ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান


প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মানিত করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে, তিনি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন।

অনুষ্ঠানের সময়, প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: বড়াইগ্রামে শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এর আগে, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠেছে দেশটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠেছে দেশটি

পেরু, লাতিন আমেরিকার একটি দেশ, শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর ফলে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে।

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ কিংবা ঝুঁকিসংক্রান্ত ঘোষণা জারি করা হয়নি।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে মেঘনার পেটে বিলীন পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি, উদ্ধারে নেই উদ্যোগ!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


রামগতিতে মেঘনার পেটে বিলীন পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি, উদ্ধারে নেই উদ্যোগ!

লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী বয়ারচরে মেঘনার ভাঙনে বিস্তীর্ণ জনপদের পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি। তবে, এসব খুঁটি উদ্ধারের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বছরের পর বছর পার হয়ে গেলেও খুঁটিগুলো উদ্ধারে কোনো সাড়া মেলেনি। সরকারি সম্পদ নদীগর্ভে হারিয়ে যাওয়ার পরও বিদ্যুৎ বিভাগের নীরবতা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ারচরের তিনদিক থেকে নদী ভাঙন অব্যাহত রয়েছে। একদিকে ভুলুয়া নদী এবং বাকী দুইদিক থেকে মেঘনা নদীর ভাঙন চলমান। ভাঙন কবলিত এলাকার নদীর তীরবর্তী পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি মেঘনার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর তীরের রাস্তাঘাট, কৃষি জমি ও মানুষের বসতবাড়ি ভেঙে নদীর পেটে চলে যাচ্ছে। নদীর তীরবর্তী বিদ্যুতের সংযোগ লাইন ছিল, কিন্তু মেঘনার ভাঙনের ফলে বিদ্যুতের লাইনও ভেঙে গেছে। এর ফলে শতাধিকেরও বেশি খুঁটি নদীতে পড়ে গেছে। কোথাও খুঁটি উপড়ে পড়েছে, কোথাও খুঁটি এখনও দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও বৈদ্যুতিক অবকাঠামো ভাঙনের কবলে পড়ে নদীর গভীরে হারিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব খুঁটি নদীগর্ভে পড়ে থাকলেও সেগুলো উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত অফিসের পক্ষ থেকে।

বয়ারচরের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার মেঘনার তীরে এসব খুঁটি পড়ে রয়েছে। গাবতলি সুইজগেইট এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে আছে। জোয়ারের স্রোতে বেশ কিছু খুঁটি নদীর পেটে চলে গেলেও এখন শতাধিক খুঁটি নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মুরাদ ও আব্দুল আলী জানান, সরকারি অর্থে কেনা মূল্যবান বিদ্যুতের খুঁটিগুলো উদ্ধারের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। যদি সময়মতো উদ্যোগ নেয়া হতো, তাহলে সবগুলো খুঁটি উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু বছরের বেশি সময় পার হয়ে গেলেও কর্তৃপক্ষের নীরবতায় সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে। বর্তমানে অনেকগুলো খুঁটি নদীতে বিলীন হয়ে গেছে এবং কিছু খুঁটি এখনও দাঁড়িয়ে রয়েছে। এতে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে।

এদিকে, নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা বলছেন, মেঘনার ভাঙন শুধু বসতবাড়ি ও ফসলি জমিই গ্রাস করছে না, বরং বিদ্যুতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যন্ত্রপাতিও ধ্বংস করছে। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের আগাম প্রস্তুতি ও তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দিদার বলেন, নদীগর্ভে হারিয়ে যাওয়া খুঁটিগুলোর প্রকৃত সংখ্যা, আর্থিক মূল্য ও উদ্ধারের সম্ভাবনা নিরূপণে জরুরি তদন্ত প্রয়োজন। একই সঙ্গে যেসব খুঁটি উদ্ধার করা সম্ভব, সেগুলো দ্রুত উদ্ধারের উদ্যোগ নেয়া এবং দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

রামগতি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খায়রুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি ঘটনাস্থলে লোক পাঠিয়ে খুঁটিগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থতা দেন যিনি, সুস্থতার দানও করেন তিনিই: ইসলামের শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


অসুস্থতা দেন যিনি, সুস্থতার দানও করেন তিনিই: ইসলামের শিক্ষা

মানুষের জীবনে সুস্থতা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। তবে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। কখনো সাধারণ অসুস্থতা, আবার কখনো জটিল ও দুরারোগ্য ব্যাধি মানুষের শারীরিক ও মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে। অসুস্থ হলে অনেকে হতাশ হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, তাঁদের রোগের কোনো চিকিৎসা নেই। কিন্তু ইসলাম হতাশা থেকে দূরে থাকতে এবং চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হতে শিক্ষা দেয়।

চিকিৎসা গ্রহণ করা নবীজির শিক্ষা: ইসলাম রোগের প্রতিষেধকের কথা বলার পাশাপাশি চিকিৎসা গ্রহণের নির্দেশও দিয়েছে। উসামা ইবনে শারিক (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন কিছু বেদুইন এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! আমরা কি চিকিৎসা গ্রহণ করব? তিনি বললেন, ‘হ্যাঁ, হে আল্লাহর বান্দারা! তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক সৃষ্টি করেননি। তবে একটি রোগের প্রতিষেধক নেই।’ তাঁরা জানতে চাইলেন, সেটি কী? তিনি বললেন, ‘বার্ধক্য।’ (আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)

এই হাদিসে চিকিৎসা গ্রহণের প্রতি সুস্পষ্ট উৎসাহ প্রদান করা হয়েছে। সুতরাং অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং উপযুক্ত ওষুধ সেবন করা ইসলামের নির্দেশনা। চিকিৎসা গ্রহণকে আল্লাহর ওপর ভরসার পরিপন্থী মনে করাও সঠিক নয়। কারণ চিকিৎসা একটি উপায়, আর আরোগ্য দান করেন মহান আল্লাহ।

রাসুলুল্লাহ (সা.) নিজেও অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, ‘হে মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।’ (মুসলিম, হাদিস: ২১৯১)

প্রতিটি রোগের ওষুধ রয়েছে: ইসলামের দৃষ্টিতে রোগ আল্লাহর সৃষ্টি, তেমনি রোগের প্রতিষেধকও তাঁরই সৃষ্টি। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আল্লাহ এমন কোনো রোগ অবতীর্ণ করেননি, যার প্রতিষেধক তিনি অবতীর্ণ করেননি।’ (বুখারি, হাদিস: ৫৬৭৮)

এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন, আল্লাহ তাআলা কাউকে কোনো রোগে আক্রান্ত করলে তার জন্য প্রতিষেধকও নির্ধারণ করে রেখেছেন; কিন্তু কিছু রোগীর চিকিৎসা করার পরও সুস্থতা আসে না। এর কারণ প্রতিষেধকের অনুপস্থিতি নয়; বরং রোগের প্রকৃত অবস্থা নির্ণয় করতে না পারা কিংবা চিকিৎসার যথার্থ পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা। (উমদাতুল কারি: ২১/২৩০)

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি রোগেরই ওষুধ রয়েছে। যখন রোগের উপযোগী ওষুধ প্রয়োগ করা হয়, তখন আল্লাহর অনুমতিক্রমে রোগী সুস্থ হয়ে ওঠে।’ (মুসলিম, হাদিস: ২২০৪)

বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, সব রোগের প্রতিষেধক থাকলেও সেসব প্রতিষেধকের পরিচয় ও কার্যকারিতা সম্পর্কে সব মানুষের জ্ঞান থাকে না। (ফাতহুল বারি: ১০/১৪২)

এ বক্তব্যগুলো থেকে বোঝা যায়, কোনো রোগকেই এমন মনে করা উচিত নয় যে এর কোনো প্রতিকার আল্লাহ সৃষ্টি করেননি। তবে সব রোগের প্রতিষেধক মানুষের জানা বা আয়ত্তে এসেছে, এমন নয়। অনেক রোগের চিকিৎসা এখনো চিকিৎসাবিজ্ঞানের গবেষণার বিষয়। কিছু রোগের কার্যকর চিকিৎসা আবিষ্কৃত হলেও তা সব রোগীর ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না। আবার চিকিৎসার নতুন নতুন পদ্ধতি ও ওষুধ সম্পর্কে সব চিকিৎসকের সমান ধারণাও থাকে না। তাই চিকিৎসার উপায় অনুসন্ধান করা মানুষের দায়িত্ব।

হতাশ না হয়ে ভালো চিকিৎসা ও দোয়া করা: রোগব্যাধি কখনো মানুষের জন্য পরীক্ষা এবং কখনো গুনাহ মাফের মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও বিপদই আসুক না কেন, এমনকি একটি কাঁটা বিদ্ধ হলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।’ (বুখারি, হাদিস: ৫৬৪১)

সুতরাং অসুস্থতার সময় মনোবল না হারিয়ে ধৈর্য ধারণ করা, নিয়মিত দোয়া করা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা জরুরি। পাশাপাশি রোগের প্রকৃতি অনুযায়ী অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মনে রাখতে হবে, আল্লাহ তাআলা রোগের প্রতিষেধক সৃষ্টি করেছেন; কিন্তু প্রত্যেক রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ করে তোলার নিশ্চয়তা দেননি। মানুষের সাধ্য অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। কখনো আরোগ্য আসে, কখনো রোগের কষ্টের মধ্য দিয়েই বান্দার জন্য কল্যাণ নির্ধারিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রয়ের পর বায়ার্নের জন্য বড় দুসংবাদ, কেইন কয়েক মাস মাঠের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


ড্রয়ের পর বায়ার্নের জন্য বড় দুসংবাদ, কেইন কয়েক মাস মাঠের বাইরে

ফিফা উইন্ডোর বিরতি শেষে বায়ার্ন মিউনিখের জন্য ফেরাটা সুখকর হয়নি। বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তবে এই ড্রয়ের হতাশা ছাপিয়ে তাদের জন্য বড় দুশ্চিন্তার নাম এখন হ্যারি কেইন।

জার্মান জায়ান্টরা তাদের গোলমেশিনকে কয়েক মাসের জন্য হারাতে যাচ্ছে। গতকাল ঘরের মাঠে পয়েন্ট হারানোর রাতে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পান কেইন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, চোটটি গুরুতর নয়। কিন্তু পরীক্ষার পর জানা গেছে, ৩৩ বছর বয়সী স্ট্রাইকারকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ১২ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোল করে কোলনকে এগিয়ে দেন মিকি মুর। সতীর্থ সাইদ এল মালার ব্যাকহিল পাস থেকে বল জালে পাঠান টটেনহাম থেকে ধারে খেলতে আসা এই ইংলিশ ফরোয়ার্ড।

এরপরই বড় ধাক্কাটা খায় বায়ার্ন। ২০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। ইংলিশ অধিনায়কের বদলি হিসেবে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে স্বাগতিকরা। ৩৭ মিনিটে বদলি নামা বিশফের পাস থেকে কোলনের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন নাথানিয়েল ব্রাউন।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। ড্রয়ের পরেও শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১। ৯ ম্যাচ শেষে ডর্টমুন্ডের পয়েন্ট ২১।

কেইনের মতো পরে চোটের কারণে মাঠ ছাড়েন মাইকেল অলিসেও। বায়ার্নের ফরাসি ফরোয়ার্ডের পায়ের সামনের অংশে কালশিটে পড়েছে বলে জানিয়েছে ক্লাবটি।

কিন্তু অলিসের জন্য খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না।

কেইনের চোট নিয়ে এক বিবৃতিতে বায়ার্ন লিখেছে, ‘শুক্রবার সন্ধ্যায় হ্যারি কেইনের বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

কতদিন মাঠের বাইরে থাকবেন কেইন, বায়ার্ন তা জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ স্ট্রাইকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%