০৪:৩৯ পি.এম
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর রবিবারও কারখানাটিতে উদ্ধার অভিযান চলছিল।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা রোববার জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের তদন্তের অগ্রাধিকার তালিকায় থাকবে ট্রাম্প, ইরান, এপস্টেইন ও অভিবাসন
কারখানাটি বান্তেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত, যা রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি।
বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের যেসব অংশে শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন, সেখানে তল্লাশি কার্যক্রম চলছে। পাশাপাশি, অগ্নিনির্বাপণকর্মীরা রবিবারও আগুনের কিছু অংশ নিয়ন্ত্রণে কাজ করছেন।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যৌথ উদ্ধারকারী দলের সব সদস্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে, মাঠ পর্যায়ে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপানোর ক্ষমতা নেই
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির মালিক প্রতিষ্ঠান পিটি ফনুসা আগুং মুলিয়া। লিংকডইনে প্রতিষ্ঠানটি নিজেদের ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিফামের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে।
এদিকে, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে তাদের প্রিয়জনদের সন্ধানের অপেক্ষা করছেন বলে বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন