১০:১৪ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ে অধিক সময় ধরে বক্তব্য প্রদান করেছেন। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এই অধিবেশনে, আজানের বিরতি বাদ দিয়ে বিরোধীদলীয় নেতা মোট ৪১ মিনিট ১৩ সেকেন্ড বক্তব্য রাখেন, যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন ৩৮ মিনিট ২৪ সেকেন্ড। এর ফলে, প্রধানমন্ত্রীর চেয়ে ২ মিনিট ৪৯ সেকেন্ড বেশি সময় নিয়েছেন বিরোধীদলীয় নেতা।
সংসদের কার্যবিবরণী ও সরাসরি সম্প্রচারের সময় বিশ্লেষণ করে দেখা যায়, সমাপনী অধিবেশনের বক্তব্যের শুরুতে স্পিকার বিরোধীদলীয় নেতাকে ৪০ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, বুধবারের এই সমাপনী অধিবেশনে দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৬৮ বিধিতে আনা সংক্ষিপ্ত আলোচনার নোটিশটি সমাপনী বক্তব্যের সঙ্গে একীভূত করে নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এর ফলে, তিনি দেশের সামগ্রিক অর্থনীতি, গার্মেন্টস ও শিল্পখাতের অস্থিরতা, মাতারবাড়ি প্রকল্প ও বিদেশি চুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা এবং জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
আরও পড়ুন: জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ৩৮ মিনিট ২৪ সেকেন্ডের ভাষণে বিগত স্বৈরাচারী আমলের তুলনায় নিত্যপণ্যের বর্তমান বাজারদর, আসন্ন রমজানে শুল্ক হ্রাস, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, ৪৭টি বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং পলাতক ফ্যাসিস্টদের সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। উভয় নেতার বক্তব্য শেষে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের মাধ্যমে চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন