০৬:৫৮ এম
নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌরসভার উন্নয়নকাজ পরিচালনার জন্য বরাদ্দ পাওয়া মূল্যবান সরকারি যন্ত্রপাতি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। যন্ত্রপাতির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে গেছে, আবার কোনো গাড়ির চাকা পাংচার হয়ে রয়েছে, এবং ব্যাটারি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অন্তত ৬ থেকে ৭টি যানবাহন ও ভারী যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, যেমন এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি। উন্নয়নকাজ, উচ্ছেদ অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রমে বাইরে থেকে ভাড়ায় আনতে হচ্ছে এসব যন্ত্রপাতি। এর ফলে সরকারি সম্পদের অপচয় হচ্ছে এবং নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার সংরক্ষিত স্থানে পড়ে থাকা যন্ত্রপাতিগুলোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে। কিছু যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে। কোনো গাড়ির চাকা পাংচার, আবার কোনোটি ব্যাটারিবিহীন অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সাবেক পৌর মেয়রের ব্যবহৃত একটি প্রাইভেট কারও অচল অবস্থায় রয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৯ ও ২০২০ সালের দিকে এসব যন্ত্রপাতি ও যানবাহন বরাদ্দ হিসেবে পাওয়া যায়। তবে পৌর কর্তৃপক্ষ এগুলোর প্রকৃত ক্রয়মূল্য বা বরাদ্দের আর্থিক মূল্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যন্ত্রপাতি পৌরসভার নিজস্ব অর্থে কেনা হয়নি।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৯৪২৫ কৃষকের জন্য সুখবর, বিনামূল্যে মিলছে বীজ ও সার
স্থানীয়দের অভিযোগ, নাগরিক সেবার জন্য বরাদ্দ পাওয়া এসব মূল্যবান সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেগুলো এখন বোঝায় পরিণত হয়েছে।
অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান অভিযোগ করেন, পৌরসভার যন্ত্রপাতিগুলো নিম্নমানের এবং দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। মেকানিক ও চালকসংকটের কথা বলা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। তার দাবি, রোড রোলারের একজন চালক কাজ না করেও নিয়মিত বেতন পাচ্ছেন। দীর্ঘদিন নির্বাচিত মেয়র না থাকায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদেরও এসব সম্পদের রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারি ছিল না।
স্থানীয় বাসিন্দা ও কাঞ্চন বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কে ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানোর গাড়ি থাকলেও সেটি ব্যবহার করা হচ্ছে না। একইভাবে উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া ভারী যন্ত্রপাতিও অচল পড়ে রয়েছে। অথচ প্রয়োজনের সময় বাইরে থেকে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ভাড়া করে কাজ চালাতে হচ্ছে। তাদের প্রশ্ন, পৌরসভার নিজস্ব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কেন ভাড়ার ওপর নির্ভর করতে হচ্ছে? এতে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তারা আরো বলেন, উন্নয়ন ও নাগরিক সেবার নামে বরাদ্দ পাওয়া সম্পদ কাজে না লাগলে সাধারণ মানুষ এর সুফল পাবে কীভাবে? অচল যন্ত্রপাতিগুলোর দ্রুত মেরামত এবং প্রয়োজন অনুযায়ী নতুন ও মানসম্মত যন্ত্রপাতি সংগ্রহে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হস্তক্ষেপ কামনা করেন তারা।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে
এ বিষয়ে কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান বলেন, এক্সকাভেটর ও ডাম্প ট্রাকসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অচল অবস্থায় পড়ে থাকার বিষয়টি সম্প্রতি তার নজরে এসেছে। এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য পর্যাপ্ত চালক নেই। চালকসংকট নিরসনে প্রয়োজনীয় অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। পাশাপাশি বিকল যন্ত্রপাতিগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, কাঞ্চন পৌরসভার অচল যন্ত্রপাতিগুলো সচল করার বিষয়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। বিকল যন্ত্রপাতি মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন