১০:৪১ পি.এম
মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার নীতি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি পাকিস্তান, মিসর ও সৌদি আরবের উদাহরণ তুলে ধরেছেন এই প্রসঙ্গে।
প্রগতিশীল ডেমোক্র্যাটিক নেতা এল-সায়েদ করদাতাদের অর্থের বিষয়টি উল্লেখ করে বলেন, কোনো দেশকেই শর্তহীন বিদেশি সহায়তা প্রদান করা উচিত নয়।
পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কর দিই না মিসর সরকারকে ট্যাংক দেওয়ার জন্য। পাকিস্তান বা সৌদি আরব সরকারকেও দেওয়ার জন্য নয়। সাধারণভাবে শর্তহীন সামরিক সহায়তা দেওয়া উচিত বলে আমি মনে করি না।”
আরও পড়ুন: আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা
নবনির্বাচিত এই সিনেটর এর আগে নিজের অবস্থান তুলে ধরেছেন। চলতি সপ্তাহের শুরুতে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়।
এল-সায়েদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে হবে। তিনি মন্তব্য করেন, বিষয়টি শুধু ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।
তিনি বলেন, “আমরা কীভাবে নিশ্চিত করব যে আন্তর্জাতিক আইনের কাছে আমরা নিজেরাও জবাবদিহি করছি? বিষয়টি শুধু ইসরাইলকে ঘিরে নয়। মিসরের ক্ষেত্রেও আমি একই অবস্থান নেব, যে দেশ থেকে আমার পরিবার অভিবাসী হয়েছে। পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করব। আন্তর্জাতিক আইন কার্যকর করার ক্ষেত্রে আমাদের সবার আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
এল-সায়েদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাওয়া দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। উদাহরণ হিসেবে ইসরাইলের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা যখন কোনো দেশকে অর্থ দিই এবং সেই অর্থ ব্যবহার করে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন বিষয়টি দিয়েই আমাদের কাজ শুরু করা উচিত।”
আরও পড়ুন: বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন। এল-সায়েদের এই মন্তব্য সেই প্রেক্ষাপটে এসেছে।
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন এল-সায়েদ। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হন।
নির্বাচনে জয়ের পর ট্রাম্পের ইসরাইলকে সামরিক সহায়তা কমানোর প্রস্তাবকে স্বাগত জানান এল-সায়েদ। তিনি বলেন, “আমি মনে করি, এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক অবস্থান নিয়েছেন।”
এছাড়া, ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানান তিনি। এল-সায়েদের অভিযোগ, ওয়াশিংটনের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: ‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল
তিনি বলেন, “গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো ভয়াবহ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধ করতেও আমি দেখতে চাই।”
উল্লেখ্য, ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকা একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরাইলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র: ফার্স্টপোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন