ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেমোক্র্যাটদের তদন্তের অগ্রাধিকার তালিকায় থাকবে ট্রাম্প, ইরান, এপস্টেইন ও অভিবাসন


ডেমোক্র্যাটদের তদন্তের অগ্রাধিকার তালিকায় থাকবে ট্রাম্প, ইরান, এপস্টেইন ও অভিবাসন

নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয় লাভের পরও ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয়কক্ষে নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটদের সামনে তদন্তের জন্য অনেক বিষয় অপেক্ষা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিথিল দৃষ্টিভঙ্গি, নৈতিকতা, বিধিবিধান ও আইনের প্রতি অবজ্ঞা, এসবের কারণে তদন্তের সম্ভাব্য তালিকা দীর্ঘ হয়েছে। ট্রাম্প ও তার পরিবারের ব্যক্তিগত সম্পদ, ইরান যুদ্ধ, ইলন মাস্ক এবং জেনসেন হুয়াংয়ের মতো ধনকুবেরদের সাথে সম্পর্ক, ট্রাম্পের খেয়ালখুশিমতো নির্মাণকাজ— তালিকাটি সত্যিই বিস্তৃত। তবে এই দীর্ঘ তালিকা ডেমোক্র্যাটদের জন্য একটি সংকটও সৃষ্টি করেছে— তারা ঠিক কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন? একসাথে অনেকগুলো তদন্ত শুরু করলে আমেরিকানরা হয়তো কোনোটির ওপরেই যথাযথ মনোযোগ দিতে পারবেন না। তাহলে কোন বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত হবে?

ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, মেয়াদের বাকি দুই বছরে তিনি ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত মোকাবেলায় লড়াই করবেন। এই সম্ভাব্য ঝুঁকির মুখে, ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে ফেডারেল ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের কাজ সম্পর্কিত কংগ্রেসের যেকোনো জিজ্ঞাসার জবাব দেওয়ার আগে যেন তারা হোয়াইট হাউসের সাথে সমন্বয় করে নেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’এর বিশ্লেষণে তদন্তের অগ্রাধিকার হিসেবে ৯টি বিষয় তুলে ধরা হয়েছে। সিএনএন’এর মতে, ট্রাম্প, তার পরিবার এবং মিত্রদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির বিষয়টি ডেমোক্র্যাটদের তদন্তের শীর্ষে থাকবে। এটি যেমন তদন্তের জন্য সমৃদ্ধ একটি ক্ষেত্র, তেমনি রাজনৈতিকভাবে লাভজনকও হতে পারে। বিষয়টি কেবল ট্রাম্পের প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিলিয়ন ডলার আয় করা, নিজের সদ্য কেনা শেয়ারের প্রচার চালানো এবং সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে আগাম প্রবেশাধিকার বিক্রি করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সাথে ট্রাম্পের শীর্ষ বিদেশি মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এবং তাঁর বাণিজ্যমন্ত্রী লুটনিকের সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও জড়িত। এছাড়া ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ সংস্থার সমর্থনপুষ্ট কোম্পানিগুলোতে ফেডারেল তহবিল যাওয়ার বিষয়টিও রয়েছে।

আরও পড়ুন: জনসংখ্যা বাড়লেও বিশ্ব রাজনীতিতে মুসলিম নেতৃত্বের প্রভাব সীমিত

মার্কিন জনগণ সবচেয়ে বিরক্ত অপ্রয়োজনীয় ইরান যুদ্ধ নিয়ে। সম্ভাব্য তদন্তের সবচেয়ে স্পষ্ট লক্ষ্যবস্তু হলো ইরান যুদ্ধের পেছনে প্রশাসনের অত্যন্ত অসংগতিপূর্ণ যুক্তি ও লক্ষ্যগুলো। কংগ্রেস তদন্ত করে দেখতে পারে যে এই যুদ্ধ আসলে কী উদ্দেশ্যে ছিল এবং প্রশাসন আমেরিকান জনগণের কাছে সত্য প্রকাশ করেছিল কি না। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, ইরানের হুমকি ঠিক কতটা আসন্ন ছিল, ট্রাম্প তা অতিরঞ্জিত করে দেখিয়েছিলেন বলে মনে হয়। যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার বিষয়টিও ডেমোক্র্যাটরা তদন্ত করতে পারেন; যে বিষয়ে প্রশাসন নিজেদের চলমান তদন্তের দোহাই দিয়ে ক্রমাগত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। সিএনএন জানিয়েছে যে প্রাপ্ত প্রমাণাদি ইঙ্গিত দেয় ওই হামলাটি পুরোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো হয়েছিল, এবং জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে যে এটি একটি যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে।

এপস্টেইনের কার্যকলাপ ইতিমধ্যে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তাই এপস্টেইন ফাইলস হতে পারে তদন্তের একটি বড় ক্ষেত্র। মনে হতে পারে এর অনেকটাই ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। কিন্তু এখনো প্রচুর অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন এবং কখন জানতেন? এপস্টেইনের সাথে নিজের ঘনিষ্ঠতা নিয়ে ট্রাম্প কেন এত মিথ্যা দাবি করেছিলেন? প্রশাসন কেন এখনো সব ফাইল প্রকাশ করেনি?

ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কট্টর অবস্থান এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই’র বাড়াবাড়িও নির্বাচনে প্রভাব ফেলেছে। এমনকি নির্বাচনের পর ট্রাম্পও স্বীকার করেছেন যে তাঁর নির্বাসন অভিযান শেষ পর্যন্ত খুবই কঠোর হয়ে গিয়েছিল। তাই আইসিই এজেন্টদের কর্মকাণ্ড হতে পারে তদন্তের বড় বিষয়। এর মধ্যে মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তাদের হাতে অভিবাসন বিক্ষোভকারী রেনি গুড এবং অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে; যা তদন্ত করতে প্রশাসন অস্বীকৃতি জানিয়েছে। তদন্তের আওতায় অন্যান্য সম্ভাব্য অসদাচরণ, শত শত মার্কিন নাগরিককে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটক রাখা, আরও অনেককে ভুলবশত দেশ থেকে নির্বাসন দেওয়া এবং এসব ঘটনার অনেকগুলো নিয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মিথ্যা দাবির বিষয়গুলোও আসতে পারে।

ট্রাম্প প্রশাসনের সর্বশেষ বিপদ ডেকে আনতে পারে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক। এর সাথে অনেক বড় স্বার্থ জড়িত, এমনকি মার্কিন নিরাপত্তার বিষয়টিও এখানে আলোচিত। এতে এনভিডিয়ার মত এমন একটি কোম্পানি জড়িত, যারা এআই দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এনভিডিয়া বিতর্ক ট্রাম্প প্রশাসনেও টানাপড়েন সৃষ্টি করেছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটটনিক নিজেরাই দ্বন্দ্বে জড়িয়েছেন। অর্থমন্ত্রীর অভিযোগ, বাণিজ্য বিভাগের পক্ষ থেকে মেগাস্পিডকে কালোতালিকাভুক্ত করতে বিস্ময়করভাবে অস্বীকৃতি জানানো হয়েছিল। এই তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হতে পারে যে, মেগাস্পিড এবং এক চীনা ব্যবসায়ীর সাথে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে কাকে, কখন কী জানানো হয়েছিল এবং তাঁরা জেনেশুনে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন কি না।

আরও পড়ুন: যোধপুরে স্বর্ণে রেনিয়াম মেশানোর ঘটনায় নতুন আতঙ্ক

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ হলো, বিচার বিভাগকে ব্যবহার করে শত্রুদের বিরুদ্ধে আইনি প্রতিশোধমূলক অভিযান চালানো। ট্রাম্প তার অসংখ্য শত্রুর বিরুদ্ধে এমন সব তদন্ত চালিয়েছিলেন, যেগুলোর পেছনে যৎসামান্যই প্রমাণ ছিল বলে মনে হয়। প্রতিশোধ নেওয়ার এই প্রচেষ্টা একেবারেই স্পষ্ট। ডেমোক্র্যাটরা হয়তো মনে করবেন যে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি; যাতে মার্কিন রাজনৈতিক ব্যবস্থা অন্তহীন আইনি প্রতিশোধের চক্রে তলিয়ে না যায়।

ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের সম্পর্ক নিয়ে তদন্তের অনেক ক্ষেত্র আছে, আবার ঝুঁকিও রয়েছে। কারণ ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিপাবলিকানদের নির্বাচিত করতে তিনি যে শত শত মিলিয়ন ডলার খরচ করেছেন, এই তদন্তকে তার প্রতিশোধ হিসেবে দেখার ঝুঁকি রয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি-এর নেতৃত্ব দিয়েছেন। তবে এর অধিকাংশ প্রচেষ্টাই ছিল বিশৃঙ্খল এবং তা ফেডারেল সরকারের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করেছে। সম্প্রতি, স্টারলিংকের গতি কমিয়ে দেওয়া এবং ইউক্রেনের যুদ্ধ প্রতিরক্ষায় বাধা সৃষ্টির পেছনে মাস্ক নাকি ট্রাম্প প্রশাসন দায়ী— তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফেডারেল চুক্তিগুলো থেকে মাস্ক যে পরিমাণ সুবিধা পান, তা বিবেচনায় নিলে ঝুঁকির পরও এটি তদন্তে অগ্রাধিকার পেতে পারে।

দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে ট্রাম্প হোয়াইট হাউসি এবং ওয়াশিংটনকে যেমন খুশি তেমনভাবে সাজাতে চেয়েছেন। ট্রাম্প কোনো পূর্বসতর্কতা ছাড়াই হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলেছেন। তার প্রশাসন কেনেডি সেন্টারে তার নাম বসানোর চেষ্টা চালিয়ে গেছে। এছাড়া লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের নাটকীয়তায় জড়িয়ে আছে আপাতদৃষ্টিতে তাড়াহুড়ো করে করা এবং নিশ্চিতভাবেই ত্রুটিপূর্ণ একটি কাজ, যা কোনো প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া ছাড়াই সম্পন্ন করা হয়েছে। ওয়াশিংটনে একটি বিজয় তোরণ বানাতে ট্রাম্পের চেষ্টাও আদালত আটকে দিয়েছে।

সিএনএন’এর অগ্রাধিকার তালিকায় সবার শেষে থাকলেও ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন নৌযানে হামলার ঘটনা গভীর তদন্ত দাবি করে। ট্রাম্প প্রশাসনের পরিচালিত ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামক মাদকবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনীর এসব হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। কার্যত এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, তা নিয়ে এমনকি কিছু রিপাবলিকানও অস্বস্তিতে পড়েছেন। বিশেষ করে ক্যারিবীয় সাগরে একটি কথিত মাদকবাহী নৌকায় সামরিক বাহিনী দ্বিতীয়বার বা ‘ডাবল-ট্যাপ’ হামলা চালিয়েছে; এই তথ্য সামনে আসার পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন জানিয়েছেন, তিনি প্রাপ্ত প্রমাণাদি পর্যালোচনা করে দেখেছেন যে এই হামলাগুলোতে সম্ভবত এমন ‘ব্যক্তিদের বেআইনিভাবে হত্যা করা হয়েছে, যারা মাদক পাচারের সাথে জড়িত নন’। এখানে ডেমোক্র্যাটদের জন্য ঝুঁকি হলো, তারা হয়তো এমন কোনো ভাবমূর্তি তৈরি করতে চাইবেন না যাতে মনে হয় তারা কথিত মাদক পাচারকারীদের পক্ষে দাঁড়াচ্ছেন। কিন্তু এই হামলাগুলো এতটাই নজিরবিহীন যে, অন্তত এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা না করাটা দায়িত্বে অবহেলার শামিল হবে। সূত্র: সিএনএন

আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপানোর ক্ষমতা নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে, যা আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, "দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি, তাই তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগবে।"

সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে। দেশব্যাপী তদন্ত পরিচালনার কারণে এটি শেষ হতে সময় লাগতে পারে।"

প্রসিকিউটর তামিম আরও জানান, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য গঠিত অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কিনা, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। তার মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।"

গাজী এমএইচ তামিম আরও বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান প্রসিকিউটর তামিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরছড়ায় খাসিয়াদের বর্ষবরণের প্রস্তুতি, ২৩ নভেম্বর ‘খাসি সেং কুটস্নেম’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


মাগুরছড়ায় খাসিয়াদের বর্ষবরণের প্রস্তুতি, ২৩ নভেম্বর ‘খাসি সেং কুটস্নেম’

মাগুরছড়া পুঞ্জি, মৌলভীবাজারের কমলগঞ্জে, পাহাড়ি প্রকৃতি, পুঞ্জির জীবনযাপন এবং নিজস্ব সংস্কৃতির আবহে গড়ে উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সেখানে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় অনুষ্ঠান ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার খাসি বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানানো হবে। পাশাপাশি ১২৮তম বর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠী এই বর্ষবিদায় উৎসব পালন করে আসছে। বাংলাদেশে এটি ২০১১ সাল থেকে বড় পরিসরে উদযাপিত হচ্ছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব চলবে।

এই অনুষ্ঠানের আয়োজন খাসি সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় করা হচ্ছে। ইতোমধ্যে মাগুরছড়া ফুটবল মাঠে বাঁশ ও সুপারি পাতার ছাউনিতে মূল মঞ্চ নির্মাণ করা হয়েছে। ঐতিহ্যবাহী পণ্য ও খাবারের স্টল নিয়ে একটি মেলা বসবে।

উৎসবে খাসিয়া নারী-পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে নৃত্য, গান, তৈলাক্ত বাঁশে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক ও গুলতি চালানোর মতো নানা ঐতিহ্যবাহী খেলা থাকবে। এছাড়া, নিজস্ব ভাষায় গান পরিবেশনও অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খেলাধুলা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে অতিথি ও পর্যটকরা আসবেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, ‘প্রতিবছর ২৩ নভেম্বর আমরা বর্ষবিদায় অনুষ্ঠান করি, একইসঙ্গে নতুন বছরকে বরণ করি। ঐতিহ্যবাহী পোশাক, নাচ-গানসহ নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরা হয়।

তিনি আরও জানান, খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকরাও এতে অংশ নেন। সাজু মারছিয়াং বলেন, ‘আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আকভান-এর প্রভাবে আমন কাটায় কৃষকদের দুশ্চিন্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


রংপুরে আকভান-এর প্রভাবে আমন কাটায় কৃষকদের দুশ্চিন্তা

রংপুর, ২২ নভেম্বর ২০২৬ : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপদে পড়েছেন জেলার আট উপজেলার আমন চাষিরা। কৃষকেরা ধান কেটে জমিতে শুকাতে রেখেছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ধান ভিজে গেছে। এই কারণে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান পচে যাওয়ার ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় আমন চাষিরা জানিয়েছেন, অগ্রহায়ণ মাস হচ্ছে আমন ধান কাটার মৌসুম। এই সময় রংপুরের বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে পুরোদমে। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। কেউ কেউ ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছেন। হালকা বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেছে। ফলে ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জেলার ধুলগাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, ‘এবার দুই একর জমিতে আমন ধান আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলে নেব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে তুলব, সেটাই বুঝতে পারছি না। জমিতে পড়ে থাকা ধান আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি যদি আরও কয়েক দিন চলে, তাহলে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’

কুমারগাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ দরকার। এখন বৃষ্টি হওয়ার কারণে ধান শুকানো যাচ্ছে না। আবার ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। ধান নিয়ে আমরা খুব বিপদে আছি। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, রোববার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি মৌসুমে ৯৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে তা নিয়ে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে ধান দ্রুত রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক সিফাত জাহান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুরের বিভিন্ন উপজেলায় যে বৃষ্টিপাত হয়েছে, তাতে কেটে রাখা আমন ধানের কিছুটা ক্ষতি হবে। তবে তাড়াতাড়ি রোদ উঠলে ক্ষতির পরিমাণ কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোধপুরে স্বর্ণে রেনিয়াম মেশানোর ঘটনায় নতুন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


যোধপুরে স্বর্ণে রেনিয়াম মেশানোর ঘটনায় নতুন আতঙ্ক

ভারতের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের গহনায় ‘রেনিয়াম’ নামের একটি বিরল ধাতু মেশানোর খবর প্রকাশিত হওয়ার পর, স্বর্ণ কেনার ক্ষেত্রে আসল জিনিস পাওয়া যাচ্ছে কি না, এই প্রশ্নটি সামনে এসেছে। এই ঘটনা স্বর্ণের বিশুদ্ধতা যাচাই ও সনদ দেওয়ার পদ্ধতি নিয়ে নতুন চিন্তা তৈরি করেছে। তাই স্বর্ণ কেনার পূর্বে ৫টি সহজ বিষয় জানার প্রয়োজন রয়েছে।

প্রথমত, রেনিয়াম কী এবং কেন এটি স্বর্ণে মেশানো হয়? রেনিয়াম একটি ভারী ও বিরল ধাতু, যার ঘনত্ব স্বর্ণের তুলনায় বেশি। অসাধু ব্যবসায়ীরা স্বর্ণের পরিমাণ কমিয়ে গহনার ওজন ঠিক রাখতে এটি ব্যবহার করে। যোধপুরের ঘটনায় দেখা গেছে, ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে প্রায় ১ গ্রাম রেনিয়াম গুঁড়ো মেশানো হয়েছিল। ফলে গহনাটির ২২ ক্যারেটের হলমার্ক থাকলেও বাস্তবে তা প্রায় ২০ ক্যারেটের মানের ছিল।

দ্বিতীয়ত, এই ভেজাল কিভাবে ধরা পড়েনি? দোকানে স্বর্ণ যাচাইয়ের জন্য ব্যবহৃত এক্সআরএফ মেশিনটি রেনিয়াম শনাক্ত করতে পারেনি। কারণ, এই মেশিনটি গহনার উপরের অংশ পরীক্ষা করে; ভেতরে কি আছে তা অনেক সময় বুঝতে পারে না। তবে এর মানে এই নয় যে সব এক্সআরএফ মেশিনই ভুল করে বা সব গহনা ভেজাল।

তৃতীয়ত, বিআইএস হলমার্কের ওপর কি ভরসা করা যায়? একটি ঘটনা দিয়ে পুরো ব্যবস্থাকে অবিশ্বাস করা উচিত নয়, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিআইএসের বক্তব্য অনুযায়ী, তারা দোকানের সাধারণ স্ক্যানের পরিবর্তে ‘ফায়ার অ্যাসেই’-এর মতো নির্ভরযোগ্য পদ্ধতিতে মান যাচাই করে। তবে যোধপুরের ঘটনা মান যাচাইয়ে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

চতুর্থত, ক্রেতারা কেনার সময় কী দেখবেন? গহনা কেনার আগে বিআইএস লোগো, ২২কে৯১৬-এর মতো চিহ্ন এবং ছয় অক্ষরের এইচইউআইডি কোড রয়েছে কি না তা দেখে নিতে হবে। ‘বিআইএস কেয়ার’ অ্যাপের মাধ্যমে ওই কোড যাচাই করা সম্ভব। পাশাপাশি নিবন্ধিত দোকান থেকে কেনা হলে রসিদে ওজন ও ক্যারেট সঠিকভাবে লেখা আছে কি না তা নিশ্চিত করা উচিত।

পঞ্চমত, ক্রেতারা কি নিজেদের পরীক্ষা করাতে পারেন? হ্যাঁ, তারা পারেন। সন্দেহ হলে স্বীকৃত অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে গিয়ে মাত্র ২০০ রুপি ফিতে ‘ফায়ার অ্যাসেই’ পদ্ধতিতে পরীক্ষা করানো যায়। তবে এই পরীক্ষায় সামান্য অংশ কেটে নেওয়া হয়, ফলে গহনায় হালকা ক্ষতি হতে পারে।

অন্যদিকে, ভেজাল আলোচনার মাঝে বিশ্ববাজারে টানা পাঁচ দিন স্বর্ণের দাম কমে গেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত এবং এআই খাতের শেয়ারে বড় পতনের কারণে শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। গত মার্চের পর এক সপ্তাহে এটি সবচেয়ে বড় পতন, যেখানে স্বর্ণ প্রায় ৯ শতাংশ এবং রুপা ১৫ শতাংশের বেশি দাম হারিয়েছে।

সূত্র: লাইভমিন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%