১০:২৩ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত ও দণ্ডিত, এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুততর করা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অভিপ্রায় থাকলে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।’
প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, প্রত্যর্পণ একটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, যা দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি এবং নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়।
আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও আইনি বাধ্যবাধকতা জড়িত থাকায় সাধারণত কিছুটা সময় লাগে।
শামা ওবায়েদ বলেন, ‘দুই দেশের মধ্যে প্রত্যর্পণ একটি প্রত্যর্পণ চুক্তির আওতায় পরিচালিত হয়। এতে আমলাতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে, তা আমরা স্বীকার করি।’
তবে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুততর করতে পারে বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ।
আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার
বাংলাদেশের অনিষ্পন্ন প্রত্যর্পণ অনুরোধগুলো এগিয়ে নিতে নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
আরেকটি প্রত্যর্পণ-সংশ্লিষ্ট মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘হাদি হত্যার জন্য দায়ীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চাই আমরা।’
ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে- এমন দণ্ডিত পলাতকদেরও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ভারতে পলাতক রয়েছেন, তাদেরও বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।’
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় জবাবদিহি নিশ্চিত করতে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ সরকার প্রত্যাশা করে—এ কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত এ প্রক্রিয়া এগিয়ে নেবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করবে।’
আরও পড়ুন: রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, হতাহতের খবর নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন