১০:৫৭ পি.এম
মৌলভীবাজার জেলা পুলিশ দুর্গাপূজার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং ফেসবুক লাইভ তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, দুষ্কৃতিকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে কোরআন বা অন্য ধর্মগ্রন্থের অবমাননা, প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা বা হিন্দু-মুসলিম সংঘাতের মতো ভুয়া ঘটনা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন: রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক
এছাড়া, পুরনো দাঙ্গা, সংঘর্ষ বা সহিংসতার ছবি-ভিডিও অথবা বিদেশে ঘটে যাওয়া ঘটনার ভিডিও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা হতে পারে।
এ ধরনের অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে, এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও পাওয়ার পর সত্যতা যাচাই না করে তা শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কোনো পোস্ট বা ভিডিও চোখে পড়লে তা নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাতে হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “গুজবে কান নয়, সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।” ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা বরিশাল নৌ পুলিশ, প্রথম হিজলা ফাঁড়ি
সন্দেহজনক কোনো ঘটনা বা তথ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১২০৬৯৮ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন