০৭:১৮ এম
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলার কারণে ছয়টি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন শিশু-কিশোররা খেলাধুলা করে থাকে। রোববার বিকেলে মাঠে খেলাধুলার সময় কে আগে এবং কে পরে খেলবে, এ নিয়ে দুই মহল্লার কিশোরদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর সন্ধ্যার দিকে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ থেকে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। ফলে ছয়টি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: সিলেটে অগ্নিসন্ত্রাসের শিকার ৪টি বাস, গানপাউডার উদ্ধার, মামলার প্রস্তুতি
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। এই সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, "ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।"
আরও পড়ুন: ফরিদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মনজুরুল হাসান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন