ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী


বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গণে সর্বত্রই নৈরাজ্য বিরাজ করছিল।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক দৃঢ়ের আশাবাদ স্পিকার হাফিজ উদ্দিনের

এ সম্মেলনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে— আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।’

আরও পড়ুন: বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার কথা উল্লেখ করে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ সময় প্রবাসে অবস্থানকালেও দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম আধুনিকায়ন নিয়ে ভেবেছেন। তাঁর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্ত্রী গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’

পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলে ৪৫ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক। শিক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নশীল হতে হবে।’

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার মাত্র ৬ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যায় বা বছর নষ্ট না করে, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন: গোপালগঞ্জে দুই দিনের লকডাউন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

কলেজ অধ্যক্ষদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিয়মিত ক্লাস নিশ্চিত করুন। জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করুন।’

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানিয়েছেন, নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন হয়েছে। তবে সচিব উল্লেখ করেছেন যে, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল ও বদলি জাতীয়করণের দাবির প্রেক্ষিতে আবদুল খালেক বলেন, "৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। এটি একটি কঠিন কাজ ছিল। তবে এই পে-স্কেল দেওয়া এখনও শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।"

তিনি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, "বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা সততা ও দক্ষতার সঙ্গে আপ্রাণ চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।"

তিনি আরও বলেন, "যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটি করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন এবং সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদান করেছি। কম্পিউটার, ল্যাব এবং নতুন বই দেওয়া হয়েছে।"

সরকারের আর্থিক সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।"

এ সময় শিক্ষা সচিব আবদুল খালেক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে দুই দিনের লকডাউন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


গোপালগঞ্জে দুই দিনের লকডাউন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

গোপালগঞ্জে দুই দিনের লকডাউন কর্মসূচি উপলক্ষে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও জেলার জনজীবন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল থেকেই গোপালগঞ্জ জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দৃশ্যমান হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। ড্রোনের মাধ্যমে এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, দায়িত্ব পালনরত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, কঠোর নিরাপত্তা ও প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করে যাচ্ছে। শনিবার বিকেলে জেলার ঘোনাপাড়া এলাকায় গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলার সব উপজেলা সদরে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর জেলা সদরসহ সব উপজেলা সদরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

তবে এসব রাজনৈতিক কর্মসূচির মধ্যেও শনিবার সকাল থেকে পুরো জেলায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যাংকের এটিএম বুথগুলোতেও গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করতে দেখা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন তারা। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিতলমারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির স্টাফ রিপোর্টার:

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


চিতলমারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বিধান ব্রহ্ম ও কৌশিক সাহা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবনের উপকূলীয় জেলা বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান কুমার ব্রহ্ম (৫৫) এবং উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক কৌশিক সাহা (৩৩)।

পুলিশ জানায়, বিধান কুমার ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের মৃত কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে। তিনি কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে কৌশিক সাহা উপজেলা সদর বাজার এলাকার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় কালশিরা এলাকা থেকে বিধান কুমার ব্রহ্ম এবং সদর বাজার এলাকা থেকে কৌশিক সাহাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। শনিবার (২৮ নভেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।##  (ছবি সংযুক্ত আছে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের তৃতীয় বর্ষের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে রংপুরের দর্শনা মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আফিক হাসান অভি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, একজন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া, এ ধরনের অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে, শিক্ষার্থী আফিক হাসান অভির মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%