০৭:৪৪ পি.এম
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
আজ রোববার, হংকং সফরের সময় প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। সভার পর, প্রতিমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সরকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ গ্রহণ করা প্রয়োজন।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
এই সফরের অংশ হিসেবে, প্রতিমন্ত্রী হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণ করবেন। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তি বিষয়ক ফোরাম এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। তিনি পাহাড় কাটা ও বনভূমি দখল রোধ এবং দখলকৃত বনভূমি উদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪শ ২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি, ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে, তিনি কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনাও আলোচনা করেন।
মতবিনিময়ে মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন ও রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, নোয়াখালীতে ভূমিহীনদের বসতি ও বন বিভাগের জমিসংক্রান্ত সমস্যা এবং সদরঘাটের পরিচ্ছন্নতার বিষয়ও আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিষিদ্ধ সংগঠনের ১২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন