০৭:৩৩ পি.এম
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের মাধ্যমে বর্জ্য অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এই অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়েছে, পাশাপাশি ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ব্যবহৃত হয়েছে ২টি এস্কেভেটর এবং ৫টি ড্রাম ট্রাক।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্তৃক দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: রাজধানীতে স্বাভাবিক অফিস-আদালত, সচল ব্যবসাপ্রতিষ্ঠান
বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন