ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর ধরে দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আজ জাতীয় সংসদে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্রের অভাব রয়েছে। তাদের রাজনীতি সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের উপর ভিত্তি করে। অতীতের এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।

তিনি জানান, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। সরকার নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দোষ মানুষকে ধরে নেওয়ার নীতিতে বিশ্বাস করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।

আরও পড়ুন: ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যারা থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পতিত ফ্যাসিবাদী শক্তি আর কোনো দিন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তাদের সেই রাজনৈতিক চরিত্র ও বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের অভাব রয়েছে। তাদের চরিত্র স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই বেশি দেখা যায়। এ ধরনের আচরণের মাধ্যমে তারা আবারও প্রমাণ করছে এবং ভবিষ্যতেও করবে, তারা বাংলাদেশের জন্য কল্যাণকর নয়।

তিনি সম্প্রতি বিদেশে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ও বাংলাদেশের দূতাবাসকে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণেরও নিন্দা জানান তিনি।

আরও পড়ুন: ভাঙ্গায় আ. লীগের বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর, রাতে কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হারিয়ে যাওয়া ৬০ মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সিলেটে হারিয়ে যাওয়া ৬০ মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

সিলেট, ১৭ নভেম্বর, ২০২৬ : হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) এবং সাইবার ক্রাইম ইউনিট। এই ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

এসএমপি জানায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

মোবাইল ফোন উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টার ফলে মহানগরীর ছয়টি থানা থেকে প্রাপ্ত মোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনগুলো ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে সিলেটে মোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সাধারণ মানুষকে ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ডিভাইসের বডিতে উল্লেখিত আইএমইআই নম্বরের সঙ্গে মোবাইল সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে অথবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুক থেকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পুলিশ জানায়, এসব ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাড়িতে আগুনঃ অডিও ভাইরালের পর চলছে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাড়িতে আগুনঃ অডিও ভাইরালের পর চলছে আলোচনা

গাজীপুর মহানগরের জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রীর টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা এমন একটি সময়ে ঘটেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই মন্ত্রীর কণ্ঠ দাবি করে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে আলোচনা চলছে। ওই অডিওতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়া, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ছড়িয়ে পড়া অডিওতে কথিত কণ্ঠকে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর প্রত্যেক ইউনিয়নে দুই-তিনটি বাড়িতে আগুন দেয়া হলে পরিস্থিতি পাল্টে যাবে। এমনকি আগুনে বাড়ি না পুড়লেও আগুন লাগানোর ঘটনা ঘটলেই মানুষ আতঙ্কিত হবে—এমন বক্তব্যও রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশীয় অস্ত্র ব্যবহারের কথাও শোনা যায়। পাশাপাশি ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথাও রয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিওটি ওই বৈঠকের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

দিনাজপুর, ১৭ নভেম্বর ২০২৬ : জেলা গোয়েন্দা পুলিশ একটি যুবককে গ্রেফতার করেছে, যাঁর কাছে ছয় হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল। গ্রেফতারকৃত যুবকের নাম মো. আতিক খান মিম, যিনি মনু নামেও পরিচিত, বয়স ২৮ বছর।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন জানিয়েছেন, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। গোয়েন্দা পুলিশের অভিযানে এসএ পরিবহন কুরিয়ারের ব্যবহৃত কার্টন, শোষক তুলার প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন এবং চালানের কপিও জব্দ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল কোতয়ালী থানার কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পিছনে অবস্থিত পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করার সময় আতিক খান মিমকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের হেফাজতে থাকা একটি কার্টন তল্লাশি করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ১ হাজার ৬২০ গ্রাম। কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং ক্যাশ ম্যামোসহ চালানের কপি জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক স্বীকার করেছেন যে, তিনি উদ্ধার করা মাদক দ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি জানান, তাঁর মাদক পরিবহন ও বিক্রি কাজে একটি চক্র সার্বক্ষণিক জড়িত রয়েছে।

সূত্রটি আরও জানায়, মনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে দায়েরকৃত একটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায়, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার গ্রেফতারকৃত যুবককে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


মির্জাপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. মহসীনের সঞ্চালনায় মিছিলের পূর্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সহসভাপতি মিজানুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান সিদ্দিকী ও সাজ্জাদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, সদস্য সচিব ইবাদুল সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা উল্লেখ করেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%