১০:৩০ এম
বিচারের জন্য অপেক্ষা করছেন ব্রুকলিনের কারাগারে আটক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ার মাধ্যমে সময় কাটাচ্ছেন। বিভিন্ন ধর্মের ধর্মযাজকদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি, যাদের মধ্যে একজন ইহুদি রাব্বি রয়েছেন। কারাগারে অবস্থানকালে তার ওজনও কমে গেছে।
যুক্তরাষ্ট্রের বাহিনী নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে তিনি নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি আছেন। সেখানে তিনি অবসর সময়ের একটি বড় অংশ ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে ব্যয় করছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মাদুরোর কারাজীবন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি জানান, কারাগারে থাকা অবস্থায় আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তবে কারা কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তারা প্রকাশ্যে কথা বলতে চাননি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
মাদুরো বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বি অন্তর্ভুক্ত রয়েছে।
মাদুরো দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী। তিনি প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা উল্লেখ করেছেন। তার দাবি, পূর্বপুরুষেরা সেফার্দি ইহুদি সম্প্রদায়ের সদস্য ছিলেন, যারা গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ অঞ্চল থেকে ভেনেজুয়েলায় অভিবাসন করেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের মতে, আটকের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহের কথা জানা যায়নি।
যখন মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটিতে ব্যাপক খাদ্যসংকট দেখা দেয়। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতে গিয়ে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে মাদুরোর আইনজীবী দল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রেসিডেন্ট থাকাকালে ভেনেজুয়েলার দ্রুত সম্প্রসারিত ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগণের সমর্থন পেতে মাদুরো উদ্যোগী ছিলেন। তিনি নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আরও পড়ুন: আইসিজে: রোহিঙ্গা নির্মূল অভিযানে ১০ হাজারের বেশি হত্যার প্রমাণ
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন