ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী


সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট।

গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

এ জন্যে চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। তবে, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়।

আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা

রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল বলেন, গ্রামাঞ্চলে এখনও পাঁচ থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে। নওয়াপাড়া শিল্পাঞ্চলেও বিদ্যুৎ সংকট রয়েছে।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন কোনো বিদ্যুতের ঘাটতি নেই। ঝড়-বৃষ্টি, গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

তবে সেটিকে লোডশেডিং বলা ঠিক নয়।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি গঠন, যুক্ত হচ্ছে অটোমেশন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।

দেশে বিদ্যুতের চাহিদা পূরণে সরকার জীবাশ্ন জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বারোপ করেছে।

দেশে ৭ হাজার ৯২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এছাড়া ৬৬৫ মেগাওয়াট সম্মিলিত উৎপাদন ক্ষমতাসম্পন্ন মোট ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া চলমান। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

মন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে কার্যক্রম হাতে নিচ্ছে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবস শনিবার, ঢাকা সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠান

জামায়াতের এমপি গোলাম রছুলের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, তাপমাত্রা অত্যাধিক বাড়ার ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

২০২৬ সালের প্রক্ষেপিত বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, গ্যাসভিত্তিক, কয়লাভিত্তিক ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ সম্পন্ন করে বিদ্যুৎ কেন্দ্রসমূহ উৎপাদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ঘাটতিজনিত কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না।

আরও পড়ুন: জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন মন্তব্য করেছেন যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। তিনি রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সানসিলা জেবরিন উল্লেখ করেন, “শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। যে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।”

তিনি শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা উল্লেখ করে বলেন, “সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে—বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। যেখানে সিনিয়র কনসালট্যান্টের ১০টির মধ্যে ১০টি পদই শূন্য, সেখানে প্রতিদিন ৭০০ রোগীর চাপ সামলাতে হিমশিম খান চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা। সেখানকার অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই। নয়তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।”

এ এমপি বলেন, “করোনাকালীন সময়ে শেরপুর সদর হাসপাতালে প্রায় ১১ কোটি টাকায় একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমানে শেরপুর সদর হাসপাতালের ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের অপরাধের আখড়ায় পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে।”

তিনি অভিযোগ করেছেন, “২০১৮ সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ বা কর্মী নিয়োগ দেওয়া হয়নি। গত আট বছরে ছয়বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

গত বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাজে মৌসুম কাটানোর কারণে আসন্ন বিশ্বকাপের দলে এই মিডফিল্ডারকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।

ফলে সতীর্থরা যখন মহাযজ্ঞের মঞ্চে অগ্নিপরীক্ষা দিতে নিজেদের প্রস্তুত করছে, কামাভিঙ্গা নিজেকে ব্যস্ত রেখেছেন ফুটবলের বাইরে ভিন্ন এক ধরনের প্রশিক্ষণে।

২৩ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন, মিডিয়া এবং স্পোর্টস ব্যবসা নিয়ে একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে কামাভিঙ্গা মাত্র ৪৯ মিনিটের জন্য বদলি হিসেবে খেলেছিলেন।

সেই ফাইনালে ফ্রান্স পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

তবে এবার যখন তার সতীর্থরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যাম্পে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই ফরাসি মাত্র পাঁচ মাইল দূরের হার্ভার্ডে পড়াশোনায় ব্যস্ত সময় পার করেছেন।

তিনি হার্ভার্ডে কাটানো সময়ের ছবি এবং তার সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

সেই পোস্টে তার সতীর্থসহ অনেক ফুটবলার মন্তব্য করেন, যার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

কামাভিঙ্গা লেখেন, 'কয়েক দিন শেখা, শোনা এবং বেড়ে ওঠা। হার্ভার্ড বিজনেস স্কুলে অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।'

২০২০ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় কামাভিঙ্গার।

তিনি এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে দেশাম কামাভিঙ্গাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, তার বাজে মৌসুম, কিছু ইনজুরি এবং দলে তীব্র প্রতিযোগিতাই মূল কারণ।

দেশাম আরও বলেন, 'আমি তার সম্ভাবনা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছি না। তবে সে আমার সিদ্ধান্তে রাগ করতেই পারে, আমি বুঝি।'

কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

তবে গত দুই মৌসুম ক্লাবটি কোনো ট্রফি জিততে পারেনি।

তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং অঔরেলিয়ে চুয়ামেনি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলবেন।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাসুদ খান এবং নবনিযুক্ত তিন কমিশনারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।

আজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময়, তারা তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশিস বড়–য়া, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে আজ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত কমিশনের সভা শুরু হয়। সভায়, বিএসইসির সার্বিক কার্যক্রম, দেশের পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের রোডম্যাপ, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে বিএসইসির কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময়, বিএসইসির চেয়ারম্যান ও সকল কমিশনারের পাশাপাশি, ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে, ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে, দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিশেষ কর্মশালার আয়োজন, জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


রাজধানীতে বিশেষ কর্মশালার আয়োজন, জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়

জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে ‘অপরাজিত ২৪ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে।

রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএসে এই মানসিক স্বাস্থ্যসেবা কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছিল এই আয়োজন, যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের ট্রমা ও মানসিক চাপ মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

আহতদের সেবায় এটি ছিল ফাউন্ডেশনের দশম মানসিক স্বাস্থ্যসেবা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথ-এর চিকিৎসক ডা. আবদুল্লাহ হাসান কর্মশালাটি পরিচালনা করেন এবং এতে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিত ২৪ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির ট্রেজারার বীর প্রতীক কর্নেল (অব.) আব্দুস সালাম।

কর্মশালায় মূলত যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়: কর্মশালাটি আহত যোদ্ধাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে, যেখানে তারা নিজেদের মানসিক চ্যালেঞ্জগুলো মন খুলে আলোচনার সুযোগ পান।

সিলেটের বাবনা পয়েন্টে আন্দোলনে অংশ নিয়ে একটি চোখ হারানো ১৯ বছর বয়সি মিজান আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, 'জুলাই আন্দোলনে আহত হওয়ার পর শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অনেক কঠিন সময় পার করেছি। অপরাজিত ফাউন্ডেশন-এর কর্মশালায় এসে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোদ্ধাদের অভিজ্ঞতা আমাকে নতুন করে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি জুগিয়েছে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. এম মুস্তাজিব হায়দার। এ ছাড়া নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন হবিগঞ্জের শাইনুর মিয়া, মিরপুরের নূর হোসেন, মগবাজারের সাব্বির আহমেদসহ আন্দোলনে চোখ বা পা হারানো বেশ কয়েকজন অকুতোভয় যোদ্ধা।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সভাপতি ড. পারভীন রহমান বলেন, 'পুনর্বাসন শুধু চিকিৎসা বা আর্থিক সহায়তার বিষয় নয়। এটি মর্যাদা, আত্মবিশ্বাস, আশা এবং সমাজে পুনঃঅন্তর্ভুক্তির সুযোগ ফিরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। আমাদের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যেন অনুভব করেন তারা একা নন।'

২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই অলাভজনক মানবিক সংগঠনটি চিকিৎসা, জীবিকা, মানসিক স্বাস্থ্যসেবা ও অস্থায়ী আবাসনের মাধ্যমে একটি সমন্বিত পুনর্বাসন মডেল বাস্তবায়ন করছে। এ পর্যন্ত দেশের আটটি বিভাগের ৫০ জন আহত ব্যক্তি এবং তাদের পরিবারের ১৬৪ জন সদস্যকে সরাসরি সহায়তা করেছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় গত শনিবার (৬ জুন) দেশব্যাপী ছড়িয়ে থাকা আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে দিনব্যাপী একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয় ফাউন্ডেশনটির পক্ষ থেকে।

দৈনন্দিন সংগ্রাম থেকে সাময়িক বিরতি দিয়ে খেলাধুলা, বিনোদন ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে তাদের মানসিক স্বস্তি দেওয়াই ছিল ওই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের সমন্বিত পুনর্বাসন কাঠামো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%