ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাহাড়ের চূড়ায় লেক ও মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প


পাহাড়ের চূড়ায় লেক ও মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

এক.

ফিনল্যান্ডে অবিবাহিতদের বিনা খরচে ভ্রমণের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। এই কারণে আমরা স্বঘোষিত চিরকুমার নাঈম ভাইয়ের তত্ত্বাবধানে লেক ও পর্বত দর্শনের সুযোগ পেয়েছিলাম। বর্তমানে তার সঙ্গে কোথাও যেতে চাইলে তিনি রেগে বলেন, "আপনারা চান না আমি ফিনল্যান্ড যাই। নিজেরা তো বিয়ে করে বসে আছেন।"

দেশে প্রেমিকা না পাওয়ার কারণে বিদেশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা এই ভাইটির প্রতি আমাদের বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় কয়েক দিন আগের ভ্রমণের জন্য। দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সাধু পানি হ্রদ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ

দুই.

মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে বাসটি ছাড়ল। আমাদের দলে মোট ৯ জন সদস্য ছিল। একমাত্র নাঈম ভাই ছাড়া আমার পরিচয় ছিল না অন্য কারো সঙ্গে। দলের সদস্যসংখ্যা বিজোড় হওয়ায় আমাকে অন্য যাত্রীর সঙ্গে বসতে হলো। ঢাকার রাস্তা পার হওয়ার পর বেশ কয়েকবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে মনে হচ্ছিল, বাসটি বাতাসের গতিতে এগিয়ে চলেছে। সড়কপথে বিমানের অনুভূতি থাকায় আতঙ্কে ঘুমাতে পারিনি।

বুধবার ভোর ৫টার দিকে বাসটি পৌঁছাল চট্টগ্রামের কেরানীহাটে। সেখান থেকে দুটি সিএনজি নিয়ে বান্দরবান শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। একটি হোটেলে সকালের নাস্তা সেরে আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে (চান্দের গাড়ি) চড়ে আমাদের যাত্রা শুরু হলো রুমার দিকে। ওয়াই জংশনের কাছের চেকপোস্টে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হলো। এই সুযোগে সবাই নিজেদের মতো ছবি তুললেন। এরপর আবার ছুটে চলা শুরু হলো। কিছুদূর পর রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে পৌঁছালাম। সেখানে explore-ruma.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং নাম-ঠিকানা দিয়ে এন্ট্রি করতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা। নাঈম ভাই সবার তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে এন্ট্রি ফি পরিশোধ করে প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। বেলা ১১টার দিকে আমরা রুমা বাজারে পৌঁছালাম। সেখান থেকে গাইডসহ সিরিয়াল থেকে চাঁদের গাড়ি নিয়ে রওনা দিতে হবে। নাঈম ভাই আনোয়ার নামে একজন গাইডকে ঠিক করলেন। তিনি গাড়ির জন্য সিরিয়াল দিলেন। পূজার ছুটি থাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। সিরিয়াল থেকে জানানো হলো, গাড়ি আসতে আরও দেড় থেকে দুই ঘণ্টা লাগবে। গাইডকে সঙ্গে নিয়ে নাঈম ভাই রুমা বাজারের দিকে রওনা দিলেন। আমিও তাদের সঙ্গী হলাম। রাতে গ্রিল খাওয়ার জন্য মুরগি, মসলা ও মুড়ি-চানাচুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হলো। বাজার শেষ করে ফিরেও গাড়ির কোনো খবর পাওয়া গেল না।

রুমা বাজারের খাবারের হোটেলে বসে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি। এই হোটেলে বিচিত্র নিয়ম রয়েছে। খাবার অর্ডার না করলে মাথার ওপরের ফ্যান বন্ধ থাকে। গাড়ি আসতে দেরি হওয়ায় নাঈম ভাই সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। অর্ডারের সঙ্গে সঙ্গে মাথার ওপরের ফ্যান ঘুরতে শুরু করল। খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন সিরিয়াল থেকে আমাদের গাড়ির খবর এলো। খাবার শেষ করে গাড়িতে উঠলাম সবাই।

আরও পড়ুন: ঢাকার পিংক বাসের দক্ষ চালক সুপ্রিয়া কুণ্ডুর সফলতার গল্প

রুমা থানার কাছে আরেকটি এন্ট্রি পয়েন্ট রয়েছে। যাবতীয় তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি বগালেকের দিকে ছুটে চলল।

বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং রুমা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বগালেক অবস্থিত। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১ হাজার ২৪৬ ফুট। বাংলাদেশের ভূতাত্ত্বিকদের মতে, মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে এটি সৃষ্টি হয়েছে। অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন। এ ছাড়া এই লেক নিয়ে বম, মারমা, ম্রো, খুমি ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মধ্যে পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।

আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। বেলা ৩টার দিকে আমরা পৌঁছালাম বগালেকের এন্ট্রি পয়েন্টে। আনোয়ার ভাই এবং নাঈম ভাই আমাদের তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি নিয়ে গেলেন কটেজের সামনে। কাঠের তৈরি মাচাংয়ের দ্বিতীয় তলায় আমাদের থাকার ব্যবস্থা করা হলো। রুমে ঢুকে ব্যাগ রেখে সবাই গেলাম বগালেকে গোসল করতে। নারী-পুরুষের জন্য আলাদা ঘাট রয়েছে। লেকের নীলাভ পানিতে তখন অসংখ্য পর্যটক গোসল করছিলেন। দশ-পনেরো মিনিট লেকের পানিতে অবস্থান করে ফিরে এলাম কটেজে। বিকেলে সবাই বের হলাম চারপাশের সৌন্দর্য উপভোগ করতে।

লেকের এন্ট্রি পয়েন্টের একটু সামনের রাস্তার অবস্থান দুটি খাড়া পাথরের পাহাড়ের মাঝ বরাবর। সেখানে যাওয়ার পর এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। দূরের পাহাড়ের সবুজ বৃক্ষরাজির মধ্য দিয়ে বিকেলে সূর্যের মিষ্টি আলো নিয়ন বাতির আলোর মতো মনে হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসংখ্য পর্যটক সেখানে ভিড় করছেন। প্রকৃতির অপরূপ এই দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করতে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। কৌতূহলী মানুষের ছবি তোলার প্রতিযোগিতা দেখতে দেখতে সূর্যিমামা বিদায় জানিয়ে সবুজ পাহাড়ে লুকিয়ে গেল।

আরও পড়ুন: ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের রুদ্রাংশের জীবন

সন্ধ্যার পর গোটা এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে পড়ল। এলাকাটিতে বিদ্যুৎ নেই। রাত ১১টা পর্যন্ত সৌরবিদ্যুৎ থাকে। তাছাড়া রাত ৭টার পর কয়েক ঘণ্টার জন্য জেনারেটর চালানো হয়। লেকের পাড়ে একটি জায়গা সুন্দরভাবে আলোকসজ্জা করা ছিল। সেখানে আমাদের দলের সবাই গেলাম। বেশ সুন্দর ও নিরিবিলি পরিবেশ ছিল। রাত ৮টার দিকে আমরা কটেজের সামনে চলে এলাম। সেখানে আনোয়ার ভাই বারবিকিউয়ের আয়োজন করলেন। পুরো এলাকায় একমাত্র আমাদের এই আয়োজন ছিল। অন্যান্য পর্যটক বেশ আগ্রহ নিয়ে এই দৃশ্যের ছবি তুললেন। রাতের খাবার ছিল পরোটা আর বারবিকিউ। সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া শেষ করে আবার ঘোরাফেরার জন্য বের হয়ে গেলাম। ইতোমধ্যে আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা বেড়ে গেল। দলের কাউকে অপরিচিত মনে হচ্ছে না।

রাতে সুনসান নীরবতা বিরাজ করছিল। সহজেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা খেয়ে রওনা দেব কেওক্রাডংয়ের উদ্দেশ্যে।

তিন.

বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙে গেল। একা রুম থেকে বের হয়ে গেলাম। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে অনেক পর্যটক চাঁদের গাড়িতে চড়ে রওনা দিলেন কেওক্রাডংয়ের দিকে। আমাদের তাড়া নেই। কেওক্রাডংয়ে আমরা রাত্রিযাপন করব। বগালেকে সকাল, দুপুর ও রাতের প্রকৃতি ভিন্ন রকম। সকালের প্রকৃতি বেশ কোমল, দুপুরে রৌদ্রোজ্জ্বল আর রাতে নীরবতা।

আরও পড়ুন: শীতে সুন্দরবনে প্রকৃতির অপূর্ব রূপ ও পর্যটকদের আকর্ষণ

সকালে নাস্তা করার আগে রেজা ভাই বললেন, "মেয়েরা কেমন সাজগোজ করে ছবি তুলছে। আমার মুখে পাকা দাড়ি উঁকি দিচ্ছে। শেভের জিনিসপত্র ছিল। শুধু আয়না প্রয়োজন।"

আমি মোবাইলে নিজের চেহারা দেখে বললাম, "ভাই, আমার কাছে ট্রিমার আছে। চলেন আয়নার সন্ধান করি।"

তিন দোকানে ঘুরে আয়না না পেয়ে রিসোর্টের মালিকের শরণাপন্ন হলাম। অবশেষে পাওয়া গেল একটা ভাঙা আয়না। আমরা খুশিমনে তা নিয়ে লেকের ধারে চলে এলাম। পালাক্রমে দুজন শেভ করে নেমে গেলাম লেকের পানিতে। দ্বিতীয় দিনের মতো লেকের পানিতে গোসল করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।

তারপর বেশ সতেজ মনে ডিম খিচুড়ি খেয়ে রওনা দিলাম কেওক্রাডংয়ের দিকে। উঁচু-নিচু খাড়া পাহাড়ি ঢাল দিয়ে ছুটে চলছে চাঁদের গাড়ি। রাস্তার কয়েকটা বাঁক থেকে দূরের বগালেক শিল্পীর তুলিতে আঁকা তৈলচিত্রের মতো দৃশ্যমান হয়ে উঠল। আমাদের গাড়ি ধীরে ধীরে যতই ওপরের দিকে উঠছে, পাহাড়ের অপরূপ দৃশ্য ততই আমাদের বিমোহিত করছে। মনে হলো, দূরের আকাশ পাহাড়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমন চোখজুড়ানো দৃশ্য দেখতে দেখতে সকাল সাড়ে ১০টার দিকে আমরা পৌঁছে গেলাম কেওক্রাডং। নাঈম ভাই গাইডকে নিয়ে চেকপোস্টে গেলেন এন্ট্রি করাতে। আমরা সেখানের একটি দোকান থেকে চা নিয়ে দূর আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা দেখছিলাম। মুহূর্তের মধ্যে একঝাঁক মেঘ শিশিরের মতো আমাদের গা ভিজিয়ে দিল। কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম মেঘের রাজ্যে।

আরও পড়ুন: দাম কমাচ্ছে গুচি, তবে লুই ভুইতো সেই পথে হাঁটছে না

মেয়েদের জন্য পাহাড়ের চূড়ায় লালা গেস্ট হাউস আর আমাদের জন্য মাউন্টেন ভিউ রিসোর্ট আগে থেকেই ঠিক করা ছিল। আমাদের রুমের বারান্দা থেকে পুরো পাহাড়ের দৃশ্য দেখা যায়। বারান্দায় বসে পাহাড়ের এমন দৃশ্য দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি।

নাঈম ভাই জানালেন, দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমাদের নিয়ে যাবেন সুনসাংপাড়ায়।

আমরা বের হওয়ার জন্য যখন প্রস্তুত, তখন রেজা ভাইয়ের সাবেক বান্ধবী শিমুল আপা এসে তাকে কড়া ভাষায় বললেন, "তুমি আসার পর থেকে এক জামাকাপড়েই আছ। এখন যদি পরিবর্তন না করো, তাহলে আমাদের সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই।"

আপা চলে যাওয়ার পর আমি বললাম, "ভাই, কী করবেন?"

আরও পড়ুন: এক বছরে ১২০৭ সিনেমা দেখে গিনেস রেকর্ড গড়লেন ৬০ বছরের গ্লেনউড হসকিন জুনিয়র

বান্ধবী বিয়ে করলে পাহাড়-সমুদ্র যেখানেই যান, চাপে থাকতে হবেই। এই বলে তিনি চাকরির প্রত্যাশী শিক্ষার্থীর মতো পরিপাটি হয়ে গেলেন। রেজা ভাইয়ের প্রভাব আমাদের মধ্যেও পড়ল। সাধ্যমতো সবাই পুরোনো পোশাক পরিবর্তন করে খাবার খেতে গেলাম।

মিষ্টি কুমড়ার সবজি আর পাহাড়ি গয়ালের মাংস বেশ সুস্বাদু ছিল। আমাদের এবারের গন্তব্য সুনসাংপাড়া। এই পথে যে একবার গিয়েছে, কেবল সেই বলতে পারবে তা কেমন ভয়ানক ও সুন্দর। চারদিকের অপরূপ সৌন্দর্যে যেমন মন ভরে যায়, তেমনি রোলার কোস্টারের মতো খাড়া-ঢালু পথে গাড়ি চলার সময় ভয়ে গলা শুকিয়ে যায়। এমন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পৌঁছালাম সুনসাংপাড়ায়। বম জাতিগোষ্ঠীর এই পাড়াটি বেশ সুন্দরভাবে গোছানো। রাস্তার একপাশে সারি বেঁধে দোকান বসানো হয়েছে। পাহাড়ি ফল, লেবুর শরবত ও চা পাওয়া যায় এসব দোকানে। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা দোকানে লেবুর শরবত ও রঙ চা খেয়ে উঠে গেলাম গাড়িতে। সূর্যাস্তের আগেই ফিরতে হবে কেওক্রাডং। সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব। ফেরার পথে এক জায়গায় গাড়ি থামানো হলো ফটোসেশনের জন্য। আমরা যখন কেওক্রাডংয়ে পৌঁছালাম, তখন সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। সবাই দল বেঁধে বসে আছি। দেখতে দেখতে সূর্য রক্তিম বর্ণ ধারণ করে পাহাড়ের আড়ালে চলে গেল। সন্ধ্যার দিকে মৃদু হিম বাতাস বইছিল। মেঘের ভেলাও কয়েক দফা পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলে গেল।

রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। চাঁদের আলো অনেকটা টিউব লাইটের আলোর মতো মনে হচ্ছিল। খাওয়া-দাওয়ার পর আমরা নিজেদের মতো ঘোরাফেরা করছি। হঠাৎ খেয়াল হলো, আমাদের সঙ্গে ইসরাত আপা ও সানজিদা আপা নেই। তাদের খুঁজে পাওয়া গেল সুনসাংপাড়ায় যে পথে গিয়েছিলাম, সেই পথে। সেখানে গাইড আনোয়ার ভাইয়ের সঙ্গে বসে তারা গল্প করছেন। আমরাও তাদের সঙ্গে যুক্ত হলাম। আনোয়ার ভাই ভালো গল্প বলতে পারেন। বাঘের পিঠে চড়ে পাহাড় ভ্রমণ কিংবা লেকের পানিতে হাঙরের পেট থেকে বের হয়ে আসার মতো গল্প বলে মানুষকে ঘোরের মধ্যে রাখার অদ্ভুত ক্ষমতা আছে তার।

চাঁদের আলোতে বসে আড্ডা আর ঘোরাফেরা করে মাঝরাতে সবাই রুমে চলে গেলাম। ভোরে ফেরার পালা।

চার.

শুক্রবার সকালে কেওক্রাডং থেকে চেক আউট হয়ে রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। কিছুদূর পরেই দার্জিলিংপাড়া। সেখানে একটি বাসায় আমাদের জন্য সকালের খাবারের আয়োজন করা আছে। আদা ফুলের ভর্তা, পুদিনা পাতার ভাজি ও মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে গরম গরম ভাত সবাই বেশ উপভোগ করলাম। বিশেষ আকর্ষণ ছিল ব্যাম্বু চিকেন।

ঘণ্টাখানেক ঘোরাফেরা শেষে আবার ছুটে চলা শুরু হলো। পথে একটা জায়গায় গাড়ি থামানো হলো। পাহাড়ের এই সমতল জায়গা থেকে বগালেক দেখা যায়। দূর থেকে বগালেকের এ দৃশ্য দেখে মনে হলো, মনের মাধুরী মিশিয়ে কেউ পাহাড়ের বুকে সুইমিং পুল তৈরি করে রেখেছে।

বগালেকের চেকপোস্টে ফেরার তথ্য দিয়ে গাড়ি ছুটে চলল আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে।

ইশরাত আপা প্রথম দিন থেকেই লেক ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওয়াও ওয়াও করে আধপাগলের মতো হয়ে গিয়েছিলেন। বগালেকের পথ পার হওয়ার পর তার ওয়াও ওয়াও বলা যেমন বন্ধ হয়ে গেল, তেমন আমাদেরও মন খারাপ হয়ে গেল। এমন মনোরম পরিবেশ ছেড়ে চলে আসতে ইচ্ছে হচ্ছিল না কারও।

পথে মুনলাইপাড়ায় গাড়ি থামানো হলো। পর্যটকদের যাতায়াতকে কেন্দ্র করে এই পাড়ার দুই পাশে পাহাড়িদের হাতে বোনা বিভিন্ন পোশাক, মাফলার ও চাদরের দোকান বসানো হয়েছে। আছে বিভিন্ন ফলমূলসহ অন্যান্য জিনিসপত্রের দোকান। সেখান থেকে কেনাকাটা করে আবার যাত্রা শুরু হলো। রুমা ফেরার পর সেখানে কোনো চাঁদের গাড়ি পাওয়া যায়নি। অবশেষে আরেকটি দলের সঙ্গে মিলে রিজার্ভ বাস নিয়ে চলে এলাম বান্দরবান শহরে।

দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়নি। সবাই ক্ষুধার্ত। সন্ধ্যায় দুপুর আর রাতের খাবার একসঙ্গে খেয়ে নিলাম। বাস ছাড়ার আগের সময়টুকুতে বান্দরবান শহর ঘুরে দেখা হলো। শনিবার ভোরে ফিরে এলাম চিরচেনা যান্ত্রিক শহর ঢাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালিকপক্ষ ১৬ নভেম্বর ন্যূনতম মজুরির প্রস্তাব দেবে: বিজিএমইএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মালিকপক্ষ ১৬ নভেম্বর ন্যূনতম মজুরির প্রস্তাব দেবে: বিজিএমইএ

চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার প্রেক্ষাপটে আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার, চলমান শ্রম পরিস্থিতি ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের মধ্যে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহমুদ হাসান খান বলেন, কারখানায় ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ ও অরাজক পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে, সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বরের সভায় অংশগ্রহণ করবে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনেই তাদের প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে। তবে, যদি বিশৃঙ্খলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে মালিকপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। সত্ত্বেও, অরাজক পরিস্থিতি তৈরি করে চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণা করার চেষ্টা চলছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে।

সুষ্ঠুভাবে মজুরি নির্ধারণের স্বার্থে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সুস্থির মস্তিষ্কে কাজ করার পরিবেশ প্রদান করতে হবে বলে তিনি উল্লেখ করেন। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকপক্ষ ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যদি রাস্তায় ব্যস্ত থাকেন, তবে সঠিক প্রস্তাব তৈরি করা এবং তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবার এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


পবার এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহায়তা প্রদান

এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয় অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। মৌলিক চাহিদাগুলো পূরণে রাজশাহীর পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি মন্তব্য করেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণের জন্য সংস্থাটির এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে।

এমপি মিলন বলেন, পরিবারের চরম সংকটের মধ্যেও মা ও বোনেরা এতিম সন্তানদের বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি সংগ্রাম করেন। তাঁদের আত্মত্যাগের কোনো তুলনা হয় না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তার সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বাড়ানো জরুরি। শুধু পবা উপজেলায় সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এসব কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব কর্মসূচির আওতায় আনতে হবে। এতে সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী। অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের খাদ্য ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুর পড়াশোনার খরচ মেটাতে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট প্রদান করা হয়। এ ছাড়া শিশুদের হাতে ছয়টি করে খাতা, ছয়টি কলম, এক প্যাকেট রঙিন পেনসিল, তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবান তুলে দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের জীবনমান উন্নয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি সংলগ্ন স্থানে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ার পর নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশমুখের ডানদিকে ফুলগাছের মধ্যে একজন পথচারী গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোন করেন। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলামকে বিষয়টি জানান। নিরাপত্তার প্রয়োজনে শাহমখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটকটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এই ঘটনায় বিমানবন্দরের ভেতরে অবস্থানকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার কিছুক্ষণ আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সফরসঙ্গী কর্মকর্তারা ঢাকা থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেন। কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়। ওইদিন বিকালে বোমা নিষ্ক্রিয়করণ টিম রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে নিয়ে উদ্ধারকৃত দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয়করণ টিম পরে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

বিমানবন্দরের মতো কেপিআই বা স্পর্শকাতর স্থাপনার এলাকায় গ্রেনেডের মতো বিধ্বংসী অস্ত্র উদ্ধারের ঘটনার চারদিন পরেও পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলবাগানে কারা রেখেছিল, তা শনাক্ত হয়নি। রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন অকুস্থলটির আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার খোঁজ করছে পুলিশ। তবে ঘটনাস্থলটি রাজশাহী মহানগরীতে প্রবেশের অন্যতম দ্বার হলেও জায়গাটি সিসিটিভির আওতায় ছিল না বলে জানা গেছে। বিমানবন্দরের পার্শ্ববর্তী ব্যস্ত মহাসড়কটি দিয়ে দিনরাত বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে থাকে। এই সুযোগে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য কেউ গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়ালের বাইরে ফুলগাছের ভেতরে রেখেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঘটনার দিন রাতে বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যদিও এই মামলায় কাউকে আসামি করা হয়নি।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অজ্ঞাত। মামলাটি তদন্ত করছেন আরএমপির এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম, যিনি গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলগাছের মধ্যে অবস্থিত। বিমানবন্দরের পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীতে ছোটখাটো কিছু দোকান রয়েছে। সেগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আবার বিমানবন্দরের ভেতরে সিকিউরিটি তল্লাশি ফটকের ওপরে সিসি ক্যামেরা থাকলেও সেটি থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না। ঘটনাটি স্পর্শকাতর বিধায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পেলে বোঝা যাবে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা কতটা ছিল। আমরা সবদিক খতিয়ে দেখছি।

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক পদমর্যাদার) যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের বহিরাঙ্গন তথা সন্নিহিত এলাকার সার্বিক নিরাপত্তায় আর্মড পুলিশ বা এপিবিএনের সদস্যরা সবসময় নিয়োজিত থাকেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়াল ঘেঁষে ফুলবাগান রয়েছে। গ্রেনেড দুটি ফুলগাছের ভেতরে কে বা কারা রেখেছিল, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে বলে আশা করছি। বিমানবন্দর ঘিরে কোনো মহলের বড় কোনো নাশকতার ছক ছিল কিনা, তদন্ত শেষে হয়তো জানা যাবে। ঘটনার পর থেকে বিমানবন্দরের বাইরে ও ভেতরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো কিছু লেখা বা মার্কার ছিল না। ফলে বোঝা যাচ্ছে না সেগুলো কোন দেশের তৈরি। তদন্ত চলছে এবং জানার চেষ্টা করা হচ্ছে কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড রাখা হয়েছিল। বিভিন্নভাবে ঘটনাটি তদন্ত হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে, সেটি খুঁজে দেখা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নগরীর বিভিন্ন প্রবেশদ্বার এবং জনাকীর্ণ চলাচলের পথগুলোতে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আশা করি, এতে আগামীতে নগরীতে অপরাধী শনাক্ত ও অপরাধ প্রতিরোধ সহজ হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও রাজশাহী মহানগরীর অধিকাংশ সড়ক, ইন্টারসেকশন ও প্রবেশদ্বারে চার শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ছিল উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবল। সাইবার সেন্টার থেকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করা হতো গোটা নগরীর পথঘাটসহ গুরুত্বপূর্ণ সব এলাকা। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং জুলাই গণআন্দোলনের সময় আরএমপির অধিকাংশ থানা আক্রান্ত হয়। পাশাপাশি সড়কে ও মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে পুনরায় নগরীজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ প্রকাশ করল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলা ব্রেইল বই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ প্রকাশ করল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলা ব্রেইল বই

মেটলাইফ ফাউন্ডেশন, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)-এর সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি পড়ার উপকরণকে আরও সহজলভ্য করার জন্য একটি ব্রেইল প্রিন্টিং প্রেস পরিচালনা করে।

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বইয়ের সহজলভ্যতা তাদের স্বাধীনভাবে পড়া, শেখা এবং সাহিত্য অন্বেষণের সুযোগ তৈরি করতে পারে। সহজে ব্যবহারযোগ্য পাঠ্যসামগ্রীর পরিধি বৃদ্ধি পেলে তা সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের বরেণ্য লেখকদের সৃষ্টিসহ বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও বেশি শিশুকে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।

প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, স্কুল ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মানসম্মত পাঠ্যসামগ্রী পড়ার পাশাপাশি দেশের খ্যাতিমান সাহিত্যিকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপভোগ করার সুযোগ পাবে।

এই অংশীদারিত্বের আওতায় মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে। এর উদ্দেশ্য হলো তাদের এমন প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান মন্তব্য করেন, “প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি।”

এ উদ্যোগ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অনুসরণে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%