ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার নিয়ন্ত্রণ এখন কন্যার হাতে


জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার নিয়ন্ত্রণ এখন কন্যার হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ববিখ্যাত কোম্পানি এনভিডিয়াতে (Nvidia) সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের কন্যা ম্যাডিসন হুয়াংয়ের উত্থান এবং কোম্পানির অভ্যন্তরে তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রযুক্তি জগতে চলছে বিভিন্ন আলোচনা। তিনি কীভাবে প্রযুক্তি খাতের এই শীর্ষ প্রতিষ্ঠানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়ে উঠলেন, তা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাডিসন হুয়াংয়ের ক্যারিয়ারের সূচনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি প্রযুক্তি বা প্রকৌশল নিয়ে পড়াশোনা না করে হোটেল ব্যবস্থাপনা, ফাইন ওয়াইন এবং রন্ধনশিল্প বা কুলিনারি আর্টস নিয়ে পড়াশোনা করেন। তিনি মায়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো বে এরিয়ার বিভিন্ন নামী রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করার পাশাপাশি সোমেলিয়ার বা ওয়াইন বিশেষজ্ঞ হিসেবেও প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে লন্ডন বিজনেস স্কুল থেকে মার্কেটিং ও স্ট্র্যাটেজির ওপর এমবিএ ডিগ্রি অর্জন করার পর তিনি বিলাসপণ্য বা লাক্সারি মার্কেটিংয়ের জগতে প্রবেশ করেন। ২০২০ সালে তিনি এনভিডিয়ায় যোগদান করেন।

প্রাথমিকভাবে প্রোডাক্ট মার্কেটিংয়ের সাথে যুক্ত হলেও, সময়ের সাথে সাথে এনভিডিয়ার ভেতরে তার প্রভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। বর্তমান ও সাবেক একাধিক কর্মীর ভাষ্য অনুযায়ী, তিনি অনানুষ্ঠানিকভাবে তার বাবার চিফ অব স্টাফ হিসেবে কাজ করছিলেন এবং কোম্পানির বিপণন, যোগাযোগ ও কৌশলগত সিদ্ধান্তে শীর্ষ নির্বাহীদের ছাপিয়ে বিশাল প্রভাব বিস্তার করতেন। বিশেষ করে ফিজিক্যাল এআই (Physical AI) এবং রোবোটিক্স প্ল্যাটফর্মের প্রসারে তার ভূমিকা উল্লেখযোগ্য। তবে কোম্পানির অন্দরে তার কঠোর কর্মপদ্ধতি এবং ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের কারণে কিছু অভ্যন্তরীণ অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

বাবার পদত্যাগের পরও এনভিডিয়ার জটিল করপোরেট সমীকরণে ম্যাডিসন হুয়াংয়ের এই অবস্থান এবং তার ভবিষ্যৎ ভূমিকা এখন প্রযুক্তি খাতের অন্যতম আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখে কঠোর অবস্থানের কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিফলন নেই: পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


মুখে কঠোর অবস্থানের কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিফলন নেই: পরওয়ার

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা লিখেছেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জের মানুষ আজ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষ অংশে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, "এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


বাকৃবি শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী প্রয়াত আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাগরিবের নামাজের পর হলের মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, হলের বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া হলের হাউজ টিউটর, হল শাখা ছাত্রদলের নেতাকর্মী, আবাসিক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মাহফিলে অংশ নেন। এ সময় মরহুম আবরার নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, আবরার নোমান বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ, চিকিৎসকদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ এম


বাংলাদেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ, চিকিৎসকদের সতর্কতা

দেশে অপরিণত নবজাতকের জন্ম একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। বর্তমানে, অপরিণত জন্মের হার আনুমানিক ১৬.২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), আধুনিক চিকিৎসাব্যবস্থা যা শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। তবে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা জানান, এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ‘বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উপলক্ষে’ এক সেমিনারে চিকিৎসকরা এসব তথ্য উপস্থাপন করেন। নবজাতক বিভাগ, বিএমইউ এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে এবং প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় সেমিনারে বৈজ্ঞানিক অধিবেশন, বিষয়ভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ’। দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক ও বিএমইউর ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা। সার্বিক পরিচালনা ও প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএফের সাইন্টিফিক সাবকমিটির চেয়ারম্যান ও বিএমইউর নিওনেটাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান এবং বিএমইউর সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ফেইজ বি-এর রেসিডেন্ট ডা. সামিরা খান ও ডা. সিরাজুম মনিরা। সঞ্চালনায় ছিলেন ডা. নাদিয়া।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই বিশ্ব অপরিণত নবজাতক দিবসের মূল বার্তা—প্রতিটি অপরিণত নবজাতকের শুধু বেঁচে থাকার অধিকারই নয়, বরং সুস্থভাবে বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ নিশ্চিত করা—আমাদের দায়িত্ব। এটি অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চা-বিস্কুট নাস্তা করলে শরীরে নানা সমস্যা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ এম


চা-বিস্কুট নাস্তা করলে শরীরে নানা সমস্যা হতে পারে

সকালে ক্ষুধা অনুভূত না হলে চা-বিস্কুট দিয়ে হালকা নাস্তা গ্রহণ করা যেতে পারে। এক মাস ধরে এভাবে খেলে শরীরে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

চিনি যুক্ত চা এবং ময়দা, ফ্যাট ও অতিরিক্ত চিনি দিয়ে তৈরি বিস্কুট একসাথে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। কারণ, এই খাদ্যদ্রব্যগুলিতে পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, কিন্তু প্রোটিন ও ফাইবারের পরিমাণ তুলনায় কম। এর ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স উচ্চ হয়ে যায়। ফলে শরীরের শর্করা দ্রুত শোষিত হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিনের নিঃসরণও বেশি হয়ে যায়। যদি এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের সৃষ্টি হতে পারে।

চা-বিস্কুট খেয়ে সাময়িকভাবে পেট ভরলেও তা দীর্ঘ সময় ধরে পেট পূর্ণ রাখতে পারে না। বিস্কুটে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের অভাব থাকায় খাবার হজম হয়ে যাওয়ার পর আবারও ক্ষুধা অনুভূত হতে পারে। কিছু ব্যক্তির ক্ষেত্রে এর সঙ্গে ক্লান্তি, বিরক্তি বা কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে এমন খাবার গ্রহণ করলে রক্তে শর্করার ওঠানামা এবং ইনসুলিনের কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চা-বিস্কুটে ক্যালোরি থাকার পরেও শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয়। এই খাবারে সাধারণত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ও খনিজের পরিমাণ কম থাকে। বরং এটি পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি এবং ট্রান্স বা স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর। নিয়মিত প্রোটিনের অভাব থাকলে পেশির স্বাস্থ্য এবং দীর্ঘ সময় পেট ভর্তি রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

এর ফলে কী কী হতে পারে?

· ফাইবারের অভাবে হজমপ্রক্রিয়ার গোলমাল এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে।

· চায়ের ট্যানিন আয়রন শোষণ ব্যাহত করে, ফলে রক্তাল্পতা দেখা দিতে পারে।

· বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও ফ্যাটের কারণে অপ্রয়োজনীয় ক্যালোরি শরীরে প্রবাহিত হতে পারে।

· নিয়মিত বেশি পরিমাণে বিস্কুট খেলে ওজন ও কোলেস্টেরলের মাত্রার উপর প্রভাব পড়তে পারে।

· চা-বিস্কুটের অভ্যাসে অম্বলের সমস্যা বৃদ্ধি পেতে পারে কিছু ব্যক্তির ক্ষেত্রে।

· প্রতিদিন এমন খাদ্যাভ্যাস শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।

তবে মাত্র ৩০ দিন চা-বিস্কুট খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবিটিস তৈরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়। খাবারের পরিমাণ, সারাদিনের খাদ্যাভ্যাস, শারীরচর্চা এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর এর প্রভাব নির্ভর করে।

কী করণীয়?

সকালের চায়ের অভ্যাস একেবারে ত্যাগ করার প্রয়োজন নেই। চায়ে চিনি কমিয়ে আদা, এলাচ বা দারচিনি দিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে। তবে বিস্কুটের পরিবর্তে প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া উচিত। মাখানা, ওট্‌সের চিলা, বেসনের চিলা, ডিম সেদ্ধ ইত্যাদি খাবার সকালের জন্য উপযুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%