১০:৪৬ পি.এম
ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২ জুন) সকালে, ঘটনা উপজেলার শুক্তগড় ইউনিয়নের কেওতা বাজারে ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মো. অনিক সিকদার (৩০) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাজার এলাকার বাসিন্দা মো. শাহজাহান সিকদারের ছেলে।
শুক্তগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার সংবাদকর্মীদের জানান, গত কয়েকদিন ধরে অনিক সিকদার তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাকে চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেয়া হয়েছে।
আরও পড়ুন: তাহিরপুরে মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক।
মঙ্গলবার সকালে অনিক সিকদার কেওতা বাজারে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে আসেন। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর একটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অনিক সিকদারকে তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক মো. অনিক সিকদারের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নম্বরবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত চলছে এবং সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন: আশুলিয়ায় ভোররাতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন