সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৮ পি.এম
কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি খাতের উন্নয়নে সরকারি কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন খান বলেন, আমি বিগত দিনগুলো থেকে দেখে আসছি, এ উপজেলার কৃষকরা আদৌ কোনো উপকার পাচ্ছেননা। বাস্তবতা হলো, বিভিন্ন ফসলের উৎপাদন নেই বললেই চলে। বাকেরগঞ্জের মানুষকে সবজি কিনে খেতে হচ্ছে। নরসিংদী ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে সবজি এনে এখানকার চাহিদা পূরণ করতে হচ্ছে। অথচ কাগজে-কলমে কৃষি উন্নয়নের যে চিত্র তুলে ধরা হয়, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো মিল আছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরা যদি কাঙ্ক্ষিত সেবা না পান,তার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতি মাসে মাঠপর্যায়ে পরিদর্শন করলেই কৃষকদের সেবার মান বাড়ানো সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জমাদ্দার,
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিঞ্চা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার,পৌর বিএনপির সহসভাপতি আলীম জোমাদ্দার, উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
অনুষ্ঠানে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে কৃষকদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিশুখাদ্য উৎপাদনে উপাদান তালিকার সঙ্গে বাস্তব ব্যবহারের অমিলের কারণে, চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে বস্ত্রের রং (টেক্সটাইল ডাই) ব্যবহারের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকার কেরানীগঞ্জের কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে।
আজ কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটিতে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও বাস্তবে অ্যাসপারটেম ব্যবহার করা হচ্ছিল। অথচ কারখানায় চিনির মজুত বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল বস্ত্রের রং।
এ ছাড়া, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তকরণের নথি, রাসায়নিক উপাদানের নিরাপত্তা তথ্যপত্র (এমএসডিএস ও সিওএ) এবং বিশ্লেষণ সনদও প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি, অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে ঢাকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড়মাঠ ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বড়মাঠ রক্ষা কমিটির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত হয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলাসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। জেলা প্রশাসন মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেয়।
জানা গেছে, মালিকানার জটিলতা দেখিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে একটি সংস্থা ক্যাম্প বসিয়ে মাঠের সব কর্মকাণ্ড বন্ধ করে দেয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোর শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় টুর্নামেন্টসহ সব খেলাধুলা বন্ধ হয়ে যায়। বড়মাঠ অবমুক্তের দাবিতে সোমবার বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা শত বছরের ঐতিহ্য বড় মাঠ রক্ষায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় ২০০৩ সালে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
দিনাজপুর বড় ময়দান তার চিরচেনা রূপ ফিরিয়ে আনতে শিশু, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি "আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দিন।"
মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনতে ও মাঠকে অবমুক্ত করতে প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার কথা জানান বড় মাঠ রক্ষা কমিটির নেতা অ্যাডভোকেট গোলাম বিন চার্লি, মাসুদ রানা, রেহাতুল ইসলাম খোকা।
তারা বলেন, "শত বছরের ঐতিহ্যের সাক্ষী এই মাঠ ক্রীড়া, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধন। মাঠের মালিকানা যারই থাকুক, কোনোভাবেই এখানে খেলাধুলা বন্ধ করা উচিত নয়।"
স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক হাফিজুর রহমান খুব দ্রুত মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
দেশের বৃহত্তম দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় মাঠ ২৩ একর জায়গার ওপর অবস্থিত। এখানে রয়েছে ঈদগাহ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, স্পোর্টস ভিলেজ, পাঁচটি ক্রিকেট একাডেমি ও ফুটবল মাঠ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামের এক কারাবন্দী মারা গেছেন।
রবিবার (২২ নভেম্বর) অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে, তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আঃ রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ।
এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায়।
নিহতের ভাতিজা আরিফ জানিয়েছেন, সন্ধ্যার সময় তাঁর চাচা আঃ রহিম হাওলাদার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য হোল্ডারে প্লাগ সংযুক্ত করছিলেন। এই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আঃ রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর কারণে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ