১০:২৮ এম
কিশোরগঞ্জ জেলা সদর এবং রাজধানীর সঙ্গে সংযুক্ত হাওরবেষ্টিত উপজেলার মানুষের জন্য প্রথম সড়কপথ হিসেবে ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৪ সালে চালু হওয়া এই ডুবো সড়কটির নির্মাণের তিন বছরের মধ্যে প্রায় ৯ কিলোমিটার অংশে সংস্কার করতে বাধ্য হতে হয়। বর্তমানে সংস্কারের অংশগুলোর মধ্যে শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে।
প্রতিদিন এসব স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ভাঙা সড়কে যানবাহনের কম গতিতে চলাচল এবং ঝাঁকুনির কারণে তিন উপজেলার হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
অষ্টগ্রাম উপজেলার জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপনে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে ২০১১-২০১৪ মেয়াদে তিনটি সেতুসহ ১২৬ কোটি টাকা বরাদ্দে নির্মিত হয় ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়ক।
আরও পড়ুন: নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা
বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে চলে যায় এবং শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়। এ কারণেই এর নামকরণ করা হয়েছে ডুবো সড়ক।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল, এমবিইএল ও জেআই জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ১৭ কিলোমিটার অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক নির্মাণের জন্য কার্যাদেশ পেলেও প্রকল্পটি বাস্তবায়ন করে ঢাকার এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।
এই সড়কটি তিনটি হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের কয়েক লাখ মানুষের জন্য জেলা সদর, ঢাকা-চট্টগ্রাম-ভৈরব-ময়মনসিংহসহ শহরাঞ্চলে যাওয়ার প্রধান সড়ক। প্রতিদিন এই পথে রোগীসহ কয়েক হাজার মানুষের যাতায়াত এবং তিন উপজেলার বিভিন্ন হাটবাজারের পণ্য পরিবহন করা হয়।
দুই বছর ধরে সড়কের প্রায় ৯ কিলোমিটার এলাকায় কংক্রিট উঠে গিয়ে ভাঙন ও খানাখন্দের কারণে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে।
আরও পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর তিন সপ্তাহের যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্ব প্রান্ত এবং বাজিতপুর উপজেলার হুমায়ুনপুরের পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের দুই-তিন বছরের মধ্যে ৯ কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। আরসিসি ঢালাইয়ের ওপর এক-দেড় ইঞ্চি পুরুত্বের সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়। সেই সিসি ঢালাইয়ের পাথর-কংক্রিট-বালু উঠে খাঁজকাটা খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সংস্কার করা স্থানেই দুই বছর ধরে শুরু হয়েছে ভাঙন।
একসময় সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা চালাতেন রাজম আলী(৫১)। তিনি বলেন, ‘অহন এই পথে গাড়ি লইয়া গেলে থেকনার কারণে গাড়ির সাথে নিজেরও জান শেষ। আমরা চাই তারাতারি সড়ক মেরামত করুক, না হইলে ওপরের ডালাই (সিসি ঢালাই) তুইলা দেক। তাতে সড়ক একটু সমান হইব, গাড়ি চালাইয়া কিছুটা হইলেও শান্তি পামু।’
জহুরুল ইসলাম মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাড়ি (অষ্টগ্রাম) ফেরার পথে ফদিরা বেগম বলেন, ‘বাবারে, অটোত বইলে (বসলে) থেহানের (ঝাঁকুনির) কারণে সারা শরীর বিষ (ব্যথা) করে। এই রাস্তাডা ঠিক না করালে আমরা চলতে পারতাম (পারব) না।’
আরও পড়ুন: বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানায়, ‘অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আমি যতটুকু জানি, এই সড়কে আলাদা করে সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। সড়ক নির্মাণ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত। সম্ভবত সেই ঠিকাদারি প্রতিষ্ঠানই মেরামত করেছিল। তবে খানাখন্দের কারণে মানুষের ভোগান্তির কথা জেনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের জন্য পাঠানো হবে, যাতে করে অন্তত সাময়িক মেরামত করে হলেও সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা যায়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আরও পড়ুন: নাটোরে জিয়া পরিষদের প্রতিবাদ সমাবেশ, বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মুখর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন