০৬:৪৭ পি.এম
মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে ষষ্ঠী পূজার মাধ্যমে। এ আয়োজন পাঁচ দিনব্যাপী চলবে এবং পুরো শহর বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তোরণ ও প্যান্ডেল। সড়ক ও পূজামণ্ডপ আলোকসজ্জায় ঝলমল করছে। কোথাও প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশিল্পের নিদর্শন তুলে ধরা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও সময়ের সঙ্গে মাগুরার কাত্যায়নী পূজা ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে অষ্টমী ও নবমীতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকদের আশা।
রবিবার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এ উৎসব ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, এ বছর জেলায় মোট ১০৬টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯
কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার প্রায় এক মাস পর মাগুরায় জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজার আয়োজন করেন। তিনি পেশায় ছিলেন মুদি দোকানি।
তিনি আরও জানান, আশির দশকেও এ পূজা মাগুরা শহরের ছানার বাবুর বটতলা, নিজনান্দুয়ালী, নতুন বাজার, বাটিকাডাঙ্গা ও জামরুলতলা এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে গত চার দশকে পূজার পরিসর ও মণ্ডপের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ধীরে ধীরে এটি জেলার অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। কোথাও কোথাও এ আয়োজন দুর্গাপূজার আমেজকেও ছাড়িয়ে যায়।
এবারও পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে পৌরসভা এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপ। এসব মণ্ডপে প্রতিমা ও সাজসজ্জায় নানা বিষয় ও বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।
পূজা উপলক্ষে শহরের নতুন বাজার ও ছানার বাবুর বটতলায় বসেছে মেলা। সেখানে খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, আসবাবসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা। পূজা শেষ হওয়ার পরও এ মেলা আরও সাত দিন চলবে।
আরও পড়ুন: পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা
নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস চঞ্চল জানিয়েছেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মাগুরায় অসংখ্য ভক্ত এ উৎসব উদ্যাপন করেন। এবার পৌরাণিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রতিটি মন্দির।
ছানার বাবুর বটতলার প্রতিমাশিল্পী উজ্জ্বল অধিকারী বলেন, এবারের পূজায় প্রতিমার থিমে আধুনিকতার ছোঁয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা রহস্য তুলে ধরেছেন তিনি।
ছানার বাবুর বটতলার সাধারণ সম্পাদক বিকাশ সাহা মাগুরাসহ সারা দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী কাত্যায়নী পূজা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কনক কান্তি সাহা বলেন, মাগুরার কাত্যায়নী পূজা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও উৎসবে অংশ নেন সব ধর্মের মানুষ। এবার পূজার আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: নান্দাইলে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম নিহত, আহত ৭
পূজা ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। মণ্ডপগুলোর আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশের সার্বক্ষণিক টহল রাখা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানিয়েছেন, পূজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপকেন্দ্রিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী কিংবা পুত্র হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় গোপীরা এক মাস ধরে আরাধনা করেছিলেন। সেই আরাধনার শেষ পর্যায়ে যমুনার তীরে বালু দিয়ে দেবী কাত্যায়নীর প্রতিমা তৈরি করে পূজা করেন তারা। এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভের বিশ্বাস থেকেই এ পূজার প্রচলন।
কার্তিক ও অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত এ পূজায় প্রতিমা স্থাপন ও আনুষ্ঠানিকতা অনেকটাই দুর্গাপূজার আদলে করা হয়। তবে এর বিশেষ বৈশিষ্ট্য হলো, দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি প্রতিমা স্থাপন করা। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন