০১:৩৮ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মীরা। এই কারণে সোমবার বেলজিয়ামের প্রায় সকল ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস শনিবার জানায়, ২৩ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলজিয়ামের বিমানবন্দরগুলোতে এবং আকাশসীমায় নিয়মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা প্রদান করা সম্ভব হবে না।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ
একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘ওই সময়ে প্রত্যাশিত কর্মী উপস্থিতি দিয়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই সাময়িকভাবে সংশ্লিষ্ট সেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’
দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তার সরকারের এ ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গত কয়েক মাসে বেলজিয়ামে একাধিক ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
স্কাইস জানিয়েছে, জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সেবা চালু থাকবে।
তবে ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম প্রধান কেন্দ্র শারলেরো বিমানবন্দর জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে সারা দেশের সব বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ এক দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।
আরও পড়ুন: কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি-দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’
ধর্মঘটের সিদ্ধান্তকে শেষ মুহূর্তের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এর পরিণতি হবে ‘ভয়াবহ’।
দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, সোমবার অধিকাংশ আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল করতে হবে।
রক্ষণশীল ফ্লেমিশ নেতা প্রধানমন্ত্রী ডি ওয়েভার আগামী সোমবারের মধ্যে নতুন ব্যয় সংকোচনমূলক বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য জোট সরকারের অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায়
চলতি মাসের শুরুতে জোটের শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।
তবে বেলজিয়ামের রাজা ফিলিপ তার পদত্যাগ গ্রহণ করেননি। বরং সংকট সমাধানের জন্য তাকে আরও সময় দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন