০৭:৫৭ পি.এম
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৭ জুন) অনুষ্ঠিত হয় হোটেল আয়সার ইন-এ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর মাধ্যম, যা সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে কাজ করে। তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা যথাযথভাবে নিষ্পত্তি, কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সাধারণ মানুষদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের।
প্রশিক্ষণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
আরও পড়ুন: ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন