১১:১২ পি.এম
যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ তুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রপ্তানি আয় সম্পর্কে সরকারি কর্মকর্তাদের বক্তব্য সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
রোববার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে এই অভিযোগটি প্রকাশ করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করেছেন যে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট। তবে অর্থমন্ত্রী রপ্তানি আয় বৃদ্ধির কথা বললেও, তার দাবির পক্ষে কোনো পরিসংখ্যান বা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করছেন না।
আরও পড়ুন: ‘ছিন্নভিন্ন মরদেহ, গণনাও করা যাচ্ছে না’, মিয়ানমারে ফের গণহত্যায় নিহত ছাড়াল ৭০
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের এমন দাবির বিপরীতে সাধারণ ইরানিরা প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে মাংস, মুরগির মাংস এবং আবাসন ব্যয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
পোস্টে ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, তার বক্তব্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
এদিকে, ইরানের অর্থনীতিতে সংকটের চিত্র বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদনে রয়টার্স জানায়, মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময়মূল্য প্রায় ৩০ লাখে নেমে এসেছে।
ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়াতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো দেশটির সরকারের আর্থিক সক্ষমতা দুর্বল করা এবং ওয়াশিংটনের দাবির বিষয়ে তেহরানকে ছাড় দিতে বাধ্য করা।
আরও পড়ুন: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ওমরাহ পালনে পুরুষদের ছাড়িয়ে গেছেন বিদেশি নারীরা
তবে, ইরানের অর্থনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এসব অভিযোগের বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ পায়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আরও পড়ুন: বন্যার ধাক্কা সত্ত্বেও চার মাসে বাংলাদেশ-ভারতে ২০ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি নেপালের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন