ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করার কারণে ইউটিউবে প্রকাশের ঘটনায় ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি, দুই বছরের জন্য সংগীতচর্চা ও শিল্পকর্মে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

ইরানের ২৯ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে দেওয়া সাজা সোমবার (২৩ নভেম্বর) কার্যকর হয়। একই ঘটনায় তার ব্যান্ডের চার সদস্যকেও শাস্তির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

২০২৪ সালের ডিসেম্বরে ধারণ করা একটি কনসার্টের ভিডিও তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন। ‘কল্পনার কনসার্ট’ নামে পরিচিত ওই ভিডিওতে তিনি নয়টি ফারসি গান পরিবেশন করেন। ভিডিওটি এখন পর্যন্ত ৩২ লাখের বেশি বার দেখা হয়েছে।

আরও পড়ুন: গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

ভিডিওতে পারাস্তুর পরনে লম্বা পোশাক থাকলেও মাথা ছিল অনাবৃত। তার কাঁধও ঢাকা ছিল না। এ সময় তার সঙ্গে কয়েকজন পুরুষ সংগীতশিল্পী অংশ নেন।

আইনজীবীর বরাতে জানা গেছে, পারাস্তু আহমাদি এবং তার ব্যান্ডের সদস্য সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারিকে কোম শহরের প্রসিকিউটর কার্যালয়ের সাজা কার্যকরকারী বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়।

এর আগে কোমের একটি ফৌজদারি আদালত ‘সাইবার জগতে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে। পরে আপিল আদালতও সেই রায় বহাল রাখে।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের এককভাবে গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে দেশটির অনেক নারী সংগীতশিল্পী ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হন। কেউ কেউ সংগীতচর্চা ছেড়ে দিয়েছেন, আবার অনেকে দেশত্যাগ করেছেন।

আরও পড়ুন: দক্ষিণ চীন সাগর আলোচনায় চীনের অবস্থান ‘অত্যন্ত যুক্তিসংগত’: আনোয়ার ইব্রাহিম

তবে নিজের কনসার্টকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরেছিলেন পারাস্তু আহমাদি। ভিডিও প্রকাশের সময় তিনি লিখেছিলেন, ‘আমি পারাস্তু। এমন এক মেয়ে, যে তার প্রিয় মানুষদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’

গত অক্টোবরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানি কর্তৃপক্ষের প্রতি পারাস্তু ও কনসার্টে অংশ নেওয়া অন্য শিল্পীদের বেত্রাঘাতের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছিল।

ভিডিও প্রকাশের পর উত্তরাঞ্চলীয় শহর সারি থেকে পারাস্তুকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। তবে ব্যাপক জনরোষের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তেহরানের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্যাক্সি, ক্যাফে ও রাস্তাঘাটে বাজছিল পারাস্তুর গান।

আরও পড়ুন: আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত

এদিকে ইরানের অলাভজনক প্রতিষ্ঠান হাউস অব মিউজিকের প্রধান হামিদ রেজা নুরবাখশ নারী শিল্পীদের সংগীতচর্চা নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করেছেন। তার মতে, নারীদের গান গাওয়া নিষিদ্ধ করে এমন কোনো স্পষ্ট ধর্মীয় বিধান নেই। তাই বিষয়টির একটি চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন।

পারাস্তু আহমাদির এই ঘটনা ইরানে নারীদের সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংগীতচর্চার স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনের ভ্রমণে পর্যটকদের নতুন পছন্দ: নির্জন অবকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


এক দিনের ভ্রমণে পর্যটকদের নতুন পছন্দ: নির্জন অবকাশ

ভ্রমণ শুধুমাত্র নতুন স্থানে ঘুরে আসা বা ব্যস্ত জীবনের থেকে কিছুদিনের বিরতি নেওয়ার বিষয় নয়। কিছু মানুষের কাছে ছুটির আনন্দ হল পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, আবার কেউ নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে মানসিক শান্তি খুঁজে থাকেন। অনেকে ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে শরীর ও মনের যত্ন নিতে চান। সময়ের সঙ্গে পর্যটকদের এই পছন্দে পরিবর্তন আসছে। দীর্ঘ ছুটির পাশাপাশি এক দিনের ভ্রমণ, অচেনা গন্তব্য, নির্জন অবকাশ এবং সুস্থতাকেন্দ্রিক পর্যটন জনপ্রিয় হয়ে উঠছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে গুগলের ২০২৬ সালের ভ্রমণ প্রবণতা সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে ‘ওয়েলনেস ট্রাভেল’ বা সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের জন্য অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৬০০ শতাংশ। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে বিনোদনের পাশাপাশি শরীর ও মনের সুস্থতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সুস্থতা ও প্রশান্তির খোঁজে ভ্রমণ

ছুটিতে শুধু ঘোরাঘুরি নয়, বরং শরীর ও মনের যত্ন নেওয়ার সুযোগও খুঁজছেন অনেকে। যোগব্যায়াম, ধ্যান, স্পা, আয়ুর্বেদিক চিকিৎসা এবং ফিটনেস কার্যক্রমকে কেন্দ্র করে ভ্রমণের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। গুগলের তথ্য অনুযায়ী, ভারতে ‘ফিটনেস ট্রিপ’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৯৫০ শতাংশ। অর্থাৎ ছুটির সময়েও শরীরচর্চার অভ্যাস ধরে রাখতে আগ্রহী হচ্ছেন অনেক পর্যটক।

অন্যদিকে, দৈনন্দিন ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে নিরিবিলি সময় কাটানোর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ‘সাইলেন্ট রিট্রিট’ বা নীরব অবকাশ। এ ধরনের ভ্রমণে সাধারণত ধ্যান, সীমিত কথাবার্তা এবং শান্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকে। গুগলের হিসাবে, ‘সাইলেন্ট রিট্রিট’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ১৫০ শতাংশ।

বাংলাদেশেও প্রকৃতির কাছাকাছি এমন সময় কাটানোর সুযোগ রয়েছে। শ্রীমঙ্গলের চা-বাগান, রাঙামাটির কাপ্তাই হ্রদ, বান্দরবানের পাহাড় অথবা সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকার সুযোগ করে দিতে পারে।

অচেনা গন্তব্যের প্রতি বাড়ছে আগ্রহ

পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে নতুন জায়গা আবিষ্কারের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। গুগলের প্রতিবেদনে দেখা গেছে, ভারতে ‘হিডেন জেমস ইন্ডিয়া’ বা অল্প পরিচিত সুন্দর জায়গা নিয়ে অনুসন্ধান বেড়েছে ৪০০ শতাংশ।

একই সঙ্গে ‘কাছাকাছি হাইকিং ট্রেইল’ এবং ‘মিউজিক ফেস্টিভ্যাল ট্রাভেল’ নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে। অর্থাৎ পর্যটকেরা এখন শুধুমাত্র জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে দেখতেই আগ্রহী নন, বরং ভ্রমণের মধ্যে নতুন অভিজ্ঞতা খুঁজছেন। পাহাড়ি পথে হাঁটা, স্থানীয় সংস্কৃতি জানা অথবা কোনো উৎসবকে কেন্দ্র করে নতুন জায়গায় যাওয়াও ভ্রমণের অংশ হয়ে উঠছে।

বাংলাদেশেও পরিচিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ রয়েছে। সিলেটের চা-বাগান, মৌলভীবাজারের হাওর, কাপ্তাই হ্রদ অথবা কক্সবাজারের আশপাশের বিভিন্ন স্থান ভ্রমণপিপাসুদের ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।

জনপ্রিয় হচ্ছে এক দিনের ভ্রমণ

ভ্রমণের জন্য সব সময় দীর্ঘ ছুটির প্রয়োজন হয় না। কাজের ব্যস্ততার মধ্যেও অনেকে এখন কাছাকাছি কোনো জায়গায় এক দিনের জন্য ঘুরে আসতে চান। গুগলের তথ্য বলছে, গত এক বছরে ভারতে ‘ওয়ান ডে ট্রিপ নিয়ার মি’ বা কাছাকাছি এক দিনের ভ্রমণ নিয়ে অনুসন্ধান বেড়েছে ১৩০ শতাংশ। এ ক্ষেত্রে মহারাষ্ট্রে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।

বাংলাদেশেও ছুটির দিনে এক দিনের ভ্রমণের বেশ কিছু সুযোগ রয়েছে। ঢাকা থেকে সোনারগাঁ, পানাম নগর, জিন্দা পার্ক অথবা মুন্সীগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে আসা যায়। এ ধরনের ভ্রমণে দীর্ঘ ছুটি বা রাতযাপনের পরিকল্পনা ছাড়াই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।

একা ভ্রমণ, আবার নতুন মানুষের সঙ্গে পরিচয়

একাকী ভ্রমণের প্রতি আগ্রহ অব্যাহত রয়েছে। তবে একা ঘুরতে গেলেও অনেকেই চান একই ধরনের আগ্রহ রয়েছে এমন মানুষের সঙ্গে পরিচিত হতে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ‘ট্রাভেল কমিউনিটি’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৪০০ শতাংশ।

ভ্রমণ কমিউনিটির মাধ্যমে নতুন গন্তব্য সম্পর্কে তথ্য পাওয়া, দলবদ্ধ ভ্রমণের সঙ্গী খুঁজে নেওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। বিশেষ করে যারা একা ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এ ধরনের কমিউনিটি পরিকল্পনা সাজাতে সহায়ক হতে পারে। তবে অপরিচিত কারও সঙ্গে ভ্রমণে যাওয়ার আগে পরিচয় ও নিরাপত্তা যাচাই করা জরুরি।

ভ্রমণ পরিকল্পনায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভ্রমণের গন্তব্য নির্বাচন, যাতায়াতের পথ খোঁজা অথবা কয়েক দিনের ভ্রমণসূচি তৈরি—এসব কাজেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গুগলের প্রতিবেদনে দেখা গেছে, ভারতে ‘এআই ফর ট্রাভেল’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৬০০ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্যটকেরা গন্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে, সম্ভাব্য ভ্রমণসূচি তৈরি করতে এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারেন। তবে হোটেল বুকিং, পরিবহন, প্রবেশমূল্য ও পর্যটনকেন্দ্রের খোলার সময়ের মতো তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।

বদলে যাচ্ছে ছুটি কাটানোর ধারণা

ভ্রমণের ধারণা এখন আর শুধুমাত্র দর্শনীয় স্থান ঘুরে দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। কেউ খুঁজছেন অ্যাডভেঞ্চার, কেউ নিরিবিলি পরিবেশে বিশ্রাম, আবার কেউ অল্প সময়ের ছুটিতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তুলে ধরা গুগলের অনুসন্ধান-তথ্য ভারতীয় পর্যটকদের এই পরিবর্তিত আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাই সরকারি ভূমি অফিসের গাড়ি চালকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম দিরাই সুনামগঞ্জ

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


দিরাই সরকারি ভূমি অফিসের গাড়ি চালকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে দুই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও জমির নামজারি সম্পন্ন হয়নি। ফেরত পাননি টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী দুই ব্যক্তি।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হুমায়ূন কবির। অভিযোগে বিপ্লব বর্মনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদ (পিতা: মৃত চাম্পা মুন্সী) ও হুমায়ূন কবির (পিতা: মৃত কাছন উল্লা) তাঁদের পৃথক দুটি জমির নামজারি জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে ২০২৩ সালে দিরাই উপজেলা ভূমি অফিসে যান।

এ সময় ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মন তাঁদের দ্রুত নামজারি করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণ নিয়মে নামজারি করতে দীর্ঘ সময় লাগতে পারে জানিয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে মাত্র ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বিপ্লব বর্মন তার আপন ছোট ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে নামজারির আবেদন করার ব্যবস্থা করেন। পরে বিজয় বর্মনের কাছে নগদ লেনদেনের মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার ৮০০ টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী হুমায়ূন কবির জানান, প্রথমে নামজারির বিষয়ে ভূমি অফিসের কর্মকর্তার পরামর্শ নিতে গেলে তাঁকে অনলাইনে আবেদন করার কথা বলা হয়। পরে অফিস থেকে বের হওয়ার পর বিপ্লব বর্মন তাঁদের দ্রুত নামজারি করে দেওয়ার আশ্বাস দেন। নামজারির প্রক্রিয়া জটিল মনে হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে তাঁরা টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই শুরু হয় ভোগান্তি।

হুমায়ূন কবির আরও বলেন, ২০২৩ সালে আমি ৪ হাজার টাকা এবং তারেক মাহমুদ ১১ হাজার ৮০০ টাকা দিয়েছি। বিপ্লব বর্মন বলেছিলেন, ১৫ দিনের মধ্যে নামজারি করে দেবেন। কিন্তু প্রায় তিন বছর পার হয়ে গেলেও কাজ হয়নি। বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায় না। কখনো আজ, কখনো কাল বলে সময়ক্ষেপণ করেছেন। এখন পর্যন্ত আমাদের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিপ্লব বর্মন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,টাকা নিয়েছি, তবে আমার ছোট ভাই বিজয় বর্মন টাকা ও দোকান বিক্রি করে চলে গেছে। টাকা সে নিয়ে গেছে, আমাকে দেয়নি। তারপরও তাঁদের বলেছি, নামজারি করে দেব, একটু সময় লাগবে।

কত টাকা নেওয়া হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি ১৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন,অভিযোগপত্রটি পেয়েছি। তদন্তসাপেক্ষে বিষয়টি দেখা হবে।

নামজারির মতো সরকারি সেবা পেতে গিয়ে একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের টাকা ও কাগজপত্র ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় পূর্ণিমার দিনে শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


কুয়াকাটায় পূর্ণিমার দিনে শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহনের মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঐতিহ্যবাহী রাস উৎসবের পুণ্যস্নান পর্ব সমাপ্ত হয়েছে। মঙ্গলবার ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন।

একই দিন বিকেল থেকে কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও লোকজ আয়োজনের মাধ্যমে আগামী তিন দিন মেলাপ্রাঙ্গণ মুখরিত থাকবে।

সোমবার সন্ধ্যায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অধিবাসের মাধ্যমে এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলে পূজা-অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম সংকীর্তন। মঙ্গলবার ভোরে পূর্ণিমার পুণ্যতিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে শুরু হয় পুণ্যস্নান।

ভোর থেকেই সৈকতে জড়ো হতে থাকেন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের পূর্বে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। কেউ হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর নিয়ে সাগরের জলে অর্পণ করেন। নারীদের উলুধ্বনিতে সৈকত মুখর হয়ে ওঠে। অনেকে মানত পূরণ, প্রায়শ্চিত্ত ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মাথা ন্যাড়া করেন এবং পিণ্ডদান করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে গঙ্গাস্নানের মাধ্যমে পাপমোচন ও পুণ্যলাভ হয়। পাশাপাশি নিজেদের ও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় তাঁরা এ ধর্মীয় আচার পালন করেন।

স্নান করতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, "নানা রকম সমস্যার মধ্যেই এ বছরটা পার করেছি। সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সেই মনোবাসনা নিয়ে কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।"

সাতক্ষীরা থেকে আসা পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, "রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের একটি পবিত্র মাধ্যম। ভক্তরা বিভিন্ন উপকরণ নিয়ে সাগরের জলে স্নান করেন। এরপর পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জনের পাশাপাশি নিজের ও পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।"

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, "প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এবারও উৎসবের আয়োজন করা হয়েছে। হাজারো পুণ্যার্থীর আগমনে সৈকত মুখর হয়ে উঠেছিল।"

কুয়াকাটায় পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা শেষ হলেও রাস উৎসবের আয়োজন চলবে কলাপাড়ায়। মঙ্গলবার বিকেল থেকে পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাসমেলা।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, পুণ্যার্থী ও পর্যটকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুয়াকাটায় পুণ্যস্নান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি রওনা হন।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন তিনি প্রত্যক্ষ করবেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%