ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তেল সংকটে কিউবাজুড়ে লোডশেডিং


তেল সংকটে কিউবাজুড়ে লোডশেডিং

জ্বালানি সংকটের কারণে কিউবাজুড়ে ব্যাপক লোডশেডিং ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি-সংক্রান্ত অবরোধের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো সারাদেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কিউবায় দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার ঠিক আগে পুরো দ্বীপটি অন্ধকারে ডুবে যায়।

শুক্রবার বিদ্যুৎ গ্রিডের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ভাটারা থানার সড়ক থেকে জব্দ গাড়ি এক যুগ পর অপসারণ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ বিভ্রাটের কোনো ব্যাখ্যা করা হয়নি। তবে সোমবারেও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। এর ফলে বছরের শুরু থেকে দেশজুড়ে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যা বেড়ে চারটিতে দাঁড়িয়েছে। এর আগে মার্চ মাসে আরও দুবার দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।

কিউবায় বিদ্যুৎ বিভ্রাট ঘটনা কোনও অস্বাভাবিক কিছু নয়। কারণ দেশটির বিদ্যুৎ অবকাঠামো ক্রমেই পুরোনো হয়ে যাচ্ছে। এই ব্যবস্থার বেশিরভাগই ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে অর্থাৎ শীতল যুদ্ধের সময়ে নির্মিত হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে সমস্যাটি আরও তীব্র হয়েছে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত কিউবার বিদেশি তেলের সরবরাহ বন্ধ করে দেন।

কিউবা আধুনিক ইতিহাসের দীর্ঘতম বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্র মূলত দেশটির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে রেখেছে। কিউবা যুক্তরাষ্ট্রের উপকূল থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে আটক ৫৬৫, উদ্ধার মাদকদ্রব্য ও আলামত

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কমিউনিস্ট-শাসিত এই দ্বীপে শাসনব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করে আসছেন। সমালোচকেরা দীর্ঘদিন ধরে হাভানার সরকারকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছেন। এর মধ্যে অন্যতম অভিযোগ হলো ভিন্নমতের ওপর সহিংস দমন-পীড়ন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদুরো একজন সমাজতান্ত্রিক নেতা এবং কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এই অভিযানের পরপরই ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলা আর কিউবাকে তেল বা অর্থ পাঠাবে না। এরপর থেকে তাঁর প্রশাসন ভেনেজুয়েলার তেল রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

এরপর ২৯ জানুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে বলা হয়, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠছে। আদেশের অংশ হিসেবে তিনি কিউবায় জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এরপর থেকে গত মার্চে মাত্র একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার কিউবায় পৌঁছেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত কিউবা তার ব্যবহৃত তেলের মাত্র ৪০ শতাংশ উৎপাদন করে। বাকি অংশ বিদেশ থেকে আমদানি করা হয়।

আরও পড়ুন: এবার মেঘনা আলমকে দুদক তলব করেছে

মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, অব্যাহত জ্বালানি ঘাটতির কারণে কিউবার বেসামরিক জনগণের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। কারণ এতে পরিবহনের মতো গুরুত্বপূর্ণ গণসেবাগুলোও বন্ধ হয়ে যেতে পারে।

২০২২ সালের হিসাব অনুযায়ী, কিউবার মোট শক্তি ব্যবহারের মাত্র ১৮ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট শক্তির প্রায় এক-চতুর্থাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধে আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি উইডেকম্ব হত্যা, সন্দেহভাজনকে গ্রেপ্তার করল ব্রিটিশ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ এম


সাবেক এমপি উইডেকম্ব হত্যা, সন্দেহভাজনকে গ্রেপ্তার করল ব্রিটিশ পুলিশ

যুক্তরাজ্যের সাবেক সরকারি মন্ত্রী এবং ব্রেক্সিট প্রচারের অন্যতম পরিচিত মুখ অ্যান উইডেকম্বকে হত্যার অভিযোগে ব্রিটিশ পুলিশ ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

শুক্রবার ডেভন ও কর্নওয়াল পুলিশের কর্মকর্তা ম্যাট লংম্যান এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এ ঘটনাকে বর্তমান পর্যন্ত সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখা হচ্ছে না। তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে কাজ করছে। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অ্যান উইডেকম্বের বাড়িতে পুলিশকে খবর দেওয়া হয়েছিল।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৭৮ বছর বয়সী উইডেকম্বকে গুরুতর আঘাতসহ মৃত অবস্থায় উদ্ধার করে। এরপরেই হত্যা মামলা তদন্ত শুরু হয়। পুলিশ জানায়, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তারা দ্রুততার সাথে তদন্ত অগ্রসর করছে।

ঘটনার প্রকৃত কারণ উন্মোচনের চেষ্টা চলছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা করেছেন।

অ্যান উইডেকম্ব ১৯৮৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কনজারভেটিভ দলের সংসদ সদস্য ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী জন মেজরের সরকারের বিভিন্ন সময়ে তিনি জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি নাইজেল ফারাজের ব্রেক্সিট পার্টিতে যোগ দেন।

২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। এরপর ব্রেক্সিট পার্টির নতুন নাম 'রিফর্ম ইউকে' হলে তিনি দলটির অভিবাসনবিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। উইডেকম্ব দীর্ঘ রাজনৈতিক জীবনে সামাজিকভাবে রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি গর্ভপাতের বিরোধিতা করতেন। সমকামী ও ভিন্নলিঙ্গের মানুষের জন্য যৌন সম্পর্কের বৈধ সম্মতির বয়স সমান করার বিরোধিতাও করেছিলেন। এছাড়া সন্তান জন্ম দেওয়ার সময় গর্ভবতী বন্দিদের শিকল পরিয়ে রাখার নীতির পক্ষেও তিনি মত দিয়েছিলেন। সংসদ থেকে অবসর নেওয়ার পর ২০১০ সালে তিনি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এ অংশ নেন। ওই অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন করে সাধারণ মানুষের কাছে পরিচিতি পান।

উইডেকম্বের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, অ্যান উইডেকম্ব দীর্ঘ সময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের জন্য একটি বড় ক্ষতি। তিনি উইডেকম্বের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা লেবার পার্টির রাজনীতিক অ্যান্ডি বার্নহামের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। তার একজন মুখপাত্র জানান, এই কঠিন সময়ে তাঁদের চিন্তা এবং সমবেদনা অ্যান উইডেকম্বের পরিবারের সঙ্গে রয়েছে। উইডেকম্বের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর হত্যা তদন্তের বিস্তারিত তথ্য সামনে আসার আগেই কনজারভেটিভ ও রিফর্ম ইউকের অনেক সাবেক সহকর্মী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান উইডেকম্বকে ব্রেক্সিটের একজন সাহসী সমর্থক এবং অসাধারণ বক্তা বলে উল্লেখ করেন। তিনি জানান, উইডেকম্ব এমনভাবে দলীয় কর্মী-সমর্থকদের অনুপ্রাণিত করতে পারতেন যে তার পরে বক্তব্য দেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে যেত।

উল্লেখ্য, গত এক দশকে দায়িত্বে থাকা দুইজন ব্রিটিশ সংসদ সদস্য হত্যার শিকার হয়েছেন। ২০১৬ সালে ব্রেক্সিট প্রচারের সময় লেবার পার্টির এমপি জো কক্সকে নাৎসি মতাদর্শে প্রভাবিত এক ব্যক্তি গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর ২০২১ সালে কনজারভেটিভ দলের এমপি ডেভিড অ্যামেসকে আইএস-অনুপ্রাণিত এক ব্যক্তি ছুরিকাঘাতে হত্যা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থেমে গেল স্পেনের রেকর্ড যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ এম


থেমে গেল স্পেনের রেকর্ড যাত্রা

থেমে গিয়েছে স্পেনের রেকর্ড যাত্রা। বিশ্বকাপে ৬৪৯ মিনিট পরে গোল খেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার-ফাইনালে শুক্রবার ৪১তম মিনিটে, ডান দিক থেকে টিমোতি ক্যাস্তানির একটি দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত হেডে স্পেনের জালে বল পাঠান বেলজিয়ামের শার্লে ডে কেটলারে।

বিশ্বকাপে এর আগে, সবশেষ স্পেন গোল হজম করেছিল ২০২২ আসরে, যখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা জাপানের বিপক্ষে খেলেছিল। সেবার শেষ ষোলোয় মরক্কোর বিরুদ্ধে ১২০ মিনিটের লড়াইয়ে গোলশূন্য সমতা থাকলেও, টাইব্রেকারে হেরে বিদায় নেয় স্প্যানিশরা। চলতি আসরে শুরু থেকেই তারা প্রথম পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখেছিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রাখার অনন্য কীর্তি গড়ে লুইস দে লা ফুয়েন্তের দল।

এবার সেই ধারায় ছেদ পড়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে ফাবিয়া রুইসের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির আগে সমতা ফেরান ডে কেটলারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ এম


আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামীকাল সকালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের দল সুইজারল্যান্ড। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সেমিফাইনালে ওঠার জন্য ম্যাচের সম্ভাব্য ফল সম্পর্কে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।

ম্যাচ শুরু হওয়ার পূর্বে, ২৫ হাজার বার সিমুলেশন চালানোর মাধ্যমে সম্ভাব্য ফলাফলগুলো বিশ্লেষণ করা হয়েছে সুপার কম্পিউটারের দ্বারা। সেই বিশ্লেষণের প্রেক্ষিতে, ৯০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ৭ শতাংশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

অন্যদিকে, সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ দশমিক ০ শতাংশ দেখানো হয়েছে। এছাড়া ২৪ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তবে খেলাটি অতিরিক্ত সময়ে গড়িয়ে যেতে পারে এবং প্রয়োজন হলে টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তিরও সম্ভাবনা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনার পক্ষেই সবকিছু থাকলেও, নকআউট পর্বে অঘটনের সম্ভাবনা সবসময় বিদ্যমান থাকে। তবে সামগ্রিক হিসাব অনুসারে, শেষ চার নিশ্চিত করার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ দশমিক ৬ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা নরওয়ে।

এখন দেখার বিষয় হচ্ছে, সুপার কম্পিউটার দ্বারা প্রদত্ত পূর্বাভাস মাঠের লড়াইয়ে কতটুকু প্রতিফলিত হয় অথবা আবারও সব হিসাব উল্টে দিয়ে বিশ্বকাপের নকআউট পর্যায়ে নতুন চমক উপহার দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোর্তোয়াকে তুলে নেওয়ার কারণ জানালেন কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ এম


কোর্তোয়াকে তুলে নেওয়ার কারণ জানালেন কোচ

স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হৃদয়বিদারকভাবে শেষ হলো থিবো কোর্তোয়ার এবারের বিশ্বকাপ যাত্রা। ম্যাচের ৭১ মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। মাঠ ছাড়ার মুহূর্তে কোর্তোয়াকে অঝরো কাঁদতে দেখা যায়। যখন তিনি মাঠ ছাড়ছিলেন, তখন স্কোরলাইন ছিল ১-১।

কোর্তোয়াকে তুলে নিয়ে বদলি গোলকিপার নামিয়েছিলেন বেলজিয়াম কোচ। আর সেই বদলি গোলকিপারের ভুলেই বেলজিয়াম স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে। ম্যাচ শেষে কোর্তোয়া জানান, তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কোচ রুডি গার্সিয়া তাকে মাঠে রাখতে রাজি ছিলেন না।

কোর্তোয়া ম্যাচ শেষে বললেন, দ্বিতীয়ার্ধের শুরুতে একটি লং কিক নেওয়ার সময় ঊরুর সামনের পেশিতে ব্যথা অনুভব করেছিলেন। সে সময় কয়েকটি সেভ করলেও আবার লং কিক নেওয়ার সময় ব্যথা বাড়তে থাকে। তবে তার বিশ্বাস ছিল, অন্তত আরও কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে পারতেন। তিনি বলেন, ‘ঊরুর সামনের পেশিতে অনেক ব্যথা ছিল। কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে আমার কোনো সমস্যা ছিল না, শুধু লং কিক নিতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত কোচই আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কোনো সমস্যা নেই কারণ দলটাই সবার আগে।’

কোর্তোয়া তুলে নেওয়ার বিষয়ে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমার ভাবনা ছিল শতভাগ ফিট নয়, এমন খেলোয়াড়কে মাঠে না রাখা। আজ কোর্তোয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

কিন্তু বাস্তবতা হচ্ছে কোর্তোয়ার বদলি নামা গোলকিপারই পরে হারের কারণ হয়েছেন। ২৪ বছর বয়সী গোলকিপার সেনে লামেন্সের বিশ্বকাপে এটি ছিল প্রথম ম্যাচ। ৮৮তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার পাউ কুবারসির শট ঠিকঠাক গ্রিপ করতে না পারায় নাগালে পান মিকেল মেরিনো, যেখান থেকে গোল করতে ভুল করেননি এই স্প্যানিশ মিডফিল্ডার।

তবে ম্যাচ শেষে কোর্তোয়া বদলি গোলকিপারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘(খেলা শেষে) আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। ওই মুহূর্তে এর বেশি কিছু করার ছিল না। সে দারুণ একজন গোলকিপার। এই অভিজ্ঞতা থেকে সে আরও শক্ত হয়ে ফিরবে।’

এই অভিজ্ঞতা বড্ড কঠিন হয়ে গেল লামেন্সের জন্য। তার দল বিদায় নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

চোট পাওয়ার আগে কোর্তোয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। স্পেনকে আটকে রাখতে তিনি চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন। মাঠ ছাড়ার আগে একমাত্র গোলটি হজম করেন ৩০ মিনিটে, ফাবিয়ান রুইজের শট বাজেভাবে দিক পরিবর্তন করে জালে ঢুকে যাওয়ার কারণে। এছাড়া স্পেনের চাপের বিরুদ্ধে বল বিল্ডআপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি, ২৯টি পাসের মধ্যে ২২টি সফলভাবে সম্পন্ন করেন।

এই চলতি বিশ্বকাপে বেলজিয়ামের অন্যতম সেরা পারফর্মার ছিলেন কোর্তোয়া। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ছিল বিশ্বকাপে তার ২১তম ম্যাচ। এতে গোলরক্ষকদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এককভাবে তিনি দুই নম্বরে উঠে এসেছেন। শীর্ষে আছেন শুধুমাত্র জার্মানির ম্যানুয়েল নয়ার, যার ম্যাচসংখ্যা ২৩টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%