১০:১৭ পি.এম
ভারতীয় বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দেশটির বিমানবাহিনীর ভাইস চিফের দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ অক্টোবর বিকেল থেকে তিনি এয়ার চিফ মার্শাল পদমর্যাদায় বাহিনীটির ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, একই দিনে বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসর নেবেন।
আশুতোষ দীক্ষিত বিভিন্ন অভিযানে যেমন ‘অপারেশন সাগর’, ‘অপারেশন রক্ষক’ এবং ‘অপারেশন সিঁদুর’-এ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর ফাইটার শাখায় কমিশন লাভ করেন।
আরও পড়ুন: গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মানতে হবে: ইইউ
ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফের দায়িত্ব গ্রহণের পূর্বে, আশুতোষ দীক্ষিত চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান, চিফস অব স্টাফ কমিটি (সিআইএসসি) এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী আশুতোষ দীক্ষিত। প্রায় চার দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের উড়োজাহাজে ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক ও তেজসের মতো যুদ্ধ ও প্রশিক্ষণ বিমানে উড়েছেন। তিনি একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর।
কর্মজীবনে পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফাইটার ট্রেনিং বেসের কমান্ডও সামলেছেন আশুতোষ দীক্ষিত।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা
দীর্ঘ কর্মজীবনে বিশেষ অবদানের জন্য তিনি একাধিক সামরিক সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন