০৯:১৪ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি একটি ঘটনা উদ্ঘাটন করেছে, যেখানে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার না করে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা করা হয়েছে।
এই ঘটনায় সরকারের প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে রপ্তানি পণ্যচালানে অভিযান পরিচালনা করে এই অনিয়ম উদ্ঘাটন করা হয়।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম এই অভিযান পরিচালনা করে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেডের নামে দাখিল করা বিল অব এক্সপোর্ট নম্বর সি-৭৭০৯৯৪-এর আওতাধীন পণ্য চালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
রপ্তানিকারক প্রতিষ্ঠানটি চালানে তিন ধরনের পণ্য হিসেবে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট ঘোষণা করেছিল। তবে পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮ পিস পোশাক পাওয়া যায়।
চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার এবং এর গন্তব্য ছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউডি নম্বর ২৬/৩৬৩১/০১০-এর অধীনে শুল্কমুক্তভাবে আমদানি করা বিভিন্ন ধরনের সুতা, কাপড় তৈরির কাঁচামাল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রপ্তানি না করে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করে।
এ সময় বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে অপসারণের বিষয়টিও উদ্ঘাটিত হয়।
কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন