১০:৩০ এম
আজ শনিবার (৬ জুন) দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ভারতের জেন-জি নেতৃত্বাধীন অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এরই মধ্যে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছেন পার্টির প্রতিষ্ঠাতা বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অভিজিৎ দীপকে।
সানডে গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অভিজিৎ দিপকে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। সেখান থেকে তিনি সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বিক্ষোভের জন্য অনুমতি নিতে যাচ্ছেন।
অভিজিৎ দিপকে রাজধানী দিল্লিতে পৌঁছে বলেন, তিনি ‘যন্তর মন্তরে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমাদের এই আন্দোলন ভালোবাসা ও শান্তির মাধ্যমে পরিচালনা করতে হবে।’
আরও পড়ুন: ঔপনিবেশিক যুগ শেষ, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আনোয়ার ইব্রাহিম
খবরে বলা হয়েছে, তিনি আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির অনুমতি চাইতে থানায় যাচ্ছেন। আন্দোলনের সমর্থক ও শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনিও এই আন্দোলনে যোগ দেবেন।
दिल्ली पुलिस জানিয়েছে, শনিবার (৬ জুন) যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের জন্য ডিজিটাল সংগঠন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অনুমতির আবেদন তাদের কাছে পৌঁছায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সমাবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
পরিকল্পিত এই বিক্ষোভের মূল দাবি হলো, এনইইটি-ইউজি, সিবিএসই, সিইউইটিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক জাতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস ও কাঠামোগত অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। যন্তর মন্তরে অনুমতি চাওয়া এই কর্মসূচিতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) আজ দিল্লির যন্তর মন্তরে তাদের প্রথম বৃহৎ মাঠপর্যায়ের যুব আন্দোলনের আয়োজন করছে। অনলাইন ব্যঙ্গ-বিদ্রূপভিত্তিক আন্দোলন থেকে বাস্তব রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে রূপান্তরের অংশ হিসেবেই এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: এনসিপি আ.লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে দমনের আহ্বান জানালো
আন্দোলনকারীরা এনইইটি-ইউজি ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই-এর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) মূল্যায়ন ব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ধরছেন।
এর আগে চলতি সপ্তাহে দিপকে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ৬ জুন বোস্টন থেকে ভারতে ফিরবেন এবং বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।
গত বুধবার (৩ জুন) সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন ককরোচ জনতা পার্টি। সংবাদ সম্মেলন থেকে নেতারা এনইইটি, সিবিএসই ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ফলাফলের ত্রুটিসহ নানা বিতর্কের কারণে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
পাশাপাশি দাবি আদায়ে তারা শনিবার (৬ জুন) রাজপথে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করে, এনইইটি, এসএসসি, সিবিএসইসহ বিভিন্ন পরীক্ষায় বড় ধরনের অনিয়ম হয়েছে। এতে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্যর্থতার জন্য সরকার ও শিক্ষামন্ত্রীকে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন: রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: রিজভী
তথ্যসূত্র: খবর দ্য হিন্দু ও সানডে গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন