বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪২ পি.এম
মালদ্বীপের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদার, পর্যটন শিল্পের বিকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার উল্লেখ করেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এই দ্বিপক্ষীয় বন্ধনকে এগিয়ে নিয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বন্ধন রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময় এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ সদস্যরা আগের তুলনায় বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন বিদ্যমান। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে সক্ষম।
সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতের রুকন ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমান, যিনি ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার বাসিন্দা, শারমিন হাসনিন তানিয়া নামের এক বিধবার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই বিধবার অভিযোগ খণ্ডন করে বলেন, বিয়ে না করায় তানিয়া তাঁর বাড়িতে এসে ফেসবুক সাংবাদিকদের এনে মব সৃষ্টি করে এই মিথ্যা অভিযোগ তোলেন।
আজিজুর রহমান লিখিত বক্তব্যে জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়ার সঙ্গে বিয়ের প্রস্তাব পান। এরপর ১০ অক্টোবর শহরের মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে তাঁর সরাসরি দেখা হয়, যেখানে তানিয়ার ছেলে উপস্থিত ছিল।
পরবর্তীতে ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে তিনি কিছু কেনাকাটাও করেছিলেন। পরে, আজিজুর রহমানের সন্তানরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় এবং পরিবার থেকে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি তিনি ওই নারীর মামাকেও অবহিত করেন।
আজিজুর রহমান অভিযোগ করেন, বিয়ে দেরি হওয়ার কারণে শারমিন তানিয়া তাঁকে মোবাইলে নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। তিনি দাবি করেন, বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তাঁর ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে, গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে আজিজুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শারমিন তানিয়া ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তাঁর বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি, উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক সম্পর্কের মিথ্যা অপবাদ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে, যা তাঁর সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করছে। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান, শাহির উল্লাহ, আশরাফুল ইলম ও মেহেদী হাসানসহ এলাকার পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ১৯ নভেম্বর থেকে ঘোষিত লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই মাঠে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক টিম নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন এবং সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রীকালীন চেকপোস্ট স্থাপন করা হয়। রাতভর যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং টহল কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দাইকোনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।
চান্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু আজ নয়, প্রতিদিনই কাজ করে যাচ্ছি। পুলিশের কাজই হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিজে মাঠে উপস্থিত থেকে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’
পুলিশের এমন তৎপরতায় রায়গঞ্জ ও সলঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পুলিশের গাড়ি এবং থানায় জব্দ করা অন্তত ১০টি যানবাহনে আগুন লাগিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে থানায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর তারা থানার ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। তবে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে থানায় কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। এর পর গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর শাখা অফিসেও ভাঙচুর ও আগুন ধরানো হয়। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচীর সমর্থনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া দিতে দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে কার্যালয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছন থেকে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। পরে তারা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। স্থানীয়রা সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বিএনপি নেতাদের দাবি, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ