প্রসঙ্গে তিনি শিল্পী ও পানশালার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: উচ্চ সুদ হার নিয়ে ভারতের দিকে নজর দেওয়ার পরামর্শ: ট্রাম্পের ক্ষোভ

হেসে জিওনি বলেন, ‘আমি কাউকে খারাপ পথে প্ররোচিত করতে চাই না। তবে বিংশ শতাব্দীতে পানশালার ইতিহাস ছাড়া শিল্পকলার ইতিহাসও অসম্পূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে আলাদা আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে আলাদা আদালতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর শুরু হবে। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে, প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই ভিন্ন আদালতে।

শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে এবং আসামিরা বর্তমানে জেলে রয়েছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২, আহত ২৮

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুজনের মৃত্যু এবং ২৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই তথ্য বসরা স্বাস্থ্য বিভাগের সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শনিবার ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী আবাসিক এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর।

তবে নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, নিহতের সংখ্যা চারজন। ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি এবং উদ্ধার তৎপরতা দেখতে আসা মানুষের ভিড়ও ফুটেজে ধরা পড়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

সুত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


চামড়া ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা নির্ধারণ

সরকার চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, কর্মচারীদের জন্য ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে নতুন ন্যূনতম মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ হাজার ৫২৫ টাকা। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে। চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ২ হাজার ৯০০ টাকার ভাতা সব গ্রেডের শ্রমিকদের জন্য সমান হারে প্রদান করা হবে।

অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের জন্য মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের জন্য মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের জন্য মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের জন্য মজুরি ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক বেতন বেড়ে ২৩ হাজার ২৫৫ টাকা হয়েছে।

এদিকে, কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের কর্মচারীদের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি বেড়ে ২০ হাজার ৬০০ টাকা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হন।

নিহতের নাম লুৎফুর রহমান (৩৯), যিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের অধিবাসী ছিলেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আটটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার চৌকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলে তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তিনি মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে।

নিহত লুৎফুর রহমান ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।

নিহত লুৎফুর রহমানের মামা মে. ওবায়দুল হক মিলন জানান, লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%