ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?


ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে আন্দোলনে কার্যত নীরবতা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও জ্ঞানেশ কুমারকে নিয়ে আগের মতো সরব নয় সংগঠনের নেতারা।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ককরোচ পার্টি কি শেষ পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে আসছে? এই প্রশ্নের জবাবে সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, "আন্দোলন থেমে যায়নি। বরং একাধিক কর্মসূচি নিয়ে এখনো রাস্তায় রয়েছেন তারা।"

শনিবার সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীপাবলির সময় পরিবারকে সময় দেওয়ার জন্য কয়েক দিনের বিরতি নেওয়া হয়েছিল। তবে সেই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া বলে ব্যাখ্যা করা ঠিক নয়।

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন

আশুতোষ রাঙ্কা জানান, এই মুহূর্তে তাদের সংগঠনের মূল লক্ষ্য তিনটি বিষয়। প্রথমত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে ‘স্কুল ঠিক করো’ অভিযান ফের শুরু করা। তৃতীয়ত, সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এখনো বহাল রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আশুতোষ বলেন, "মাত্র ১৫ দিনের বিরতিকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখানো হচ্ছে।" তার বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনও দীপাবলির সময় বিরতি নিয়েছিল। তাহলে শুধু তাদের সংগঠনকেই কেন আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়তে হচ্ছে?

তিনি আরো জানান, আগামী দিনে পুনে ও গোয়ায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলন এবং সাংগঠনিক কাজ চালানো হবে। এর আগে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেপ্টেম্বর মাসে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি। তাদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং নির্বাচন কমিশন শাসক দলকে সুবিধা করে দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, ভুয়া ও একাধিক জায়গায় নথিভুক্ত ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করার কোনও ঘোষণা করেনি ককরোচ জনতা পার্টি। বরং আন্দোলনের পাশাপাশি সংগঠন বিস্তার এবং শিক্ষা সংস্কারের দিকে নজর দিচ্ছে তারা। তবে আগামী দিনে কবে ফের দেশজুড়ে বড় বিক্ষোভ শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেনি সংগঠনটি।

আরও পড়ুন: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় নতুন রেফারেল ব্যবস্থা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় নতুন রেফারেল ব্যবস্থা চালু

পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, হুমকি ও হয়রানির শিকার সাংবাদিকদের জন্য চিকিৎসা, আইনি, মনোসামাজিক ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক সহায়তা প্রদান করতে রেফারেল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় বিপদগ্রস্ত সাংবাদিকরা স্থানীয় অংশীদার সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে গুরুতর আহত ১২৮ জন সাংবাদিককে এককালীন ১৯ হাজার ১৮০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে বাস্তবায়িত ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে তৌফিক আজিজ খান সেমিনার হলে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স। এই কর্মশালায় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকি মোকাবেলা, অভিযোগ গ্রহণ এবং বিপদগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত সহায়তা দেওয়ার বিদ্যমান নীতিমালা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ নিয়ে সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ ও কার্যকর করার লক্ষ্যে আলোচনা করা হয়।

কর্মশালায় বাস্তব ঘটনা পর্যালোচনা করে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়। এ সময় বিপদগ্রস্ত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মতি নেওয়া এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে একজন ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ এবং তার বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের সুপারিশও করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন বিভাগের প্রধান ওয়াসিউর রহমান তন্ময় জানান, সহায়তা পাওয়ার জন্য আবেদনকারী সাংবাদিকের প্রেসকার্ড, স্থায়ী চাকরি, সদস্যপদ কার্ড কিংবা পুলিশের কাছে করা মামলার প্রয়োজন হবে না। প্রকাশিত প্রতিবেদন, কাজের নমুনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য অথবা চিকিৎসার নথিপত্রের ভিত্তিতে আবেদন করা যাবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং জরুরি সহায়তার সংস্থান রাখার আহ্বান জানান।

মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা নুসরাত ফাতিমা বলেন, সাংবাদিকতা পেশায় যুক্ত ব্যক্তিরা নানা ধরনের গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই গণমাধ্যমকর্মীদের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর কর্মকর্তা মো. নূরে আলম জানান, কর্মশালার পরবর্তী ধাপে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি

ভারতের রাজস্থানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল কংগ্রেস একটি বড় জয় অর্জন করেছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলা পরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বিজেপির দ্বিগুণেরও বেশি। পঞ্চায়েত সমিতিতেও দলটির আসন সংখ্যা বিজেপির চেয়ে অনেক বেশি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৩৭ জেলার জেলা পরিষদের ১ হাজার ২৭৫টি আসনের মধ্যে ১ হাজার ২৭১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে কংগ্রেস পেয়েছে ৭৯৪টি আসন, যেখানে বিজেপির আসন সংখ্যা ৩৫৭টি। অন্যদিকে, পঞ্চায়েত সমিতির ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে ৭ হাজার ৫২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে কংগ্রেস ৩ হাজার ৭৫৮টি আসন পেয়েছে, আর বিজেপি পেয়েছে ২ হাজার ২১৩টি।

জেলা পরিষদে কংগ্রেস বিজেপির চেয়ে ৪৩৭টি আসনে এগিয়ে রয়েছে। পঞ্চায়েত সমিতিতে দুই দলের আসন সংখ্যার মধ্যে ব্যবধান ১ হাজার ৫৪৫। এছাড়া, পঞ্চায়েত সমিতিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৪৯৭টি এবং ভারত আদিবাসী পার্টি (বিএপি) ২৭৮টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসন লাভ করেছে।

রাজ্যের ৪১ জেলার মধ্যে ৩৭ জেলায় ভোট গণনা সম্পন্ন হয়েছে। কোটা, বারান, করৌলি ও শ্রীগঙ্গানগর জেলার ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এসব জেলার ভোট গণনা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলে প্রকাশিত আসন সংখ্যা এখন পর্যন্ত ঘোষিত ফলাফলের হিসাব।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য এই ফলাফল একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে রাজ্যের নগর স্থানীয় সরকার নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার পর গ্রামীণ নির্বাচনে কংগ্রেসের এই সাফল্য দুই দলের রাজনৈতিক অবস্থানের ভিন্ন চিত্র তুলে ধরেছে।

রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়ে দলের কোথায় ঘাটতি ছিল, তা পর্যালোচনার কথা জানিয়েছেন। অপরদিকে, কংগ্রেসের নেতারা এই ফলাফলকে রাজ্যের গ্রামীণ ভোটারদের সমর্থন ফিরে পাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের এই ফলাফল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জোগাবে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় সমর্থন ধরে রাখা ও বাড়ানোর ক্ষেত্রে বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হলো। তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, জরুরিতে ৬টি সচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, জরুরিতে ৬টি সচল

বান্দরবানে সরকারি ব্যবস্থাপনায় থাকা ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৯টি দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় রয়েছে। শহরের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কোনোটিরই নিজস্ব অ্যাম্বুলেন্স নেই।

এদিকে, পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দুটি অ্যাম্বুলেন্সও অকেজো হয়ে পড়ে রয়েছে। এই অবস্থায় জরুরি মুহূর্তে রোগী পরিবহনের জন্য সরকারি ছয়টি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে জেলার কয়েক লাখ মানুষের।

জেলার বাসিন্দাদের মতে, দুর্গম পাহাড়ি জনপদ থেকে মুমূর্ষু রোগীকে জেলা সদরে আনা কিংবা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্সই তাদের ভরসা, কিন্তু প্রয়োজনের সময় তা না পাওয়ায় অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

বিকল্প যানবাহনের ওপর এই নির্ভরতার ফলে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে; হাসপাতাল পৌঁছানোর সময় দীর্ঘ হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, দুর্ঘটনা, প্রসূতি জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলা সাতটি উপজেলা, সাতটি থানা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা এবং এক হাজার ৪৮২টি গ্রাম নিয়ে গঠিত। ৩০০ নম্বর সংসদীয় আসনে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, চার লাখ ৮১ হাজার ১০৬ জন পাহাড়ি-বাঙালি এক লাখ ছয় হাজার ১৫৫টি পরিবারে বসবাস করেন।

তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। এই বিপুলসংখ্যক মানুষের জরুরি রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ১৫টি, যার মধ্যে সচল মাত্র ছয়টি।

সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবান সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পৌরসভা এবং রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ জেলার সাত উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মোট ১৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ২০২৪ সাল থেকে ৯টি বিকল হয়ে রয়েছে। অথচ জেলার দুর্গম লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের মতো পাহাড়ি জনপদ থেকে গুরুতর অসুস্থদের জেলা সদরে নিয়ে আসতে হয়।

অনেক ক্ষেত্রে জেলা সদরেও প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় প্রায় সময় চট্টগ্রামে পাঠানোর প্রয়োজন পড়ে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা এমনিতেই নাজুক। কোথাও সরু পাহাড়ি সড়ক, কোথাও খাড়া ঢাল, কোথাও আবার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ইঞ্জিনচালিত নৌকা কিংবা পায়ে হেঁটে। এর সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।

থানচি উপজেলার বাসিন্দা অংচাচিং মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজন গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর জীবন আরো ঝুঁকিতে পড়ে। তাই বাধ্য হয়ে অনেক পরিবার চাঁদের গাড়ি, জিপ কিংবা বাসের মতো বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করেন। এতে রোগীর শারীরিক কষ্ট বাড়ে, অন্যদিকে সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ভোষণ জয় তঞ্চঙ্গ্যা। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের সংকটে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রাণ হারান হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী হ্লায়ইনু মারমা।

বান্দরবান পৌর শহরের বাসিন্দা আবু তৈয়ব জানান, গত সপ্তাহে তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে চট্টগ্রামের কেরানিহাট থেকে অ্যাম্বুলেন্স এনে বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়।

শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই নয়, বিকল্প হিসেবে ব্যবহারের কথা থাকলেও পৌরসভা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল।

বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল। বর্তমানে সেটি সংস্কার করা হচ্ছে। তবে রোগী পরিবহনের উপযোগী করতে আরো সময় লাগবে।

বান্দরবান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে বিকল বলে জানান চিকিৎসক কামরুল মনির রিবন। বিষয়টি জেলা পরিষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সংস্কার করা সম্ভব হয়নি।

জেলার অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন মো. শাহীন হাসাইন চৌধুরী বলেন, জেলার সাত উপজেলায় সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে থাকা মোট ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে বর্তমানে মাত্র ছয়টি সচল। বাকি ৯টি অচল। এর মধ্যে কয়েকটি এতটাই নষ্ট যে সেগুলো আর মেরামত করাও সম্ভব নয়। বিষয়টি বিভিন্ন সময় জেলা পরিষদের সভা ও চিঠিপত্রের মাধ্যমে জানানো হয়েছে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টিও তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী জেলার প্রত্যেক বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানেই তা নেই। বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্স থাকলে মুমূর্ষু রোগী পরিবহনে সরকারি ব্যবস্থার ওপর চাপ কমতো, রোগীও দ্রুত সেবা পেতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জলছত্র কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বিকন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আ. হামিদ, উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক নাজমুল হক।
এ সময় পরীক্ষা হল সচিব ইউসুফ হোসেন, প্রতিষ্ঠানের সদস্য শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শকরা পরীক্ষার হলের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তারা পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%