ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী


সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী

সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : সরকারের পরিকল্পনা হলো, আগামী সাত থেকে আট বছরের মধ্যে দেশের ইটভাটার কার্যক্রম ধাপে ধাপে বন্ধ করে পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগের উদ্দেশ্য হলো বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা।

এছাড়া, শিল্পকারখানার নির্গমন পর্যবেক্ষণ, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজের দূষণ কমানোর জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আজ জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের একটি জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই তথ্য জানান।

আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

মন্ত্রী উল্লেখ করেন, বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে জৈব ও পৌর বর্জ্য পোড়ানো, ইটভাটা, অনিয়ন্ত্রিত নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আন্তঃসীমান্ত দূষণ। এসব বিষয় নিয়ন্ত্রণে বায়ুদূষণ বিধিমালা-২০২২ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ কার্যকর করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সরকার ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যানবাহন, কলকারখানা, ইটভাটা, নির্মাণকাজ, বর্জ্য, গৃহস্থালি ও কৃষিকাজ থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১০ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৩৬টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ৯১টি অভিযান চালিয়ে ২৮৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখার অপরাধে ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে ৩১টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্পের আওতায় শিল্পকারখানার নির্গমন অনলাইনে পর্যবেক্ষণ, যানবাহন পরীক্ষাকেন্দ্র আধুনিকায়ন এবং ঢাকায় ৪০টি বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ রয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

তিনি আরও বলেন, দেশে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে। একসঙ্গে সব বন্ধ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে ইটভাটার পরিবর্তে ব্লকের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ কমানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিলের তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিলের তদন্তে কমিটি গঠন

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রবেশপথে তার ও বাঁশের রেলিং নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দিয়েছে। তবে, এই কাজগুলোর জন্য কোনো চুক্তিপত্র বা কার্যাদেশের নথি সংরক্ষিত অবস্থায় পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে, বিলের যথার্থতা ও কাজ সম্পাদনের প্রক্রিয়া যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিল পর্যালোচনা করে প্রতিবেদন দিতে।

জাদুঘর-সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে, জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে জনবল দিয়ে জাদুঘরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

এই সময়, জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দেয়।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্ত (অনুচ্ছেদ ৫.২) অনুযায়ী, প্রতিষ্ঠানটির দাখিল করা বিলের যথার্থতা নিরূপণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একাধিক বিল দাখিল করেছে, তবে কার্যাদেশ পাওয়ার পর কাজ সম্পাদনের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্র সংরক্ষিত নথিতে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক। সদস্য হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পর্যায়ের প্রতিনিধি, বাংলা একাডেমির একজন প্রকৌশলী প্রতিনিধি এবং জাদুঘরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল হক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাদুঘরের সংরক্ষণ হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অরুণ কুমার রায়।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, জাদুঘরের প্রবেশপথে অস্থায়ী বাঁশের রেলিং তৈরির কাজে মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিল পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু বিরোধীদের বড় ধাক্কা! নেসেটের সম্ভাব্য স্পিকার মাতান কাহানা কে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


নেতানিয়াহু বিরোধীদের বড় ধাক্কা! নেসেটের সম্ভাব্য স্পিকার মাতান কাহানা কে?

ইসরায়েলের রাজনীতিতে একটি বড় ধরনের নাটকীয়তা শুরু হয়েছে। গাদি আইসেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট দেশটির পার্লামেন্টে (নেসেট) স্পিকার পদে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে বর্তমান স্পিকার আমির ওহানাকে পদচ্যুত করে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানাকে স্থলাভিষিক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি ইসরায়েলি রাজনীতিতে তীব্র রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নেসেট প্লেনামে ভোটগ্রহণ ও এর পূর্ববর্তী বিতর্ক শুরু হয়। বিরোধী জোটের এই পদক্ষেপের ফলে পার্লামেন্টের এজেন্ডা, গুরুত্বপূর্ণ আইন পাস এবং বিভিন্ন কমিটি গঠনের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে। যদিও অক্টোবর মাসের নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন।

এদিকে, আরব দলগুলোর সমর্থন নিয়ে এই পদক্ষেপ নেওয়ার জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার মিত্র উগ্র-ডানপন্থী দলগুলো তীব্র সমালোচনা করেছে। লিকুদ পার্টির পক্ষ থেকে ওফির কাটজকে স্পিকার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে, যাকে সমর্থন দিচ্ছে শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দল। তবে আরব দলগুলোর সমর্থনে এই প্রক্রিয়া সফল হওয়া ঠেকাতে লিকুদ শিবির এবং তাদের মিত্ররা বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করেছে।

সামরিক পটভূমি ও রাজনৈতিক ক্যারিয়ার

৫৪ বছর বয়সী মতান কাহানা ১৯৭২ সালের ২৯ জুলাই হাইফায় জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ২৮ বছর ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনি কুখ্যাত স্পেশাল ফোর্সেস ইউনিট 'সায়েরেন মাতকাল'-এ সাড়ে তিন বছর কাজ করেন। পরে বিমান বাহিনীর ফাইটার পাইলট ও স্কোয়াড্রন কমান্ডার হিসেবে ২০০৬ সালে লেবানন যুদ্ধ এবং ২০০৮, ২০১২ ও ২০১৪ সালে গাজার বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনে অংশ নেন। ২০১৮ সালে কর্নেল পদমর্যাদায় তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

২০১৯ সালে রাজনীতিতে প্রবেশ করে তিনি নাফতালি বেনেটের ‘নিউ রাইট’ ও পরবর্তীতে ‘ইয়ামিনা’ জোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ধর্মীয় সেবা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গাদি আইসেনকোটের নতুন দল ‘ইশারের’ অন্যতম প্রতিষ্ঠাতা হন এবং অক্টোবরের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতানিয়াহু বিরোধীরা পার্লামেন্টের ১২০টির মধ্যে ৬৭টি আসনের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যেখানে নেতানিয়াহুর পক্ষে রয়েছে ৫৩ আসন। এই সংখ্যা গরিষ্ঠতাকে কাজে লাগিয়েই স্পিকার পদ দখলের লড়াইয়ে নেমেছে বিরোধীরা। সূত্র: জেরুজালেম পোস্ট, আনাদুলু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


জবির পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে পুলিশ প্রায় ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কর্মকর্তার নিরাপত্তার জন্য তাঁদের থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের থানায় রাখা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ জানান, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব ছিল। সে অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাতের বেলা নিরাপত্তার স্বার্থে তাঁদের থানায় রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে পাঁচ কর্মকর্তার সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানান প্রক্টর। তিনি বলেন, তাঁদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাঁদের হাজির হতে বললে প্রত্যেককে উপস্থিত থাকতে হবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সাময়িক বহিষ্কার করে। রাত সাড়ে ৩টার দিকে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে আওয়ামী সন্ত্রাসের ঘটনায় যুক্তরাজ্যের কাছে বিচার দাবি বাংলাদেশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


লন্ডনে আওয়ামী সন্ত্রাসের ঘটনায় যুক্তরাজ্যের কাছে বিচার দাবি বাংলাদেশ সরকারের

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে, যুক্তরাজ্যের কাছে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লন্ডনে মো. নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ওপর হামলা করা হয়েছে। বাংলাদেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কর্মীরা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সাথে সম্পৃক্ত মহলের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%