ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিলেটে অগ্নিসন্ত্রাসের শিকার ৪টি বাস, গানপাউডার উদ্ধার, মামলার প্রস্তুতি


সিলেটে অগ্নিসন্ত্রাসের শিকার ৪টি বাস, গানপাউডার উদ্ধার, মামলার প্রস্তুতি

সিলেট মহানগরীতে দুর্বৃত্তদের দ্বারা চারটি বাসে আগুন দেয়া হয়েছে। চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে অত্যন্ত কাপুরুষোচিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়। এই অগ্নিসন্ত্রাসের ফলে বাস চারটির ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার সময় সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে এই ঘটনার সাথে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তদন্ত চলছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি চক্র এই ঘটনা ঘটিয়েছে। তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের প্রতিহত করার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে ডগ স্কোয়াডের অভিযানে ৫০টি পাওয়ারজেল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


কেন্দুয়ায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে র‍্যালি ও আলোচনা সভা

নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ বছরের সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘One Health, One Action: Prevent AMR Now’। বাংলায় এর অর্থ হলো, ‘এক স্বাস্থ্য, এক পদক্ষেপ: এখনই এএমআর প্রতিরোধ করুন’। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী এ সচেতনতামূলক সপ্তাহ পালিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রকৃতি, এর বিস্তার এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহারের ফলে জীবাণু এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এর ফলে সাধারণ ওষুধ দিয়েও অনেক সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে পড়তে পারে। এই সমস্যা মানুষের স্বাস্থ্য ছাড়াও গবাদিপশু, হাঁস-মুরগি এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক আলোচনা করেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। এই সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া পশু-পাখিকে অ্যান্টিবায়োটিক না দেওয়ার, নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী ওষুধ প্রয়োগের এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য খামারিদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে তিনি এএমআরের ভয়াবহতা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে আলোচনা করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘ওয়ান হেলথ’ ধারণার আওতায় মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় খামারি, পশুখাদ্য ও ওষুধ বিক্রেতা, পল্লিচিকিৎসক, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের আহ্বান রাশেদ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের আহ্বান রাশেদ প্রধানের

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান মন্তব্য করেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদকে জনগণের সহযোগিতায় প্রতিহত করতে হবে। এই লক্ষ্যে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। সরকার কিংবা বিরোধী দল, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই।’

বৃহস্পতিবার, মুক্তিযুদ্ধের ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ প্রধান আরও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি ছিলেন মেজর এম এ জলিল। তার একমাত্র অপরাধ ছিল, তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারকে বিন্দুমাত্র দ্বিধা করতে হয়নি, কারণ শেখ মুজিব বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চাননি। তিনি দেশকে পাকিস্তানের বদলে ভারতে পরিণত করেছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করায় মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে 'বীর উত্তম' খেতাব প্রদান করা হলেও মেজর এম এ জলিলকে বঞ্চিত করা হয়েছিল।

জাগপা মুখপাত্র আরো উল্লেখ করেন, হিন্দুস্তান ও আওয়ামী লীগের পুরোনো ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে। জুলাইকে ধারণ করেই আমাদের একত্রিত হতে হবে এবং সকল ষড়যন্ত্রের নীলনকশাকে বাংলার মাটিতে কবর দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুব জাগপা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নিতেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ঢাবি ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নিতেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাচ্ছে, যাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন জানান, আপিলের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজই আবেদন জমা দেওয়া হবে।

এর আগে, বুধবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন।

আদালত একইসঙ্গে পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছেন, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আবেদন করেছেন, যার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। আদালত এই স্থগিতাদেশ দিয়েছিলেন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুয়াদ: পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ফুয়াদ: পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায়

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন, পাহাড় থেকে গার্মেন্টস ও গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়।

তিনি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়। এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ব্যারিস্টার ফুয়াদ যোগ করেন, ‘ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামের সংকটকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। এ অঞ্চলের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।’

আলোচনা সভায় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান এবং পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%