১১:৪৭ এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : নিরাপত্তা সতর্কতার কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কোস্টারিকা সরকার প্রবেশের অনুমতি না দেওয়ায় জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত বা র্যাপোর্টার ফ্রানচেস্কা আলবানিজ শনিবার মেক্সিকোয় পৌঁছেছেন। এই ঘটনার জন্য তিনি প্রতিবেশী দেশগুলোর ‘চাপের’ সমালোচনা করেছেন।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
ফিলিস্তিনের গাজা ও অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আসছেন আলবানিজ। তিনি পূর্বে উল্লেখ করেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার ‘মিথ্যা’ অভিযোগ তুলে তাকে কোস্টারিকায় প্রবেশ করতে না দেওয়ার জন্য দেশটির সরকারকে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন: ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে স্টারলিংক ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে: রিপোর্ট
বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টা বিমানবন্দরের একটি হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পান তিনি। এরপর তিনি মেক্সিকোর উদ্দেশে রওনা হন।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ইতালীয় পাসপোর্ট হাতে বিমানে বসা একটি ছবি প্রকাশ করে আলবানিজ লিখেছেন, ‘আপাতত বিদায়। আমি কথা দিচ্ছি, কোস্টারিকা আবার স্বাধীন হলে ফিরে আসব।’
শনিবার পরে মেক্সিকোয় পৌঁছে তিনি জানান, ‘কঠিন পরিস্থিতিতে’ তাকে প্রায় দেড় দিন বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে।
মেক্সিকো সিটির বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হওয়া ফিলিস্তিনপন্থী সমর্থকদের সামনে আলবানিজ বলেন, ‘আমি জানি, এই অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর চাপ অত্যন্ত জোরালোভাবে অনুভূত হয়।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি
কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত মে মাসে ক্ষমতায় আসার পর থেকে তার সরকার ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে।
এদিকে, গাজা নিয়ে ওয়াশিংটনের নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্রও আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের অন্যতম প্রধান মিত্র।
এর আগে বিমানবন্দরে অবস্থানকালে আলবানিজ প্রশ্ন তুলেছিলেন, তাকে আটক রাখা হয়েছে কি না। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য! কোস্টারিকার সাংবিধানিক আদালত আমাকে বিমানবন্দর থেকে বের হয়ে একটি হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু অভিবাসন পুলিশ আমাকে যেতে দিচ্ছে না। তাহলে কি আমাকে আটক করা হয়েছে? সাহায্য করুন।’
একই পোস্টের ধারাবাহিকতায় তিনি অভিযোগ করেন, এয়ার ফ্রান্সের কর্মীরা বিভিন্ন অজুহাতে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন। টানা ৫০ ঘণ্টা জেগে থাকার কথা উল্লেখ করে তিনি বিমান সংস্থাটিকে আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ জানান।
আরও পড়ুন: হুথিদের সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি
শেষ পর্যন্ত শনিবার ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পান বলে নিশ্চিত করেন আলবানিজ।
এক্সে তিনি লিখেছেন, ‘অবশেষে আমি বিমানবন্দরের বাইরে। যারা আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ।’
- গভীরভাবে ক্ষুব্ধ -
কোস্টারিকা সরকার দাবি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে আলবানিজের বিরুদ্ধে একটি ‘আন্তর্জাতিক সতর্কতা’ রয়েছে। এ কারণ দেখিয়েই তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি।
আরও পড়ুন: কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান
ইতালীয় আইনজীবী আলবানিজ ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে আলবানিজ বলেন, ‘কোস্টারিকা সরকার আমার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এতে আমি গভীরভাবে ক্ষুব্ধ।’
ওই বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল। বিমানবন্দরে অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও দূর থেকে ভাষণ দেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক কোস্টারিকা সরকারকে আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তাঁর দেশ বারবার কোস্টারিকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় অগ্নি নিরাপত্তায় এআই ব্যবহারে আন্তর্জাতিক সেমিনার
শুক্রবারের ভাষণে আলবানিজ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ‘বর্ণবাদভিত্তিক বৈষম্যমূলক’ শাসনব্যবস্থাকে সমর্থন করার জন্য কোস্টারিকা সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়। আইনের শাসনের নীতি অনুযায়ী, এসব ইঙ্গিতপূর্ণ অভিযোগের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালিয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন আলবানিজ। এ কারণে ইসরাইল ও দেশটির কয়েকটি মিত্র দেশের কাছ থেকে তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদ স্বাধীন বিশেষজ্ঞদের বিশেষ প্রতিবেদক হিসেবে নিয়োগ দেয়। তারা বিভিন্ন বিষয়ে তদন্ত ও প্রতিবেদন তৈরি করেন। তবে তাঁদের বক্তব্য জাতিসংঘের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচিত হয় না। ২০২২ সালে আলবানিজকে এ দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: গাজায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সংকটে, গণহত্যা থামেনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন