ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রবাসীদের সঙ্গে সম্পর্ক নয়, উন্নয়নের অংশীদারি গড়ার তাগিদ


প্রবাসীদের সঙ্গে সম্পর্ক নয়, উন্নয়নের অংশীদারি গড়ার তাগিদ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা উল্লেখ করেছেন যে, প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি, তাদের দেশের উন্নয়নের কার্যকর অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য পেশাগত দক্ষতা অনুযায়ী সম্ভাবনাময় খাত চিহ্নিত করে প্রবাসী বিশেষজ্ঞদের দেশীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার আমারি হোটেলে ‘ব্রিজ টু বাংলাদেশ’ ও অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংলাপে বক্তারা জানিয়েছেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো গেলে অর্থনীতি, প্রযুক্তি, শিল্প ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব।

আরও পড়ুন: চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ ছয় উপসাগরীয় দেশ থেকে

যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান মন্তব্য করেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা প্রায়ই দেশের নেতিবাচক খবর শুনতে পান। তবে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রবাসীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও সংস্কৃতি সম্পর্কে অনেক প্রবাসী জানেন না। দেশে সমস্যা থাকলেও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে কূটনীতিক ও রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের মধ্যেই ভবিষ্যতের অনেক সমস্যার সমাধান রয়েছে। সব সমাধান পশ্চিমা বিশ্বে খুঁজতে হবে, এমন নয়।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে বাংলাদেশিরা কাজ করছেন। তাদের অভিজ্ঞতা দেশের কাজে লাগাতে প্রযুক্তি, শিল্প ও সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, এসব খাতে দক্ষ প্রবাসীদের শনাক্ত করে দেশীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্ভাবনাময় ব্যক্তি ও ধারণা খুঁজে বের করা যেতে পারে।

আরও পড়ুন: স্বাধীন পর্ষদের হাতে ব্রিজ টু বাংলাদেশের দায়িত্ব, প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগানোর গুরুত্ব

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সবুর খান বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি তৈরি হলেও দেশের অনেক পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে প্রবাসীদের উদ্যোগ ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের কূটনীতিক অ্যাবি ডেভিস বলেন, প্রবাসীদের সঙ্গে কার্যকর অংশীদারি গড়ে তোলার সমাধান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেসব সমস্যা সমাধানে কাজ করছে, সেসব উদ্যোগে প্রবাসী বিশেষজ্ঞদের যুক্ত করতে একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা ও গবেষণা প্রয়োজন।

সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। দেশভেদে তাদের পেশাগত অভিজ্ঞতা ও আগ্রহের ধরনও ভিন্ন। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও যুক্তরাজ্যে বড় একটি অংশ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: কুয়েতে বিদেশি কর্মী ১৮ লাখ, বাংলাদেশি ৩ লাখের বেশি

যুক্তরাজ্যে ১০ হাজারের বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলো ভারতীয় রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। সেগুলোকে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি বাড়বে।

হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সাফল্য নতুন সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে ফারুক সোবহান বলেন, মালয়েশিয়ায় দুই মিলিয়নের বেশি এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় ৭০ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে সম্পৃক্ততার অন্যতম লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের সম্পর্ক ধরে রাখাও জরুরি।

পর্তুগালের ডিউক অব কোইমব্রা সউসা আরুজো মার্টিন্স বলেন, প্রবাসীদের মধ্যে নিজ দেশের ইতিহাস ও শিকড় নিয়ে গর্ববোধ তৈরি করা প্রয়োজন। ইতিহাসের কোনো নেতিবাচক অধ্যায়ের কারণে নতুন প্রজন্ম যেন পুরো দেশের ইতিহাস ও অবদান সম্পর্কে আগ্রহ হারিয়ে না ফেলে, সেদিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের আলোচনা

পর্তুগালের প্রায় ৯০০ বছরের ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, অতীতের একটি স্বৈরশাসনের সময়কাল দিয়ে পুরো দেশের ইতিহাস মূল্যায়ন করা ঠিক নয়। প্রবাসীদের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।

তিনি জানান, পর্তুগালের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার স্ত্রীর নির্মাণাধীন আট পর্বের একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশটির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে জানানো হবে। বাংলাদেশের ক্ষেত্রেও ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বাগেরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বাগেরহাটেরফকিরহাটে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাস চালকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত বাসচালক বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে গত এক সপ্তাহ আগে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে একটি ভাড়াবাসায় বসবাস শুরু করেন।

থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, বাসচালক মেহেদী হাসান সোমবার দিবাগত রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, রাতে তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ দেখতে পান।

বাড়ির গৃহকর্তা হৃদয় ইসলামের স্ত্রী মোসা: আসমা বেগম জানান, ওই দম্পতি গত ১১ নভেম্বর  তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত  করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি নভেম্বর মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের জন্য দিন তারিখ নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা–কক্সবাজার–মাসকাট রুটে এবং মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এছাড়া, দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি এয়ারলাইনস। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকরা সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন। গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম চালুর জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন যাত্রী টার্মিনাল নির্মাণ ও রানওয়ে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় অফিসের জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের তারিখ নির্ধারণের পরই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বর মাস থেকেই ঢাকা–কক্সবাজার–মাসকাট এবং মাসকাট–কক্সবাজার–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে, মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই দুবাই–ব্যাংকক–কক্সবাজার এবং কক্সবাজার–ব্যাংকক–দুবাই রুটে ফ্লাইট চালানোর আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী সময়ে কক্সবাজার–ফুকেট রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এয়ার অ্যাস্ট্রা ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সভায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর যাত্রী আকৃষ্ট করতে বিশেষ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিনিধি হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে প্যাকেজ, বিশেষ ছাড় এবং বিভিন্ন সুবিধা চালুর পরামর্শ দেন। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি এয়ারলাইনসগুলোকে কক্সবাজারমুখী করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিভিন্ন এয়ারলাইনসকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির সিদ্ধান্ত হয়েছে। এতে সম্ভাব্য পর্যটক ও যাত্রী চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় কৌশল তুলে ধরা হবে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনার বিস্তারিত তথ্য দ্রুত মন্ত্রণালয়ে জমা দিতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।

কক্সবাজার সদর রামুর এমপি লুৎফুর রহমান কাজল মন্তব্য করেছেন, সরাসরি আন্তর্জাতিক আকাশ যোগাযোগ চালু হলে বিদেশি পর্যটক ও প্রবাসী বাংলাদেশিদের কক্সবাজার ভ্রমণ অনেক সহজ হবে। এতে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।

তবে এ উদ্যোগ সফল করতে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ এবং যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক রুট চালু করা জরুরি। পাশাপাশি পর্যটনসেবার মান উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চাঙ্কি পান্ডের মেয়ে পরিচয়ে আমি গর্বিত’, নেপোটিজম বিতর্কে অনন্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


‘চাঙ্কি পান্ডের মেয়ে পরিচয়ে আমি গর্বিত’, নেপোটিজম বিতর্কে অনন্যা

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কের প্রসঙ্গে বরাবরই আলোচনায় রয়েছেন অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এই বিতর্কের সম্মুখীন হয়েছেন। তবে বাবার পরিচয় নিয়ে নেতিবাচক কোনো ধারণা রাখতে চান না অনন্যা। বরং, বাবার মেয়ে হওয়ায় গর্বিত বলে তিনি জানিয়েছেন।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে স্বজনপ্রীতি বিতর্কের বিষয়ে মন্তব্য করেন অভিনেত্রী। সেখানে অনন্যা বলেন, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ তিনি দেখেন না। চাঙ্কি পান্ডের কন্যা হিসেবে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন। এই পরিচয়ের সঙ্গে কোনো নেতিবাচক বিষয় জুড়ে দিতে চান না।

অনন্যার কথায়, “আমি বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পান্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই মুছে ফেলতে চাই না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজের স্বপ্নের জীবন কাটানোর সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান, সুযোগ-সুবিধাপ্রাপ্ত।”

একই অনুষ্ঠানে জেনারেশন জি বা জেন জি সম্পর্কে প্রচলিত ধারণা নিয়েও আলোচনা করেন অনন্যা। তার মতে, অকারণেই এই প্রজন্মকে নেতিবাচকভাবে দেখা হয়। আসলে আগের প্রজন্মের তুলনায় জেন জির কাছে সাফল্যের সংজ্ঞা কিছুটা ভিন্ন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগের প্রজন্মের কাছে সাফল্য অর্জনের নির্দিষ্ট একটি পথ ছিল। কিন্তু বর্তমান প্রজন্ম নিজেদের মতো করে সাফল্যের সংজ্ঞা তৈরি করছে। অনন্যা নিজে ব্যস্ত থাকতে এবং দীর্ঘ সময় কাজ করতে পছন্দ করেন। তবে তার প্রজন্মের অন্য কেউ তুলনামূলক কম কাজ করেও সফল হতে পারেন। সেটিও তাদের নিজস্ব পথ।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনন্যার। সম্প্রতি তাকে দেখা গেছে ‘চাঁদ মেরা দিল’ সিনেমায়। করণ জোহরের ধার্মা প্রোডাকশনসের সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যাবে অনন্যাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%