০৩:৪৩ পি.এম
বিনোদন জগতে খুব একটা দেখা যায় না এমা ওয়াটসনকে। তবে বিরল এক জনসমক্ষে উপস্থিত হয়ে তিনি নজর কাড়লেন ‘হ্যারি পটার’ তারকা হিসেবে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ল্যাকমা আর্ট+ফিল্ম গালায় এমা রুবি-লাল রঙের এক গাউন পরে হাজির হন।
৭ নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এমা রেড কার্পেটে পোজ দেননি। তবে পরে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের ছবি শেয়ার করেন। ফটোগ্রাফার রিচ স্ট্যাপলটনের তোলা ছবিতে গাউনটির বিস্তারিত দেখা যায়।
গাউনটি ছিল কর্সেটের আদলে তৈরি, যাতে বিশেষ কারুকাজ ও কাঁধ খোলা নকশা ছিল। শিল্পী ক্যারোলিন জিম্বালিস্ট গাউনটি ডিজাইন করেছেন। এমার পোশাকের স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন জ্যারেড এলনার।
আরও পড়ুন: বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে আছেন যারা
পোশাক তৈরির প্রক্রিয়াটিও ছিল বেশ ব্যতিক্রমী। এমা জানান, জিম্বালিস্ট বায়োপলিমারভিত্তিক একটি উপাদান তৈরি করেন। সেটি গরম করে মেশানোর পর সরাসরি সিল্কের ওপর হাতে ঢেলে দেওয়া হয়। উপাদানটিকে নরম ও নমনীয় রাখতে উদ্ভিদ থেকে পাওয়া গ্লিসারিন ব্যবহার করা হয়।
পোশাকটির সঙ্গে পরিবেশ সচেতনতার বিষয়টিও তুলে ধরেছেন এমা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘প্রকৃতি আমাদের অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস।’ তিনি আরও উল্লেখ করেন, যেসব বন্য পরিবেশ আমাদের অনুপ্রাণিত করে, সেখানেই প্লাস্টিক বর্জ্য জমা হয়।
ডিজাইনার জিম্বালিস্টের ভাষায়, এই পোশাক ফ্যাশন, ভাস্কর্য ও পারফরম্যান্স আর্টের মাঝামাঝি এক সৃষ্টি। এমা পোশাকটি তৈরিতে যুক্ত পুরো দলকেও ধন্যবাদ জানিয়েছেন।
‘হ্যারি পটার’ সিরিজে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে এমা ওয়াটসন বিশ্বজুড়ে পরিচিতি পান। ২০১১ সালে সিরিজের শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২’ মুক্তি পায়। এরপর ২০১৯ সালে ‘লিটল উইমেন’ সিনেমায় মেগ মার্চ চরিত্রে অভিনয় করেন তিনি। এটিই তার সর্বশেষ উল্লেখযোগ্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়।
আরও পড়ুন: সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
তবে এমা অভিনয় থেকে অবসরের ঘোষণা দেননি। ২০২৫ সালের সেপ্টেম্বরে জে শেথির ‘অন পারপাস’ পডকাস্টে তিনি জানান, অভিনয় ছাড়ার কথা কখনোই বলেননি। বরং তিনি আবারও অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন