শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩২ এম
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো শুরু হয়েছে, যা বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীটি ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) দ্বারা পরিচালিত হচ্ছে এবং আগামী শনিবার পর্যন্ত চলবে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এনএফপিএ (ইউএসএ)-এর সহযোগিতায় এ এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি) এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। সভাপতিত্ব করেন ইসাবের প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.)। ধন্যবাদ জ্ঞাপন করেন ইসাবের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন মাহমুদ।
এক্সপোর প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসাবের যৌথ উদ্যোগে সরাসরি অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া। পাশাপাশি ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এক্সপো প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথের মাধ্যমে সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগও রাখা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের আয়োজনে প্রায় ৩০টি দেশের প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এসব দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান ১৩টিরও বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ও সাইবার সিকিউরিটি প্রযুক্তি প্রদর্শন করবে।
এবারের এক্সপোতে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শিল্পনিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।
এই প্রদর্শনীটির মাধ্যমে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
কনভেনিং স্পনসর নাফকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ এক্সপো দেশের অগ্নি ও শিল্পনিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন এবং বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ